নতুন বছরের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ২৮ ডিসেম্বর পঞ্চগড় সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে পঞ্চগড় বন্ধুসভা বিজয় শপথ অনুষ্ঠানের আয়োজন করে
গত ২৮ ডিসেম্বর পঞ্চগড় সরকারি বালিকা বিদ্যালয় চত্বরে পঞ্চগড় বন্ধুসভা বিজয় শপথ অনুষ্ঠানের আয়োজন করে

এ লেখা যখন আপনারা পড়ছেন, তখনো অনেকে মৌচাক থেকে বাড়ি ফিরছেন। সারা দেশের বন্ধুরা উপস্থিত হয়েছিলেন গাজীপুরের স্কাউট মাঠে। গতকাল মহা আনন্দের মধ্য দিয়ে শেষ হয়েছে বন্ধুসভা জাতীয় সমাবেশ।
অনেক আনন্দের মধ্য দিয়ে শুরু হলো ইংরেজি নতুন বছর। আশা করি, সারা বছরটা সবার আনন্দে কাটবে।
জাতীয় সমাবেশের বিস্তারিত আমরা দেখতে পাব আগামী রোববারের বন্ধুসভার পাতায়।
জেঁকে বসেছে শীত। ইতিমধ্যে বেশ কয়েকটি বন্ধুসভা শীতবস্ত্র বিতরণ করেছে। তারা নিশ্চয়ই সংগ্রহ করে দিয়েছে এই শীতবস্ত্র। আমাদের কিছু সুযোগ থাকবে ঢাকা থেকে শীতবস্ত্র পাঠানোর। আমাদের বন্ধুসভার বন্ধুরাই সেগুলো পৌঁছে দেবেন শীতার্ত মানুষের মাঝে।
বিজয় শপথ আয়োজনও শেষ হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে। বন্ধুরা, চাইলে প্রতিবছরই আমরা বিজয় শপথ আয়োজনের ব্যবস্থা করতে পারি। ২০১৬ সালের শেষে আমরা পুরস্কার ঘোষণা করতে চাই। সারা বছর ধরে সার্বিক অর্থে যারা ভালো কাজ করবে তাদের সেরা ঘোষণা করা হবে। আমরা ২০টি বন্ধুসভাকে সেরা ঘোষণা করব। যাদের থাকবে নিজস্ব অনুষ্ঠান। বছরে যাদের থাকবে বড় একটি আয়োজন। ঢাকা থেকে নির্ধারিত অনুষ্ঠানের বাইরের আয়োজনগুলোকে সেরা ঘোষণার ক্ষেত্রে বিবেচনায় রাখা হবে। আরও যাদের থাকবে নিবন্ধনভুক্ত সবচেয়ে বেশি বন্ধু। যাদের থাকবে ব্যতিক্রমী কাজ। যাদের থাকবে নিয়মিত কর্মসূচি। বছরের শেষে এই পুরস্কার ঘোষণা করা হবে।
২০১৬ হবে বইপড়া কর্মসূচি ও বিতর্ক চর্চার বছর। এ বছর এ দুটি বিষয়কে আমরা গুরুত্ব দেব। প্রতিটি বন্ধুসভার সদস্যকে এ দুটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। এ দুটি বিষয় বাদ দিয়ে কোনো বন্ধুসভা যদি অনেক ভালো কাজও করে, তাহলেও তাদের সেরা ২০ বন্ধুসভার তালিকায় স্থান হবে না।
১০ অক্টোবরের সম্মেলনে প্রায় সব বন্ধুসভাই তাদের কাজের তালিকা জমা দিয়েছে। সেটা তারা পরিবর্তন করে নিতে পারে বা সংযোজন-বিয়োজন করে নিতে পারে। যদি প্রয়োজন হয় কর্মসূচিটা আপনারা সাজিয়ে নিতে পারেন নতুন বছরকে ধরে। প্রতিটি কমিটির মেয়াদ এক বছরই থাকে। তবে অক্টোবর থেকে মেয়াদ শুরু হয়েছিল—সেটার পরিবর্তে মেয়াদ হবে ১ জানুয়ারি ২০১৬ থেকে।
এখন থেকে নতুন কমিটির যাত্রা শুরু হবে পয়লা জানুয়ারি থেকে। বছরের শেষ সপ্তাহেই নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শেষ করতে হবে।
সভাপতি, প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ