নতুন বছরের উপহার

নতুন বছর আসার বার্তা সবচেয়ে ভালো বোঝা যায় অফিসে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাঠানো বর্ষপঞ্জি, ডায়েরি, মগ বা শুভেচ্ছা কার্ড জমতে থাকে টেবিলে। সাধারণত এটা শুরু হয় ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে, চলে জানুয়ারি জুড়ে। প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানে উপহার দেওয়ার এই প্রচলন সম্পর্ককে আরও সুন্দর করে।
তৈরি পোশাক সেলাই মেশিনের প্রতিষ্ঠান জুকি বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজার সৈয়দ রেদওয়ানুর রহমান নিজ প্রতিষ্ঠানের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের জন্য উপহার পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন নতুন বছরের শুরুতেই। তাঁদের প্রতিষ্ঠান থেকে পাঠানো উপহারের তালিকায় থাকে ডায়েরি, ডেস্ক ক্যালেন্ডার, কার্ডহোল্ডার, পেনড্রাইভ, মগ, চাবির রিং, ক্যাপ, মাউস প্যাড, ফাইল ব্যাগ, কলম ইত্যাদি। সৈয়দ রেদওয়ানুর রহমান বলেন, ‘যেহেতু আমাদের সেলাই মেশিন প্রতিষ্ঠান, তাই আমরা উপহারের তালিকায় কাপড় মাপার ফিতা ও পোলো শার্ট রেখেছি।’ এ ছাড়া অফিসে রেখেছেন ভরপুর চকলেট। অতিথি এলেই চকলেট দিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান। কার্ড, ক্যালেন্ডার, ডায়েরি ইত্যাদি গতানুগতিক উপহারের বাইরেও আজকাল সময় উপযোগী উপহার দেওয়ার প্রচলন দেখা যাচ্ছে।
পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের জনসংযোগ ব্যবস্থাপক নাভিদ হাসান তদারকি করছেন তাঁদের শুভানুধ্যায়ীদের উপহার দেওয়ার কাজটা। কয়েক ধরনের উপহার থাকে তাঁদের তালিকায়। ফুলের তোড়া তো সব সময়ই বিশেষ। সেটা আছে তাঁদের তালিকায়। আরও আছে পাসপোর্ট হোল্ডার ও শুভেচ্ছা কার্ড। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে এমন স্মারক রেখেছেন তাঁরা। বিশেষ অতিথিদের জন্য বিশেষভাবে তৈরি কেক থাকে সোনারগাঁওয়ের পক্ষ থেকে।
এসবের বাইরে চিন্তা করতে পারেন ভিন্ন কিছু। অনেক প্রতিষ্ঠান উপহার হিসেবে চিত্রকর্ম দিয়ে থাকেন। বাজেটের ওপর নির্ভর করে তরুণ বা পরিচিত শিল্পীর আঁকা চিত্রকর্ম কিনে পাঠাতে পারেন। ছবির ফ্রেমও একটি ভালো উপহার। সৃজনশীল ও চলতি ধারার নতুন কিছু উপহার দেওয়ার পরামর্শ দিলেন গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশ লিমিটেডের ক্রিয়েটিভ সুপারভাইজার তাওহিদ মিল্টন। তিনি বলেন, যাঁকে উপহার দেওয়া হবে, তাঁর পছন্দ বা চাহিদা বুঝে দিলে ভালো হয়। তবে তা নির্ভর করবে বাজেটের ওপর। তিনি ব্যাখ্যা করলেন, অনেকেই গান শুনতে পছন্দ করেন। তাঁকে মিউজিক প্লেয়ার কিংবা বাজেট কম হলে গানের সিডি উপহার দেওয়া যেতে পারে। সাউন্ড বক্স, হেডফোন, গিটার বা অন্য কোনো বাদ্যযন্ত্র দিলেও খুশি হবেন।
যিনি ভ্রমণ করতে ভালোবাসেন, তাঁকে ট্রাভেল কিট দিন। তাঁবু, জিপিএস, সানগ্লাস ইত্যাদি দেওয়া যেতে পারে।
কেউ কেউ থাকেন স্বাস্থ্যসচেতন। তাঁকে দেওয়া যায় ওজন মাপার মেশিন, ইয়োগা ম্যাট, ভালো পুষ্টিবিদের মাধ্যমে এক বছরের ডায়েট চার্ট, ব্যায়ামের বই ইত্যাদি।
·হাতে তৈরি ভিন্ন কার্ডে শুভেচ্ছাবাণী লিখে পাঠাতে পারেন। িদতে পারেন ঘরের ভেতর রাখার গাছ।
গতানুগতিক ক্যালেন্ডার না দিয়ে, ডিজিটাল ক্যালেন্ডার পাঠাতে পারেন।
বইপ্রেমীদের বই উপহার দেওয়া যায়। দুর্লভ বই ছাপা কপি না পেলেও সমস্যা নেই। যাঁকে পাঠাবেন, তিনি টেকস্যাভি হলে ই-বুকে সমাধান মিলবে। এই ধরনের লোকের জন্য উপহার হতে পারে এক বছরের জন্য ই-বুক পাঠকের রেজিস্ট্রেশন ফি। অথবা দিতে পারেন কোনো নামী ম্যাগাজিনের এক বছরের সাবস্ক্রিপশন।
সিনেমাপ্রেমীদের দিয়ে দিন ব্লকব্লাস্টার বা সিনেপ্লেক্সের এক বছরের সাবস্ক্রিপশন। বাজেট কম হলে দুটো সিনেমার টিকেট উপহার দিলেও মন্দ হবে না।