
নতুন সম্ভাবনা নিয়ে আসছে নতুন বছর, ২০১৫। আমরা চাই, ভবিষ্যতে একজন দক্ষ তথ্যপ্রযুক্তিবিদ হব, ভালো চিকিৎসক হব অথবা হব একজন ভালো শিল্পী। সে জন্য আগামী বছরটা নিবেদন করার কথা ভাবি। কিন্তু সেই স্বপ্ন বা চাওয়া কীভাবে সফল করব? বিষয়টি নিয়ে নিউইয়র্ক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব হ্যামবার্গের মনোবিজ্ঞানের অধ্যাপক গ্যাব্রিয়েল ওয়েটিনজেন গবেষণা করেছেন। তাঁর লেখা রিথিংকিং পজেটিভ থিংকিং বইয়ে তিনি মূলত কোনো স্বপ্ন বা অঙ্গীকার পূরণের উপায়গুলো ব্যাখ্যা করে বলেছেন, শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয়। সেই সঙ্গে থাকতে হবে স্বপ্ন পূরণের প্রেরণা। সেই প্রেরণা আসবে কোথা থেকে, সেটাই আসল প্রশ্ন। আসুন, আমরা স্বপ্ন পূরণের কতগুলো উপায় জেনে নেই।
১. প্রথম শর্ত তো অবশ্যই স্বপ্ন দেখতে পারা। এ গুণটি অবশ্যই থাকতে হবে। যাকে বলে পজেটিভ থিংকিং, সেটা অবশ্যই থাকবে। সুনির্দিষ্ট উচ্চাশা না থাকলে জীবনে অসাধ্য সাধন করা যায় না।
২. তবে সেটা যেন দিবাস্বপ্নের মতো ব্যাপার না হয়। আমাদের অনেকের মধ্যে এ রকম প্রবণতা থাকে। মনে মনে স্বপ্ন পুষে রাখি। আমরা অনেকেই ভাবি, স্বপ্ন দেখতে থাকি, সাফল্য আসবেই! এ রকম কিন্তু হয় না। স্বপ্নের পাশাপাশি থাকতে হবে মোটিভেশন বা প্রেরণা। অন্ধ আশাবাদ সুফল দেয় না। এর পেছনে একটি মনস্তাত্ত্বিক বিষয় কাজ করে। যখন আমরা ভাবি সাফল্য অনিবার্য, তখন রক্তচাপ কমে যায়। উত্তেজনা থাকে না। একধরনের নিষ্ক্রিয় আত্মতৃপ্তি আসে। কিন্তু যদি আমরা ভাবি, স্বপ্ন পূরণের পথে অনেক বাধা পেরোতে হবে এবং সেই বাধাগুলো অতিক্রমের উপায় নিয়ে চিন্তাভাবনা করি, তখন রক্তচাপ বাড়ে, কাজে গতি আসে। আত্মতৃপ্তি আরামদায়ক হতে পারে, কিন্তু এতে কাজের প্রেরণা থাকে না।
৩. ড.ওয়েটিনজেন স্বপ্ন বাস্তবায়নের জন্য মনস্তাত্ত্বিক বৈপরীত্য (মেন্টাল কনট্রাস্ট) পদ্ধতি নিয়ে গবেষণা করেন। তিনি দেখেন, যদি শুধু ‘তুমি অবশ্যই পারবে’ ধরনের মনোভাব কাজ করে, তাহলে হবে না। স্বপ্ন পূরণের পথে বাস্তব বাধাগুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে সেগুলো কাটিয়ে ওঠার বাস্তবভিত্তিক সমাধানের বিষয়ে প্রাধান্য দিলে সাফল্যের সম্ভাবনা অনেক বেড়ে যায়।
মনে হয়, এ তো সাধারণ ব্যাপার। কিন্তু দেখা গেছে ছয়জনে মাত্র একজন এভাবে চিন্তা করেন। সাইকোথেরাপিস্টরা কারও ব্যর্থতা নিয়ে অনুসন্ধানের সময় খুব কমই সক্রিয় অনুপ্রেরণার বিষয়টি খুঁজে দেখেন।
৪. স্বপ্ন সফলের জন্য চারটি জিনিস দরকার: স্বপ্ন দেখতে পারা, ফলাফল সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা, সম্ভাব্য বাধাগুলো ভেবে দেখা এবং সেগুলো অতিক্রমের বাস্তবভিত্তিক উপায় বের করা।
সূত্র: নিউইয়র্ক টাইমস, বিজ্ঞান বিভাগ, ২৩ ডিসেম্বর, ২০১৪