নতুন বছরের শুভেচ্ছাবার্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করপোরেট উপহারে যুক্ত হচ্ছে নিত্যনতুন ভাবনা। ছবি: নকশা
করপোরেট উপহারে যুক্ত হচ্ছে নিত্যনতুন ভাবনা। ছবি: নকশা

দেয়ালে ঠাঁই হয়েছে নতুন বর্ষপঞ্জির। এর মানে শুরু হয়েছে নতুন আরেকটি বছর। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে কার্ড পাঠানোর, উপহার দেওয়ার রীতি বহু আগের। পরিবার, প্রিয়জন ছাড়াও এখন শুরু হয়েছে অফিস থেকে অফিসে উপহার বিনিময়ের প্রথা৷ করপোরেট প্রতিষ্ঠানগুলোর নতুন বছরের বিনিময়ে যুক্ত হচ্ছে নিত্যনতুন ভাবনা৷

ফ্যাশন হাউস আড়ংয়ের বিপণন বিভাগের কর্মকর্তা আজমেরী আকতার বলেন, ডিসেম্বর থেকেই উৎসবের আমেজটা শুরু হয়ে যায়। সেখানে নতুন বছরের আগমন তো রয়েছেই। আর উৎসব মানেই টুকিটাকি কিছু উপহার। সেই হিসেবে অফিস-আদালতের সহকর্মীদের জন্যও বিশেষ ধরনের কিছু উপহার দেওয়া যেতে পারে। দেওয়া যেতে পারে বিভিন্ন ডিজাইনের মগ, সাজিয়ে রাখার বিভিন্ন বাক্স, ছবির ফ্রেম, ডায়েরি, পেন হোল্ডার কিংবা ছোট পাত্রে কোনো গাছ।

নানা রকম মগ

অফিসের উপহারের তালিকায় মগ যেন সব সময়ে থাকবেই। তাই আজকাল বিভিন্ন ডিজাইন ও আকৃতির মগ পাওয়া যাচ্ছে। এখন আবার নিজের ইচ্ছামতো কিছু লিখে বা কার্টুন, ছবি আঁকিয়েও মগ তৈরি করে নেওয়া যায়। এ ছাড়া আজকাল কাঠের তৈরি মগও পাওয়া যায়। এ ধরনের মগ অফিসের ডেস্কেও সাজিয়ে রাখা যায়।

ডায়েরি এবং নতুন ক্যালেন্ডার

নতুন বছরের শুরু হবে আর করপোরেট মহলে ডায়েরি আর নতুন ক্যালেন্ডার দেওয়া হবে না, তা কি হয়? বেশির ভাগ অফিসেই এই রীতি চলে আসছে। উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের মনিটরিং বিভাগের কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, বছরের শেষ থেকেই নতুন ডায়েরি আর ক্যালেন্ডার তৈরির কাজটা শুরু হয়ে যায়। এ ছাড়া সহকর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের কার্ড, ডায়েরি উপহার দেওয়া-নেওয়ার পর্বটা তো রয়েছেই।

এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম ব্যাংক) কর্মকর্তা তাহসীন নোভা বলেন, ‘দেয়াল পঞ্জিকা ছাড়াও ডেস্ক, কার্ড কিংবা পকেট ক্যালেন্ডারও আমরা উপহার হিসেবে দিয়ে থাকি। সহকর্মীরা তো রয়েছেনই, এ ছাড়া উপহার দেওয়ার তালিকায় মক্কেলরাও (ক্লায়েন্ট) কিন্তু রয়েছেন।’

বিভিন্ন ধরনের বাক্স

ছোটখাটো জিনিস গুছিয়ে রাখা কিংবা অন্দর থেকে অফিসের ডেস্কে সাজিয়ে রাখার জন্য বিভিন্ন ডিজাইনের বাক্সও কিন্তু মন্দ নয়। বিভিন্ন আকৃতির এই বাক্সগুলোয় ফিতা, পুঁতি, পুতুল বসানো থাকে। আবার কোনোটা শুধুই একরঙা মোটিফের হয়ে থাকে। শক্ত কাগজ ছাড়াও বাঁশ, কাঠ, চামড়া দিয়েও তৈরি করা হয় এই বাক্সগুলো। যেখানে উপহারটি পাঠাবেন সেখানকার পরিবেশ এবং পছন্দ অনুযায়ী বেছে নিন বাক্সটি।

মোমবাতি এবং ফটোফ্রেম

ফটোফ্রেমে আটকে রাখা কোনো স্মৃতি আর তার পাশেই একটি সুন্দর মোমবাতি। উপহার হিসেবে দুটো জিনিসই একসঙ্গে মানানসই। এবং হাতের নাগালেই তা পাওয়া যাবে। তবে আজমেরী আকতার জানান, উপহার দেওয়ার সময় একটু ভিন্ন ধরনের জিনিস বাছাই করা ভালো। এতে নতুনত্বের বিষয়টা যেমন থাকে, সেই সঙ্গে আপনার সহকর্মীর ভালো লাগার বিষয়টাও রয়েছে।

একটা সময় শুধু চারকোনা আকৃতির ফটোফ্রেমের চাহিদা বেশি ছিল। এখন ফ্রেমের মাঝে বিভিন্ন জ্যামিতিক আকার, মাল্টিকালারের প্রচলনটাই বেশি চোখে পড়ছে। পাটের তৈরি কিছু ফ্রেম রয়েছে, যেখানে ছোট আকৃতির অনেক ছবিই পাশাপাশি বাঁধাই করে রাখতে পারবেন। আর সেই সঙ্গে বিভিন্ন ডিজাইনের মোম তো রয়েছেই।

ছোট্ট পাত্রে গাছ

অফিসের চার দেয়ালের মাঝে কত শত ব্যস্ততা! আর এত সব করপোরেট গণ্ডির মধ্যে আপনার ডেস্কে যদি একটি সবুজ জীবন থাকে, তাহলে মন্দ কি? হ্যাঁ, চাইলে সহকর্মীকে ক্যাকটাস, মানি প্ল্যান্টের মতো ছোট গাছ উপহার দিতে পারেন। অনেক গাছই রয়েছে যেগুলো অতিরিক্ত আলো, হাওয়া ছাড়াই নিজের প্রাণ সঞ্চার করতে পারে। বিভিন্ন নার্সারিতে একটু খোঁজ নিলেই এর সন্ধান মিলবে। আর অফিসের সহকর্মী মানুষটি যদি হয় প্রকৃতিপ্রেমী, তাহলে তো কথাই নেই।

এ ছাড়া উপহারের তালিকায় রাখতে পারেন পেন হোল্ডার, কার্ড, হাতঘড়ি, পেইন্টিং, চাবির রিং, ডেস্কে সাজিয়ে রাখার শোপিস, পছন্দের লেখকের বই।

যেখানে যেমন

এই উপহারগুলো আপনি সহজেই হাতের কাছে পেয়ে যাবেন। ডায়েরি কিংবা ক্যালেন্ডার যেকোনো কার্ডের দোকানেই পাবেন। পুরান ঢাকা, বায়তুল মোকাররমসহ নিউমার্কেটের দোকানে চাইলে অর্ডার দিয়ে তৈরি করিয়ে নিতে পারেন পছন্দমাফিক কার্ড, ক্যালেন্ডার। তেমনি মগও তৈরি করিয়ে নিতে পারেন।

এ ছাড়া আড়ং, যাত্রা, নিপুণ, রঙসহ বিভিন্ন ফ্যাশন হাউসে পাবেন ভিন্নধর্মী এসব উপহার। মগের দাম ১৫০ থেকে ৮৫০ টাকা, ফ্রেম ২০০ থেকে ১৫০০ টাকা, গাছ ১০০ থেকে ১০০০ টাকা, আর ডায়েরি ও ক্যালেন্ডার পাবেন ২০০ থেকে ১০০০-এর মধ্যেই। আর অন্যান্য উপহারের দামও সাধ্যের মধ্যে থাকবে।