নতুন বোমাং রাজা হচ্ছেন উ চ প্রু চৌধুরী!
বান্দরবান বোমাং সার্কেলের ১৭তম বোমাং রাজা বা প্রধান হচ্ছেন উ চ প্রু চৌধুরী। তাঁকে রাজা হিসেবে নিয়োগ দেওয়ার জন্য রাজপরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা একমত হয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি উ চ প্রু চৌধুরী রাজপদে নিয়োগ পাওয়ার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে আবেদন করেছেন। ১৬তম বোমাং রাজা ক্য সাইন প্রু চৌধুরী (কে এস প্রু) গত ৬ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করার পর রাজপদে শূন্যতা দেখা দেয়। রাজপদে নিয়োগ পাওয়ার সাড়ে পাঁচ মাসের মধ্যে তিনি আকস্মিক মারা যান।রাজপরিবারের সদস্যরা বলেছেন গত ২২ ফেব্রুয়ারি প্রয়াত কে এস প্রু চৌধুরীর অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হওয়ার পর রাজপরিবারের সদস্যরা রাজা মনোনয়নের জন্য দরবারে বসেছিলেন। এতে পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ হিসেবে কৃষি প্রকৌশলী উ চ প্রু চৌধুরীকে ১৭তম বোমাং রাজা হিসেবে সকলের সম্মতিক্রমে মনোনীত করেছেন। ১৫তম রাজার ছেলে ও বর্তমানে রাজপরিবারে দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ সদস্য চহ্লাপ্রু জিমি বলেছেন, ঐতিহ্য অনুযায়ী রাজপুত্র রাজা না হয়ে রাজপরিবারের বংশতালিকায় যিনি বয়োজ্যেষ্ঠ ও যোগ্য ব্যক্তি তিনি রাজা হয়ে থাকেন। বংশতালিকায় বর্তমানে উ চ প্রু চৌধুরী জ্যেষ্ঠতম হিসেবে তিনি রাজপদে অধিষ্ঠিত হবেন। এ জন্য রাজপরিবার থেকে সবার সম্মতি নিয়ে তাঁকে নিয়োগ দিতে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। রাজপুত্র উ চ প্রু চৌধুরীর জন্ম ১৯৪৭ সালের ১৯ নভেম্বর। তিনি কৃষি প্রকৌশলে পড়াশোনা করেছেন। কৃষি উন্নয়ন করপোরেশনে নির্বাহী প্রকৌশলী ও লিবিয়ায় কৃষি প্রকৗশলের পরামর্শক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতেও পরামর্শক হিসেবে কাজ করেছিলেন। উ চ প্রু চৌধুরী বলেছেন, নিয়ম অনুযায়ী তিনি জেলা প্রশাসকের মাধ্যমে রাজা হিসেবে নিয়োগ পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেছেন। বিষয়টি বিভাগীয় কমিশনারের দপ্তরে প্রক্রিয়াধীন রয়েছে।