চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালনাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাসিক বেতন দ্বিগুণ হারে বাড়ছে, যা কার্যকর হচ্ছে চলতি জানুয়ারি মাস থেকেই। বৃদ্ধি করা হয়েছে ভর্তি ফিও। ভর্তুকি কমানোর জন্য সিটি করপোরেশন সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান করপোরেশনের সচিব। এর আগে জুন মাসে কলেজ শাখার বেতন বাড়ানো হয়।
দ্বিগুণ হারে বেতন-ফি বৃদ্ধির বিষয়টি সমর্থনযোগ্য নয় বলছেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সিটি করপোরেশন শিক্ষার্থীদের বেতন-ফি একেবারেই দ্বিগুণ করে ফেলেছে। যা সমর্থনযোগ্য নয়। এতে করে অভিভাবকদের ওপর চাপ বাড়বে।’ এ ছাড়া এই সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত সোমবার চট্টগ্রামের ৩২ জন বিশিষ্ট ব্যক্তি যৌথ বিবৃতি দিয়েছেন।
এদিকে বেতন-ফি বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত ২৯ ডিসেম্বর দুপুরে নগরে মিছিল-সমাবেশ করেছে ছাত্র ফ্রন্ট। একই দাবিতে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জোবাইরা নার্গিস খানকে স্মারকলিপি দিয়েছে সংগঠনটি।
সিটি করপোরেশন সূত্র জানায়, এবার ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ভর্তি ফি ও মাসিক বেতন বাড়ানো হয়েছে। গত ৬ ডিসেম্বর অনুষ্ঠিত করপোরেশনের সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ষষ্ঠ শ্রেণিতে ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫৪০ টাকা। আগে এই ফি ছিল ১ হাজার ৮১৫ টাকা। এই শ্রেণিতে মাসিক বেতন ৭৫ থেকে দ্বিগুণ বাড়িয়ে ১৫০ টাকা করা হয়েছে। সপ্তম ও অষ্টম শ্রেণির ভর্তি ফি করা হয়েছে ২ হাজার ৫৫০ টাকা। গতবার এই ফি ছিল ১ হাজার ৯০০ টাকা। এই দুটি শ্রেণিতে মাসিক বেতন ৮০ থেকে বাড়িয়ে ১৬০ টাকা করা হয়েছে। নবম ও দশম শ্রেণির ভর্তি ফি ১ হাজার ৯৫০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৭৪০ টাকা করা হয়েছে। মাসিক বেতন ১০০ থেকে দ্বিগুণ বাড়িয়ে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া গত জুনে কলেজগুলোতে ভর্তি ফি ও বেতন বাড়ানো হয়। কলেজের বিজ্ঞান শাখার বেতন ১৫০ থেকে ১৮০ টাকা করা হয়। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের মাসিক বেতন ৩০ টাকা থেকে বাড়িয়ে করা হয় ১২০ ও ১৫০ টাকা। কলেজে ভর্তির সময় সংস্থাপন ফি ৫০০ টাকা থাকলেও এবার করা হয়েছে ১ হাজার টাকা। এ ছাড়া উন্নয়ন ফি খাতে ১ হাজার টাকা নেওয়া হয় শিক্ষার্থীদের কাছ থেকে। আগে এই খাতে কোনো টাকা নেওয়া হতো না।
শিক্ষার্থীদের বেতন বাড়ানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকেরা। কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও লামা বাজার এ এস সিটি করপোরেশন বালক উচ্চবিদ্যালয়ের চার শিক্ষার্থীর দুই অভিভাবক ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, নগরের অন্যান্য বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন বেশি হওয়ায় সন্তানদের সিটি করপোরেশনের বিদ্যালয়ে ভর্তি করানো হয়েছে। এখানে বেতন-ফি বাড়লে সন্তানদের পড়ানো কষ্টকর হয়ে যাবে। সিটি করপোরেশন একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি যদি বেতন-ফি বাড়ায় তাহলে নিম্নবিত্ত অভিভাবকেরা কোথায় যাবেন। তাই সিটি করপোরেশনের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
সিটি করপোরেশনের সচিব রশিদ আহমদ গত ২৯ ডিসেম্বর দুপুরে মেয়রের কার্যালয়ে প্রথম আলোকে বলেন, ‘সরকার নতুন বেতন স্কেল ঘোষণা করেছে। এখন সিটি করপোরেশনের পরিচালনাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়াতে হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় বিপুল অর্থ ভর্তুকি দিতে হচ্ছে। তাই করপোরেশনের ভর্তুকি কমাতে অনেক চিন্তাভাবনা ও আলোচনার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে বেতন-ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা জানুয়ারি থেকে কার্যকর হবে।’ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জোবাইরা নার্গিস খানও একই কথা বলেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, সিটি করপোরেশনের পরিচালনায় ৪৬টি বিদ্যালয় ও ১৮টি কলেজ রয়েছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করে। শিক্ষক ও কর্মচারী রয়েছেন ১ হাজার ৬০০।
সিটি করপোরেশনের শিক্ষা বিভাগের তথ্যমতে, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় বছরে প্রায় ৪২ কোটি ৮৩ লাখ টাকা ব্যয় হয়। তবে আয় হয় ২৩ কোটি টাকা । প্রতিবছর এই খাতে ভর্তুকি দিতে হয় প্রায় ১৯ কোটি টাকা। বেতন বাড়ালে এই ভর্তুকি ১০ শতাংশ কমতে পারে বলে জানান সিটি করপোরেশনের সচিব রশিদ আহমদ।