ফটিকছড়ি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নতুন ভবন নির্মাণ শেষ হয়েছে। ১০ ফেব্রুয়ারি পুরোনো জরাজীর্ণ ভবন থেকে নতুন ভবনে সব রকম নথিপত্র স্থানান্তর করা হয়। ১২ ফেব্রুয়ারি থেকে দলিল নিবন্ধনসংক্রান্ত কাজকর্ম শুরু হয়েছে নতুন ভবনে। এটি নির্মাণে এককোটি ৩২ লাখ টাকা ব্যয় হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা আশা করছেন, ভবনটি নির্মাণের ফলে তাঁরাসহ নিবন্ধনসংক্রান্ত কাজে আসা লোকজন দীর্ঘদিনের ভোগান্তি থেকে রক্ষা পাবেন। গণপূর্ত বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী সজল বিশ্বাস জানান, আগের জীর্ণ ভবনে কাজ করতে যে রকম সমস্যা ছিল, এখন থেকে তা আর থাকবে না। সংশ্লিষ্ট সূত্র জানায়, ফটিকছড়ি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনেক বছর ধরে জরাজীর্ণ ভবনে দমবন্ধ পরিবেশে কাজ করতেন। বিশেষ করে, বর্ষাকালে ভোগান্তি বাড়ত সীমাহীন। এ অবস্থায় নতুন ভবন নির্মাণ হওয়ায় সংশ্লিষ্ট সবাই খুশি।এ ব্যাপারে ফটিকছড়ির সাব-রেজিস্ট্রার মো. জসিম উদ্দিন বলেন, ‘এত দিন জীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতাম। ভবনটি হওয়ায় কাজের পরিবেশ তৈরি হয়েছে। এতে আমরা খুশি।’