বড় হয়ে চিকিৎসক কিংবা প্রকৌশলী হব—বহুদিন ধরে পেশা নিয়ে শিক্ষার্থীদের ভাবনাগুলো যেন আটকে ছিল এ দুটো পেশাকে ঘিরেই। এর মাঝে এসেছে বিবিএ/এমবিএ আবার কখনো বা কম্পিউটার সায়েন্সের জোয়ার। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে অনেক কিছুই। তৈরি হচ্ছে নতুন নতুন সুযোগ আর নতুন সম্ভাবনা। শিক্ষার্থীরা আকৃষ্ট হচ্ছে চাহিদাসম্পন্ন ব্যতিক্রমী সব পেশার প্রতি। পড়াশোনা করছেন নতুন নতুন সব বিষয়ে। উন্নয়ন অধ্যয়ন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা, পপুলেশন কমিউনিকেশনসহ আরও নতুন কিছু বিষয়ে আগ্রহী এ যুগের শিক্ষার্থীরা।ছাত্রছাত্রীদের ভাবনাতেও এসেছে নতুনত্ব। নতুন চিন্তাভাবনার ধারক সেই শিক্ষার্থীরা কী ভাবছেন? কেনই বা তাঁরা পড়তে এসেছেন এসব বিষয়ে?‘বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। তাই দুর্যোগ ব্যবস্থাপনাকেই বেছে নিয়েছি আমার পড়াশোনার বিষয় হিসেবে। দুর্যোগের সঙ্গে মোকাবিলা করাকে একটা চ্যালেঞ্জের মতন মনে হয়।’ বলছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একজন শিক্ষার্থী। এ বিষয়ে পড়াশোনা করে রয়েছে কাজ করার অনেক সুযোগ। আর একঘেয়েমিতেও ভোগার উপায় নেই। অত্যন্ত আনন্দের সঙ্গে এ বিষয়টিকে বেছে নিয়েছেন শিক্ষার্থীরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রোগ্রাম ডিরেক্টর ফুয়াদ এইচ মল্লিক জানান, ‘প্রতিবছর প্রকৌশল, স্থাপত্য, সরকারি দুর্যোগ ব্যবস্থাপনায় চাকরিরত এবং বিশেষ করে সশস্ত্র বাহিনীর একটি উল্লেখযোগ্য অংশ স্নাতক ডিগ্রিধারী বিভিন্ন পেশার মানুষ আগ্রহী হয়ে ওঠেন এ কোর্সটি করার জন্য। বাংলাদেশের প্রেক্ষাপট ও প্রয়োজনীয় চাহিদার কথা বিবেচনা করে দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক জ্ঞান আহরণের জন্য তাঁরা ঝুঁকছেন এদিকে।’ চিকিৎসক কিংবা প্রকৌশলী হতে না পারলে হতাশ হওয়ার কিছু নেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে এ দুটো পেশার সঙ্গে সমানে এগিয়ে যাচ্ছে আরও অনেক পেশা। মানুষের আগ্রহ কিংবা কৌতূহলের শেষ নেই। শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ না করে তাঁদের নিজ নিজ পছন্দের বিষয়েই পড়ার সুযোগ করে দেওয়া উচিত। স্বপ্নপূরণের মতোই একটা বিষয় হলো উন্নয়ন অধ্যয়ন বিভাগে অধ্যয়নের সুযোগ। এর চাহিদা বেড়েই চলছে দিনকে দিন। শুধু অর্থ উপার্জনই নয়, পড়াশোনার মাধ্যমে মানুষের সেবায় এগিয়ে আসার এবং দেশের উন্নয়নের চিন্তা করছে এ প্রজন্ম। এ কথার জের ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মাহবুব উল্লাহ বলেন, উন্নয়ন কার্যক্রম শুধু অর্থনৈতিক উন্নয়নকে ঘিরেই নয়। সাংস্কৃতিক উন্নয়ন বা শিক্ষাক্ষেত্রে উন্নয়নও অনেক গুরুত্বপূর্ণ। এই উন্নয়নের বিষয়টা হলো প্রায়োগিক। সমস্যা চিহ্নিত করে তার সমাধানের দিকনির্দেশনা দেওয়ার বিষয়টিই ডেভেলপমেন্ট স্টাডিজের মূল আলোচ্য।’ পুরোনো ধ্যানধারণা নিয়ে আঁকড়ে থাকার দিন শেষ। নতুন দিনে চাই পরিবর্তন। শুধু চিকিৎসা কিংবা প্রকৌশল বিভাগের ঘেরাটোপে বন্দী থাকবে কেন আধুনিক শিক্ষার্থীরা। নতুন নতুন বিষয়ে পড়াশোনা তাই এখন সময়েরই দাবি। যেসব বিষয় চাহিদার দিক থেকে রয়েছে শীর্ষে, সেগুলোই জেনে নিন এবার।উন্নয়ন অধ্যয়ন: ডেভেলপমেন্ট স্টাডিজ হলো উন্নয়নবিষয়ক পাঠ বা অধ্যয়ন। বহু বিষয়ের সমন্বয়ে গঠিত একটি বিষয় এই উন্নয়ন অধ্যয়ন বিভাগটি সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক— প্রতিটি ক্ষেত্রেই এখানে পাঠদান করা হয়। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়ে বিষয়টি পড়ানো হয়। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও এ বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের কোর্স বাড়িয়ে বা কমিয়ে নির্ধারিত ক্রেডিটটি সম্পন্ন করার সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টার্সের পাশাপাশি চার বছর মেয়াদি সম্মান কোর্স চালু করা হয়েছে। এসবের পরও যে কেউ এমফিল, পিএইচডি ও সার্টিফিকেট কোর্স করতে পারবেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতক কোর্সে ভর্তি হতে হলে উচ্চমাধ্যমিকের পর বিশ্ববিদ্যালয়ের বেঁধে দেওয়া যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট সময়ে ‘খ’ এবং ‘ঘ’ ইউনিটে পরীক্ষা দিতে হয়। মাস্টার্স কোর্সে ভর্তি হতে চাইলে চার বছরের স্নাতক শেষে দিতে হবে ভর্তি পরীক্ষা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠানভেদে তিন বা চার বছর মেয়াদি স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন।বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে আমাদের দেশেও উন্নয়নবিষয়ক কাজ করার জন্য আছে অনেক এনজিও, আইএনজিও, আন্তর্জাতিক সংস্থা, পরামর্শক প্রতিষ্ঠান ও পরিকল্পনা কমিশন। দুর্যোগ ব্যবস্থাপনা: বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ-সম্পর্কিত নানা বিষয়ে জানতে পারেন এ বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। এ বিষয়ের ভর্তি পরীক্ষা লিখিত ও মৌখিক দুভাবে হয়। লিখিত পরীক্ষায় ৮০ ও মৌখিক পরীক্ষায় ২০ নম্বর। মেধার পরিচয় দিয়ে যে কেউই এ প্রোগ্রামে অংশ নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করতে পারেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান এবং ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে দুর্যোগ ব্যবস্থাপনায় মাস্টার্স ডিগ্রি দেওয়া হচ্ছে। এ ছাড়া ব্র্যাক বিশ্ববিদ্যালয়েও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে পাঠদান শুরু হয়েছে।ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিষয়ে ২০০৩ সালে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) কোর্স চালু করা হয়েছে। প্রতি সেমিস্টারে ফিল্ড ট্রিপের মাধ্যমে এখানে হাতে-কলমে শিক্ষা দেওয়া হয়। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা অপরাধবিষয়ক জ্ঞান অর্জন করেন।অপরাধের বিভিন্ন ধরন এবং তা প্রতিরোধের উপায়কে ঘিরেই গড়ে ওঠে এর পাঠদান পদ্ধতি। এ ছাড়া ল অ্যান্ড হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ স্টাডিজ, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, সিকিউরিটি প্র্যাকটিস, জুভেনাইল ডিলেনকোয়েন্সি, ক্রিমিনোলজিক্যাল ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যানালাইসিস, ক্রিমিনাল ইনভেস্টিগেশন, ক্রিমিনাল ল, ফরেনসিক সায়েন্স, অফেন্ডার ট্রিটমেন্ট, টেররিজম, ক্রাইম ম্যাপিং, পুলিশ ইনফরমেশন টেকনোলজি, ভিক্টিমোলজি, ক্রিমিনাল সাইকোলজি প্রভৃতি কোর্স পড়ানো হয়ে থাকে।ভর্তির জন্য স্নাতক পর্যায়ে ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান গ্রুপে এসএসসি ও এইচএসসিতে চতুর্থ বিষয় বাদ দিয়ে মোট জিপিএ-৬.৫। স্নাতকোত্তর পর্যায়ে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিষয়ে অথবা সমমানের সামাজিক বিজ্ঞানের যেকোনো বিষয়ে চার বছরের ডিগ্রি থাকতে হবে।পপুলেশন সায়েন্স: মানুষকে জানার সুযোগ করে দেয় পপুলেশন সায়েন্স। দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে এর তুলনা নেই। সঙ্গে সঙ্গে জনগণের স্বাস্থ্য, নারী অধিকার, দারিদ্র্য বিমোচন, নগর উন্নয়নের বিষয়টি রয়েছে পপুলেশন সায়েন্সে।ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে পড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু আছে শুধু সন্ধ্যাকালীন মাস্টার্স প্রোগ্রাম। এর বাইরে পিএইচডি ও তিন মাস মেয়াদি ডিপ্লোমা কোর্স করা যায়।পপুলেশন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক রবিউল হক বলেন, ‘আমাদের দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের মধ্যেই এতদিন বিষয়টি সীমাবদ্ধ ছিল। কিন্তু সাস্থ্য, শিক্ষা, পরিবেশ, সম্পদ, অর্থনীতি— সবকিছুর সঙ্গে এর সম্পর্ক। পপুলেশন সায়েন্সের গুরুত্ব দিনকে দিন তাই বাড়ছে। এ বিবেচনায় বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ বিভাগের সূচনা।’ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চার বছরের অনার্স ও এক বছর মেয়াদি মাস্টার্স কোর্স পড়ানো হয়। নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, এআইইউবিসহ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পাবলিক হেলথ নামে বেশ কিছু বিষয় পড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশনস সায়েন্স বিভাগে মাস্টার্স করতে হলে চার বছরের স্নাতক কিংবা সমমানের ডিগ্রিধারীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন।স্বাস্থ্য অর্থনীতি: বিষয় হিসেবে হেলথ ইকোনমিকস্ বা স্বাস্থ্য অর্থনীতির চাহিদা বাড়ছে দিনকে দিন। ঢাকা বিশ্বদ্যািলয়ের কলাভবনে গেলেই পাওয়া যাবে এ বিষয়ের যাবতীয় তথ্য। স্বাস্থ্য অর্থনীতির ওপর পড়াশোনা করলে রয়েছে পেশাগত দিক থেকে সাফল্য পাওয়ার সম্ভাবনা। পোস্ট গ্রাজুয়েট-এ ডিপ্লোমা করার জন্যে শিক্ষার্থীরা বেছে নেয় এ পেশাটিকে। এটি আলাদা একটি প্রতিষ্ঠান যাতে রয়েছে স্বান্যকালীন কোর্স করার সুযোগ। পোস্ট গ্রাজুয়েট এ ডিপ্লোমা করতে হলে যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকা প্রয়োজন। এখানকার ভর্তি পরীক্ষার জন্যে ৯০ নম্বরের লিখিত ও ২০ নম্বরের মাৈখিক পরীক্ষার ব্যবস্থা আছে। মোট আসন সংখ্যা পঞ্চাশটি। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট: ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বাণিজ্য অনুষদের অধীনে পড়ানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ২০০৭ সাল থেকে বাণিজ্য অনুষদের অধীনে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ, এমবিএ ও সন্ধ্যাকালীন এমবিএ প্রোগ্রাম চালু করা হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও এ বিষয়ে পড়ার সুয়োগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার বছরের বিবিএ কোর্সে ভর্তি হতে চাইলে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। এ জন্য প্রার্থীকে ‘গ’ ও ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হবে।