নতুন বছরের প্রথম দিন থেকে বহদ্দারহাট উড়াল সড়কের অবশিষ্ট গার্ডার নির্মাণের কাজ শুরু হচ্ছে। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ৪৬টি গার্ডারকে নির্দিষ্ট জায়গায় সরিয়ে ক্রস গার্ডার নির্মাণকাজ শেষ হয়েছে। উড়াল সড়কের নির্মাণ প্রতিষ্ঠান মীর আখতার এন্টারপ্রাইজের ব্যবস্থাপক নাসির উদ্দিন এ তথ্য জানিয়ে প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে কাজ শুরুর জন্য সব আয়োজন শেষ হয়েছে। এরই মধ্যে ক্রস গার্ডারগুলোর নির্মাণ শেষ করেছি। যথাসময়ে সব কাজ শেষ হলে আগামী এপ্রিলের মধ্যে উড়াল সড়ক উদ্বোধন করা সম্ভব হবে আশা করছি।’ জানা যায়, উড়াল সড়কের কাজ শেষ করতে আরও ৩৪টি গার্ডার নির্মাণ করতে হবে। ইতিমধ্যে ওই এলাকায় বেষ্টনী নির্মাণ করা হয়েছে। লোকজনের চলাফেরাও সীমিত করা হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের শীর্ষে থাকায় সরকারি অন্যান্য প্রতিষ্ঠানও এ ক্ষেত্রে সহযোগিতা করছে। সেনাবাহিনীর একটি দলও নিয়মিত ওই এলাকা পরিদর্শন করছে। চউক চেয়ারম্যান আবদুচ ছালাম প্রথম আলোকে বলেন, ‘এটি সরকারি অগ্রাধিকার প্রকল্পের একটি। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’ তিনি বলেন, ‘গার্ডার ধসের পর প্রাথমিকভাবে কিছু সমস্যা হলেও চট্টগ্রামের মানুষ আমাকে বুঝতে পেরেছে।’