নতুন বিশ্বে নতুন চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবু প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে চীন কোন পথে, কীভাবে এগিয়ে যাবে, তা আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকদের কাছে একটি বিশেষ আগ্রহের বিষয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন চীনের যে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব অনুভূত হচ্ছে, তা ভবিষ্যতে বাড়বে বই কমবে না। এই প্রেক্ষাপটে বিশ্লেষকেরা হিসাব কষছেন নিকট ভবিষ্যতে বিশ্বে চীনের ভূমিকা ও তাদের লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে।চীন-মার্কিন সম্পর্ক ও আঞ্চলিক প্রাধান্য: দ্রুতগতিতে বাড়ছে চীনের অর্থনৈতিক শক্তি। কিন্তু অর্থনৈতিক শক্তি যে হারে বাড়ছে, সামরিক শক্তি সে অনুযায়ী বাড়ছে না। সামরিক শক্তির দিক দিয়ে যুক্তরাষ্ট্র এখনো অনেক ওপরে। কাজেই চীন খুব শিগগির যুক্তরাষ্ট্রের জন্য বড় সামরিক মাথাব্যথা হয়ে উঠবে, সে আশঙ্কা নেই। এ কারণেই প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এখনো প্রভাব বিস্তার করছে যুক্তরাষ্ট্র। পীত সাগরসহ ওই এলাকায় কিছু দ্বীপ ও জলসীমা নিয়ে কয়েকটি দেশের বিরোধ চলছে। এর মধ্যে চীন ছাড়াও রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, তাইওয়ান ও উত্তর কোরিয়া। চীন এলাকার সবচেয়ে শক্তিশালী দেশ হলেও যুক্তরাষ্ট্রের সক্রিয় উপস্থিতির জন্য এককভাবে কোনো প্রভাব খাটাতে পারছে না। শি জিনপিং প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনকে নতুন অবস্থানে নিয়ে যেতে পারেন কি না, তা দেখার জন্য অপেক্ষা করছেন কৌতূহলীরা।শি জিনপিং পূর্ব এশিয়ায় কৌশলগত স্থিতিশীলতা বজায় রেখে চীনের আধুনিকায়নের প্রত্যাশী। যুক্তরাষ্ট্র তাঁর সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবে বলেই মনে করছেন অনেক পর্যবেক্ষক।সার্বিক পররাষ্ট্রনীতি: চীনের নতুন নেতৃত্বের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পররাষ্ট্রনীতি। সবার প্রশ্ন, এ ক্ষেত্রে শি জিনপিং পূর্বসূরিদের কৌশল অনুসরণ করবেন, না পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবেন।এশিয়ায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে যেসব দেশের ঘোর বিরোধ চলছে, তাদের ঘনিষ্ঠ মিত্র চীন। সামরিক শাসন চলাকালে মিয়ানমার যখন পুরোপুরি একঘরে ছিল, ওই সময় দেশটির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল চীন। অর্থ ও অস্ত্র দিয়ে মিয়ানমারকে সহায়তা করেছে তারা। সেই সখ্য ক্রমশ বেড়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় নিষ্পেষিত ‘বেয়াড়া’ কমিউনিস্ট উত্তর কোরিয়া বরাবরই পাশে পেয়েছে চীনকে। ইরান ও সিরিয়ার ক্ষেত্রেও একই অবস্থান চীনের।এসব দেশের মধ্যে চীনের নতুন নেতাকে সবচেয়ে বেশি ভাবতে হবে সিরিয়ার ব্যাপারে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর পররাষ্ট্রনীতি ঢেলে সাজাবেন। সিরিয়ার সংঘর্ষে নাক গলাবেন কি না, তা সতর্কতার সঙ্গে বিবেচনা করছেন তিনি। সিরিয়ার সরকারবিরোধী দলগুলো এক হয়ে একটি জোট গঠন করেছে। তারা পশ্চিমা সমর্থন পাচ্ছে। পাল্টে যাচ্ছে অস্থিতিশীল সিরিয়ার গৃহযুদ্ধের চিত্র। চীনের নতুন নেতৃত্ব এ ব্যাপারে কোন নীতি গ্রহণ করবে, এখনই বলা সম্ভব নয়।চীনের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সীমান্ত নিয়ে বিরোধ ও তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতের সঙ্গে অনেক দিন ধরে খিটিমিটি চলছে চীনের। তা সত্ত্বেও পারস্পরিক স্বার্থেই বন্ধুত্ব গড়ে তোলায় আগ্রহ রয়েছে দুই পক্ষেই। চীনের অবকাঠামোগত উন্নয়ন দারুণভাবে আকৃষ্ট করেছে ভারতকে, বিশেষ করে রেলওয়ে খাতে। ভারত চাইছে, চীন তাদের রেলওয়ে খাতে বিনিয়োগ করুক। চীনের কারিগরি সহায়তাও তারা কাজে লাগাতে চায়। অন্যদিকে, চীন এ ক্ষেত্রে বাণিজ্যিক মুনাফা লাভে আগ্রহী। শি জিনপিং আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় এলে দুই দেশের এই বাণিজ্যিক সম্পর্ক বাস্তবে রূপ নেবে আশা করা যাচ্ছে।বিশ্বজুড়ে চীন: চীনের অর্থনৈতিক কর্মকাণ্ড আর পররাষ্ট্রনীতি কেবল এশিয়া, ইউরোপ আর যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ নেই, আফ্রিকায়ও তারা অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করছে। বিকল্প জ্বালানির উৎসের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে চীন এর মধ্যে আফ্রিকার কয়েকটি দেশে গ্রহণযোগ্যতা অর্জন করেছে। উভয় পক্ষে বাড়ছে আমদানি-রপ্তানি। এভাবে আফ্রিকা মহাদেশের উন্নয়নশীল দেশগুলোয় চীনের অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তৃত হচ্ছে। শি জিনপিং তাকে আরও এগিয়ে নেবেন বলে মনে করছেন অভিজ্ঞজনেরা। শরিফুল ইসলাম ভূঁইয়া