নতুন বিল ক্লিনটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীর ১৭০টি দেশের ৩০০ মিলিয়ন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে ক্লিনটনের তৈরি সংগঠন সিজিআই। যুক্তরাষ্ট্রের ৪২তম এ রাষ্ট্রপতি অসহায়, দুস্থ মানুষের জন্য চষে বেড়াচ্ছেন পুরো পৃথিবীটা। ১০ হাজার ৭১৪ বর্গমাইলের দেশ হাইতি। বিশ্বের দরিদ্রতম এ দেশে শিক্ষার হার খুবই কম। ম্যালেরিয়া, এইডসে আক্রান্ত হয়ে মারা যায় এখানকার অগুনতি মানুষ। দারিদ্র্যের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগও এখানকার মানুষের নিত্যসঙ্গী। অসহায়, শিক্ষার অভাব থেকে বঞ্চিত শিশুরা জড়িত নানা অপরাধমূলক কাজে। শিক্ষা নিয়ে তাদের ভাবার তেমন একটা সময় নেই। কোনো রকমে একবেলা খাবার জোটাতে পারলেই খুশি সবাই। দরিদ্র এ দেশের মানুষের দুঃখ-দুর্দশায় ৩৫ বছর ধরে পাশে থেকে সাহায্য করছেন একজন। কাজ করে যাচ্ছেন শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসার উন্নতির জন্য। শুধু হাইতিই নয়, পৃথিবীর ১৭০টি দেশের ৩০০ মিলিয়ন অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তাঁর তৈরি একটি সংগঠন। ঘুরে ঘুরে ধনী মানুষদের কাছ থেকে টাকা জোগাড় করছেন তিনি। আত্মবিশ্বাসী, স্বপ্নবাজ, সাহসী ও পরিশ্রমী এ মানুষটির নাম উইলিয়াম জেফারসন ক্লিনটন। পৃথিবীর জনপ্রিয়তম ব্যক্তিদের মধ্যে তিনি অন্যতম একজন। যুক্তরাজ্যের ৪২তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা এ মানুষটির কথাই শুনব আমরা আজ। জানব নতুন এক ক্লিনটনের কথা। সাবেক প্রেসিডেন্ট নয়, বরং মানুষ হয়ে যিনি মিশে যাচ্ছেন অসহায় মানুষের ভিড়ে। মানবতার সেবায় ‘ক্লিনটন গ্লোবাল ইনিসিয়েটিভ’ সংগঠনটির হয়ে চষে বেড়াচ্ছেন পুরো পৃথিবীটা।প্রেসিডেন্টের দায়িত্ব পালন করাটা চাট্টিখানি কথা নয়। ব্যস্ত থাকতে হয় সারাক্ষণ। মাথায় থাকে হাজারটা চিন্তা। পরপর দুই মেয়াদে এ দায়িত্বই সফলভাবে শেষ করার পর সবাই ভেবেছিল, ক্লিনটনের এখন জিরিয়ে নেওয়ার সময়। পরাশক্তি যুক্তরাজ্যের সাবেক এ প্রেসিডেন্টের বয়স ৬০ পেরিয়েছে। এখনই সময় অবসর নিয়ে বাকি দিনগুলো দুশ্চিন্তামুক্ত থেকে পার করে দেওয়ার। বয়সের কারণে ক্লিনটনের শরীরটাও ভালো যাচ্ছিল না। হার্টের সমস্যাটা ভোগাচ্ছে খুব। কাছের মানুষেরা তাই বিশ্রাম নেওয়ার কথা বললেন। বসে থাকার পাত্র ক্লিনটন নন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে তাই নেমে পড়লেন তিনি কাজে। সারা জীবন মানুষের মাঝে থাকা মানুষটির একা থাকার কোনো ইচ্ছাই নেই। মানুষের মাঝে থেকে তাদের জন্য কাজ করতে পারলেই তিনি পান বেঁচে থাকার সত্যিকারের স্বাদ। অনেক আগে থেকেই তাঁর ভাবনাতে ছিল এমন একটি সংগঠন গড়ে তোলার, যার প্রধান লক্ষ্য হবে দুস্থ ও অসহায় মানুষকে সাহায্য করা। এ ভাবনা থেকেই ক্লিনটন গ্লোবাল ইনিসিয়েটিভ বা সিজিআই এর জন্ম। ধনকুবের কার্লোস স্লিম, বিল গেটস সিজিআইয়ের অন্যতম প্রধান দাতা। বর্তমানে সংগঠনটিতে সংগৃহীত অর্থের পরিমাণ ৬৩ বিলিয়ন ডলার। বেন স্টিলারের মতো তারকারা ক্লিনটনের হয়ে কাজ করছেন এখানে।‘স্বাস্থ্য, অর্থনৈতিক মুক্তি, নাগরিক সুবিধা এবং নেতৃত্ব বিকাশের সঠিক সুযোগ পেলেই এগিয়ে যেতে পারে যেকোনো দেশ। আমি মনে করি, দেশের উন্নতি এবং মানুষের সুখে থাকার জন্য এ চারটি জিনিস খুবই প্রয়োজন।’ বলছিলেন ক্লিনটন। সিজিআই এ চারটি বিষয় প্রতিষ্ঠার জন্যই কাজ করে যাচ্ছে। ক্লিনটন মনে করেন, বায়ুদূষণ একদিন ভয়াবহ বিপদ ডেকে আনবে। তিনি বলেন, ‘এ পৃথিবীর সবাই এক অন্যের ওপর নির্ভরশীল। তাই যাঁরা ধনী, তাঁদের উচিত দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসা। সবার ভেতরেই যদি সহযোগিতামূলক মনোভাব কাজ করে, তবেই বদলে দেওয়া যাবে পৃথিবীটাকে।’সুনামির ঠিক পরপরই বিধ্বস্ত ইন্দোনেশিয়ার মানুষের কাছে ছুটে গিয়েছিলেন ক্লিনটন। সেখানকার কয়েকটি শিশুর হাতে কাগজ আর পেনসিল তুলে দিয়ে তিনি আঁকতে বলেছিলেন ছবি। প্রতিটি শিশুই এঁকেছিল কোনো না কোনো দুঃখের দৃশ্য। তাদের বিষাদ, ব্যথাতুর মন ক্যানভাসের ছবিতে মূর্ত হয়ে যেন পেয়েছিল প্রাণ। ছোট্ট শিশুর ভেতরেও লুকিয়ে থাকা এ কষ্টগুলো কাঁদিয়েছিল সেদিন ক্লিনটনকে। শিশুদের সঙ্গে গল্প করে, সাহস জুগিয়ে কেটেছিল অনেকটা সময়। শিশুরাও নির্ভয়ে ক্লিনটনের পাশে বসে কথা বলেছে। মানুষের ভিড়ে সে সময় সাবেক এ প্রেসিডেন্টকে আলাদা করে ঠাওর করা যাচ্ছিল না একদমই। কারণ, কাঁদলে যে সবাইকে সাধারণ মানুষের মতোই মনে হয়...।রিডার্স ডাইজেস্ট অবলম্বনেকিঙ্কর আহ্সান