নতুন ভবনের এক বছরের কাজ শেষ হয়নি দুই বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছরেও টেকনাফের হ্নীলা বালিকা উচ্চবিদ্যালয় ভবনের নির্মাণকাজ শেষ না হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে পাঠদান l প্রথম আলো
দুই বছরেও টেকনাফের হ্নীলা বালিকা উচ্চবিদ্যালয় ভবনের নির্মাণকাজ শেষ না হওয়ায় ঝুঁকি নিয়ে চলছে পাঠদান l প্রথম আলো

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা বালিকা উচ্চবিদ্যালয়ে নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে। কার্যাদেশ অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ২০১৫ সালের মে মাসের মধ্যে। এরপর আরও এক বছর পার হলেও এখনো নির্মাণকাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, ঠিকাদারের গাফিলতির কারণে ভবন নির্মাণকাজে দেরি হচ্ছে। এদিকে নতুন ভবন নির্মাণকাজ শেষ না হওয়ায় ঝুঁকি নিয়ে আগের পুরোনো টিনশেড কক্ষ ও নির্মাণাধীন ভবনের নিচতলায় এখন শিক্ষার্থীদের পাঠদান চলছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালে আবদুস সালাম নামের একজন ব্যক্তি এলাকার নারীশিক্ষা প্রসারের লক্ষ্যে উপজেলার হ্নীলা বালিকা উচ্চবিদ্যালয় নামে এটি প্রতিষ্ঠা করেন। ওই সময় একটি টিনশেড সেমিপাকা ভবনে পাঠদান ও অফিসের কার্যক্রমের মাধ্যমে এ বিদ্যালয়ের যাত্রা শুরু হয়। পরে টিনশেড কক্ষগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে দরপত্র আহ্বান করা হলে উখিয়ার ‘মেসার্স জসিম উদ্দিন’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে এক বছরের সময়সীমা বেঁধে দিয়ে একটি দোতলা ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় ২০১৪ সালের ১০ মে। একই বছরের সেপ্টেম্বর মাসে এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এতে ব্যয় ধরা হয় ১ কোটি ২৫ লাখ টাকা। দুই বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কাজ হয়েছে ৭০ শতাংশ।
সরেজমিন দেখা যায়, টিনশেডের পুরোনো ভবনের চারটি কক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির পাঠদান চলছে। প্রতিটি কক্ষেই শিক্ষার্থীরা বসেছে গাদাগাদি করে। কক্ষগুলো দেয়াল থেকে ঝরে পড়ছে পলেস্তারা। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ছাদও। এদিকে দশম শ্রেণির কার্যক্রম চলছে নির্মাণাধীন ওই ভবনের নিচ তলায় কাপড়ের ঘেরা দিয়ে। ফলে বেশি সমস্যায় পড়েছে দশম শ্রেণির শিক্ষার্থীরা। ভবনের ওপরের তলায় কাজ চলার সময় পানি পড়ে শিক্ষার্থীদের বই ও খাতা নষ্ট হচ্ছে।
দশম শ্রেণির ছাত্রী মুনিরা আক্তার বলে, ‘আমরা আতঙ্কের মধ্যে ক্লাস করি। প্রায় সময় ওপর থেকে নির্মাণকাজের নানা সরঞ্জাম নিচে পড়ে। ওপর থেকে ইট ও কাঠ পড়ে আহত হয়েছে কয়েকজন ছাত্রী।’
বিদ্যালয় সূত্র জানায়, বর্তমানে এই বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ৩৪৮ জন। এর মধ্যে ষষ্ঠ শ্রেণিতে ১০৩, সপ্তম ৬৭, অষ্টম ৭৫, নবম ৫৬ ও দশম শ্রেণিতে ৪৭ জন শিক্ষার্থী রয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন আক্তার বলেন, বর্ষা মৌসুমের আগে ভবনটির নির্মাণকাজ শেষ না হলে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল মান্নান বলেন, স্থানীয় সাংসদের একক প্রচেষ্টায় এ ভবনটি বরাদ্দ পাওয়া যায়। দ্রুত ভবন নির্মাণকাজ শেষ করার জন্য সাংসদ একাধিকবার ঠিকাদারকে তাগাদা দিলেও তিনি নানা কৌশলে কালক্ষেপণ করে আসছেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ভবন নির্মাণকাজ শেষ হচ্ছে না।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি। এরপর তাঁকে খুদে বার্তা পাঠানো হলে তাতেও তিনি সাড়া দেননি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ মুহাম্মদ রফিক উদ্দিন বলেন, অবহেলিত জনপদের নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিল। এরপর থেকে বিদ্যালয়টি নারী শিক্ষার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। ভবন নির্মাণের সময়সীমা পার হলেও সংশ্লিষ্ট দপ্তর কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় ঠিকাদার ‘কচ্ছপ’ গতিতে ভবন নির্মাণকাজ করছেন।
এ ব্যাপারে কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সমীর কুমার রজত দাশ বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে এত দিনেও বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ শেষ হয়নি। দ্রুতগতিতে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এরপরও কাজ শেষ না হলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।