যেকোনো ভাষা আসলে নদীর মতো। এতে নানা পরিবর্তন, পরিবর্ধন হবে এটাই স্বাভাবিক। আজ পৃথিবীজুড়ে ইংরেজি ভাষার প্রবল প্রতাপের মূল কারণ সে ভাষার উপজীব্য হলো ‘There is only one constant—Change’ (পরিবর্তনই একমাত্র ধ্রুবক)। পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারেনি বলে অনেক ভাষা পৃথিবী থেকে হারিয়ে গেছে। প্রথমে প্রেস, পরে কম্পিউটার আর হালে ইন্টারনেটের কারণে ভাষার অনেক পরিবর্তন হচ্ছে। বেশির ভাগ পরিবর্তনপিয়াসী ভাষা সে লক্ষ্যে তাদের ব্যাকরণেরও পরিবর্তন করেছে। তবে হালের পরিবর্তনগুলোকে নিয়মে বেঁধে ফেলার জন্য নিয়ম পরিবর্তনের কাজটা আমাদের বাংলা ভাষায় এখনো শুরু হয়নি। রস+আলোর পাঠকদের জন্য তাই এসব পরিবর্তনের প্রস্তাব করা হলো।ভাষার সংজ্ঞা বাংলা ব্যাকরণে ভাষার সংজ্ঞা দেওয়া হয়েছে: মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যেসব শব্দ, বাক্য, বাক্যাংশ ব্যবহার করে তা-ই হলো ভাষা। কিন্তু দেখা যাচ্ছে, মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য যত কথা বলে তার চেয়ে বেশি বলে মনের ভাব গোপন করার জন্য। যেমন বলতে চায়—এক থাপড় মেরে দাঁত সব ভেঙে দেব। কিন্তু বলে, ‘হে হে। আপনার চেহারা এত সুন্দর!’কাজেই এখন ভাষার সংজ্ঞা নতুন করে লেখা দরকার: মনের ভাব প্রকাশ এবং গোপন করার জন্য মানুষ যেসব শব্দ, বাক্য, বাক্যাংশ ইত্যাদি ব্যবহার করে, তা-ই হলো ভাষা।সংজ্ঞার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বানান। বাংলা ভাষায় হ্রস্ব ও দীর্ঘ ই-কার, মূর্ধন্য ও দন্ত্যন ইত্যাকার নানা ঝামেলা রয়েছে। শব্দের সঙ্গে কল্পনায় তার ছবিও জরুরি। কাজেই বানানের মধ্যে তার একটা উপস্থিতি থাকা প্রয়োজন। শব্দটাই যেন একই সঙ্গে ছবি বা বিষয়ের অনুষঙ্গ হয়ে ওঠে। যেমন—ভবিষ্যতের কোনো কিছু বোঝাতে আমরা আগামী শব্দটা ব্যবহার করি। কিন্তু যে ঘটনা শিগগির হবে আর যেটি বছর খানেক পরের, তার মধ্যে একটি পার্থক্য থাকা দরকার। কাজেই এখন থেকে ‘আগামিকাল’ লিখতে আমরা হ্রস্ব ই-কার লিখলেও ‘আগামী বছর’ বা ‘আগামী শতাব্দী’ লিখতে দীর্ঘ ঈ-কার ব্যবহার করব। তবে, ‘আগামী দিনে’ লেখার সময়ও দীর্ঘ ঈ-কার লিখতে হবে, কারণ যে কাজ কখনো হবে না বা করা হবে না সেটা বলার সময় রাজনীতিবিদেরা ‘আগামী দিনে’ বলে থাকেন। একইভাবে রাজনীতিবিদেরা ভোটের আগে যেসব প্রতিশ্রুতি দেন, সেগুলোর বেশির ভাগই পালন করেন না। সে জন্য রাজনীতিবিদদের বেলায় দীর্ঘ ঈ-কারযোগে ‘প্রতিশ্রুতী’ লিখতে হবে। ই-কার এবং ঈ-কার প্রয়োগের ক্ষেত্রে বহমানতা এবং দৈর্ঘ্যের বিষয়ও মনে রাখা দরকার। চলমান বস্তুর ক্ষেত্রে দীর্ঘ ঈ-কার লেখা বাঞ্ছনীয়। যেমন—পাখি বা নদী বললে আমাদের মনে একটি বহমানতার ছবি ভেসে ওঠে, কিন্তু বাড়ি বললে সেটি হয় না। একইভাবে কারও নামের বেলায় দীর্ঘ ঈ-কার থাকলে সে যে লম্বা (কমপক্ষে পৌনে ছয় ফুট) সেটা যেন বোঝা যায়। কাজেই যারা লম্বা নয় তাদের ‘সুবিন’ আর যারা খাটো তাদের ‘সুবীন’ নামে ডাকাই ভালো। একইভাবে যেসব আসামির কখনো শাস্তি হবে না, তাদের বেলায় ‘আসামী’ লেখা সঠিক হবে।দন্ত্যন বা মূর্ধন্য-এর বেলায় বাংলা ব্যাকরণের এখনকার সাধারণ নিয়ম হলো তৎসম শব্দের বেলায় ণ ব্যবহার করা। কিন্তু আধুনিক যুগে দেশের রাজনৈতিক অবস্থানভেদেও একই শব্দের বানানের ভিন্নতা হওয়া দরকার। যেসব দেশে সামরিক শাসন বা ছদ্মাবরণে সামরিক শাসন থাকে, সেখানে জনগণের যে অবস্থা থাকে, গণতান্ত্রিক পরিবেশে তার চেয়ে অনেক বেশি উন্মুক্ততা ও স্বাধীনতা থাকে। কাজেই গণতান্ত্রিক দেশের জনগণ লিখতে মূর্ধন্য দিতে হবে। কিন্তু যখন তাদের কাঁধের ওপর জগদ্দল পাথরের মতো সামরিক শাসন থাকে, তখন সেখানে দন্ত্যন বা ‘জনগন’ লিখতে হবে। একইভাবে যেসব মানুষ মোটেই সাধারণ নন, তাঁদের ক্ষেত্রে ‘সাধারন’ প্রযোজ্য হবে। আবার মনের উদ্দেশ্যের সঙ্গেও শব্দ প্রয়োগের সম্পর্ক থাকা দরকার। যেমন—যে দাওয়াতে আমি চাই না দাওয়াতি আসুক, তাকে আমি নঞ-অর্থে নিমন্ত্রণ জানাতে পারি। কিন্তু যখন সত্যি সত্যি তার উপস্থিতি চাই, তখন তাকে আমন্ত্রণ জানানোই ভালো। এ ছাড়া ভাষা টিকে থাকার জন্য নতুন নতুন শব্দেরও প্রয়োজন। যেসব উদ্বোধনী অনুষ্ঠান শেষে খাবারের ব্যবস্থা থাকে (ফলোড বাই ডিনার, লাঞ্চ বা স্ন্যাকস), সেখানে উদ্বোধন না বলে উদ্ভোজন বলাই ভালো।নতুন করে আমাদের পুনর্বিন্যাস করতে হবে সন্ধি এবং সমাসের নিয়মও।