এর আগে আর কখনো হয়নি। একই সঙ্গে সারা দেশের বন্ধুসভার কমিটি গঠন। গত ডিসেম্বর ছিল কমিটি গঠনের মাস। কমিটির সদস্যদের বিস্তারিত অনেক বন্ধুসভাই আমাদের কাছে পাঠিয়েছে। এখনো যেসব বন্ধসভা পাঠায়নি, তাদের এ মাসের মধ্যে পাঠাতে বলি। অনেক বন্ধুসভাই কমিটির সদস্যদের নিয়ে গ্রুপ ছবি পাঠিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে এত ছবি আমরা ছাপাব কীভাবে? বা এত কমিটি মেম্বারের নামই বা ছাপা হয় কী করে। তাই এ সমস্যাটা মেনে নিতে হবে। আগের মতো কমিটি আর কমিটির ছবি ছাপা সম্ভব হচ্ছে না।
কমিটির সঙ্গে সঙ্গে বন্ধুসভার বার্ষিক পরিকল্পনাও পেয়েছি। যাঁরা আমাদের কাছে কমিটি ও বার্ষিক পরিকল্পনা পাঠিয়েছেন, তাঁদের জাতীয় পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন জানাই।
২০১৭ সালের ১৫ দিন চলছে আজ। দেখতে দেখতেই বছর কেটে যায়। এ বছরের শেষ দিকে আমাদের বন্ধু সম্মেলন করার কথা রয়েছে গাজীপুরে।
এ বছরটাতে আমরা বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিতে চাই। এক. বন্ধুসভার সদস্যদের মান উন্নয়ন, দুই. নিয়মিত বই পড়া কর্মসূচি, তিন. বিতর্কচর্চা, চার. সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি ও পাঁচ. মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার চেষ্টা করা এবং শুদ্ধ করে জাতীয় সংগীত গাওয়ার যোগ্যতা অর্জন।
বাকি অন্য কাজ তো আমাদের থাকছেই। আমরা চাই প্রত্যেক কার্যকরী সদস্য যেন নিজ নিজ ক্ষেত্রের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করেন। সাহিত্য সম্পাদক যদি একটি দেয়াল পত্রিকা বা ভাঁজপত্র অথবা একটি ম্যাগাজিন প্রকাশ করেন, নারী সম্পাদক যদি অন্তত নারী দিবসটা পালনের দায়িত্ব নেন, ক্রীড়া সম্পাদক যদি একটি ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেন, তাহলে আমরা সারা বছরই নানা আয়োজন নিয়ে ব্যস্ত থাকতে পারি। আমি মাত্র তিনটি পদের কথা বললাম, এর বাইরেও থাকছেন ২২ জন সদস্য।
অনেক ক্ষেত্রে আমরা শুধু কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদককেই চিনি বা তাঁদের সঙ্গেই যোগাযোগ বেশি হয়। আমরা চাই কমিটির সবার সঙ্গে, কমিটির বাইরের সদস্যদের সঙ্গেও আমাদের যোগাযোগ বৃদ্ধি পাক। সবাই যেন অবলীলায় জাতীয় পর্ষদের সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারেন।
কিছু কিছু জিনিস আমাদের বারবার বলতে হয়। ধূমপান বন্ধুসভার সব সদস্যের জন্য নিষিদ্ধ। কোনো ধূমপায়ী বন্ধুসভার কার্যকরী কমিটির সদস্য হিসেবে থাকতে পারবেন না।
কমিটির প্রত্যেক সদস্যের ই-মেইল আইডি থাকতে হবে। বন্ধুসভার পেজে লাইক দেওয়া প্রত্যেক বন্ধুর জন্য বাধ্যতামূলক। বন্ধুসভায় নিয়মিত বৈঠকের আয়োজন থাকতে হবে। বৈঠকের সিদ্ধান্তগুলো লিখিতভাবে সংরক্ষণ করতে হবে। সব কর্মসূচি বা অনুষ্ঠানের সিদ্ধান্ত বৈঠকগুলোতে গ্রহণ করতে হবে।
বন্ধুসভার গঠনতন্ত্র সবারই পড়ে নিতে হবে। সব সদস্যের জন্য চাঁদা বাধ্যতামূলক। অনেক কিছু বলে ফেললাম। এর বাইরেও তো কত কিছু আছে। সেগুলো আজ আর নয়।
পুনশ্চ: বন্ধুসভা সম্পর্কে যেকোনো পরামর্শ, মতামত থাকলে বন্ধুসভার ই-মেইলে জানাতে পারেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকলাম।
সভাপতি: প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ।