নতুন বছরে তারুণ্যের স্বপ্ন
>জীবন থেকে একটি বছর ঝরে গেল। তবে একই সঙ্গে যোগ হলো নতুন আরও একটি বছর। বিগত বছরে কী হয়েছে, কী হয়নি এই হিসাব-নিকাশ তুলে রেখে ২০১৭ সাল নিয়ে স্বপ্ন দেখছেন তরুণেরা। নিজের ক্যারিয়ার, দেশ, নগর ও সমাজের পিছিয়ে পড়া মানুষজন নিয়ে স্বপ্নের কথা বলেছেন চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চার তরুণ। সাক্ষাৎকার নিয়েছেন শিহাব জিশান

অধিকারবঞ্চিত মানুষের মানবাধিকারের জন্য কাজ করতে চাই
ফয়সাল বিন মনির
স্নাতক, চতুর্থ বর্ষ, আইন বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
ছোটবেলা থেকেই আইন বিষয়ে পড়ালেখা করার স্বপ্ন দেখতাম। সেই চাওয়া অনেকটাই পূরণ হয়েছে। আইন বিষয়ের প্রতি একধরনের আবেগ ও ভালোবাসা কাজ করে। তাই নতুন বছরে একাডেমিক ফলাফলের ধারাবাহিকতা অবশ্যই ধরে রাখতে চাই। আমার স্বপ্ন পড়ালেখা শেষ করে শিক্ষকতার মতো মহান পেশায় নিজেকে নিয়োজিত করে দেশের জন্য কিছু করা। সেই স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার একটি ধাপ ২০১৭। নতুন বছরে নতুন প্রত্যয় নিয়ে এই ধাপটিও যাতে সফলতার সঙ্গে পার হতে পারি সেই চেষ্টা অব্যাহত রাখব। নতুন বছরে পড়ালেখার পাশাপাশি দেশের জন্য কিছু কাজ করতে চাই। কোনো একটি ভালো সংগঠনে যুক্ত হয়ে সমাজের সুবিধাবঞ্চিত শিশু ও অধিকারবঞ্চিত মানুষের মানবাধিকারের জন্য কাজ করতে চাই। আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশ কখনোই এগিয়ে যেতে পারে না। নতুন বছরে এসব মানুষের অধিকার সম্পর্কে সচেতন করে তুলব। সেই সঙ্গে ২০১৭ সালে চট্টগ্রামকে জলাবদ্ধতা, দূষণ ও যানজট মুক্ত নাগরিকবান্ধব নগর হিসেবে দেখতে চাই।

মুক্তিযুদ্ধ বিষয়ে গ্রামের শিক্ষার্থীদের নিয়ে পাঠচক্র করব
নিহার দাশ
স্নাতকোত্তর, প্রথম বর্ষ, আইন বিভাগ
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়
বর্তমান প্রজন্মের অনেকেই মুক্তিযুদ্ধ সম্পর্কে তেমন বেশি জানে না। বিশেষ করে গ্রামের বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ সম্পর্কে খুব একটা ধারণা নেই বললেই চলে। পাঠ্যবইয়ের মুক্তিযুদ্ধবিষয়ক লেখার মধ্যেই তাদের জ্ঞান সীমাবদ্ধ। বিগত কয়েক মাস অনেক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এ বিষয়টা বুঝতে পেরেছি। ২০১৭ সালে আমি আমার বন্ধুদের সঙ্গে নিয়ে গ্রামের বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে মুক্তিযুদ্ধের বই নিয়ে পাঠচক্রের আয়োজন করতে চাই। সেই সঙ্গে এসব শিক্ষার্থীদের বিতর্ক শেখাতে চাই। যাতে তারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যুক্তির আলোয় আলোকিত হয়ে ভবিষ্যতে সমাজ বদলে ভূমিকা রাখতে পারে। মুক্তিযুদ্ধের সময় সংঘটিত বর্বর গণহত্যার বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পর্কে অনেকের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে। একজন আইনের ছাত্র হিসেবে আমি এ বিষয়ে কাজ করতে চাই, যাতে সাধারণ মানুষের ভুল ধারণাগুলো দূর হয়। অদূর ভবিষ্যতে আমি মুক্তিযুদ্ধের বিভিন্ন অজানা স্মৃতি সংগ্রহ ও সংরক্ষণ করার পাশাপাশি এ বিষয় নিয়ে গবেষণা করতে চাই।

নারীশিক্ষার বিষয়ে সচেতনতা তৈরিতে কাজ করব
তাসনিম আহমেদ চৌধুরী
স্নাতক, দ্বিতীয় বর্ষ
ব্যবসায় প্রশাসন বিভাগ, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়
অনেক স্বপ্ন ভাঙার গ্লানি নিয়ে দেখতে দেখতে শেষ হয়ে গেল একটি বছর। প্রত্যাশা ও স্বপ্ন পূরণের লক্ষ্য নিয়ে শুরু হলো নতুন বছর। নতুন বছরে শিক্ষাজীবনে অবশ্যই ভালো ফলাফল করতে চাই। সিজিপিএ ধরে রাখতে চাই। এ কারণে নিয়ম মেনে প্রতিদিন ক্লাস করার পাশাপাশি বাসায় পড়ালেখা অব্যাহত থাকবে। পড়ালেখার পাশাপাশি নতুন বছরে খণ্ডকালীন চাকরিতে যোগ দেওয়ার ইচ্ছা আছে। কোনো একটি বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষিকা হিসেবে যোগ দিতে চাই। সেই সঙ্গে শুরু করতে চাই উপস্থাপনা। চট্টগ্রামে নারীশিক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করতে অনেকেই কাজ করেছেন। ২০১৭ সালে এ বিষয়ে বৃহৎ পরিসরে কাজ করতে চাই। নতুন বছরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করব।

নতুন বছরে ভালো একটা মঞ্চ চাই
বেনজির বিনতে শওকত
স্নাতক, তৃতীয় বর্ষ
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগ
চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়
আরও একটি নতুন বছর মানে অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করার আরও একটি সুযোগ। জন্মসূত্রে চট্টগ্রামের মেয়ে বলে সেই ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছি। তবে প্রীতিলতা ও সূর্য সেনের চট্টগ্রামে সংস্কৃতির যতটা অগ্রগতি হওয়ার কথা ছিল, তা হয়নি। নগরে শিল্পী ও সংস্কৃতিপ্রেমী মানুষের অভাব না থাকলেও অভাব আছে ভালো মঞ্চের। একজন বাচিকশিল্পী হিসেবে আশা করি, নতুন বছরে নগরে উন্নত মানের একটা মঞ্চ হবে। আশা রাখছি, বছরের শুরুতেই চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনের উন্নয়নকাজ শেষ হবে।
চট্টগ্রামে বেশ কিছু পুরোনো সাংস্কৃতিক সংগঠন রয়েছে যেসব টাকার অভাবে তেমন একটা কাজ করতে পারছে না। সরকারি অনুদান পেলে হয়তো এই সংগঠনগুলো ভালো কিছু উপহার দিতে পারবে। সব মিলিয়ে ২০১৭ সালে চট্টগ্রামে একটা গোছালো সংস্কৃতির পরিমণ্ডল পাব বলে আশা করছি। পাশাপাশি নতুন বছরে নিজেকে আরও বেশি সমৃদ্ধ করতে চাই বই পড়া ও আবৃত্তিচর্চার মাধ্যমে।