লোহাগাড়ার তিন ইউপিতে নির্বাচন কাল
নতুন ভোটারদের মধ্যে উৎসাহ, ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে উৎকণ্ঠা
লোহাগাড়া উপজেলার মেয়াদোত্তীর্ণ তিন ইউনিয়ন পরিষদ (ইউপি)—লোহাগাড়া, আধুনগর ও আমিরাবাদে নির্বাচন কাল সোমবার। এ নিয়ে নির্বাচনী এলাকার নতুন ভোটারদের মধ্যে রয়েছে উৎসাহ। অন্যদিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে উৎকণ্ঠা রয়েছে প্রবীণ ভোটার ও প্রার্থীদের মধ্যে।
তিন ইউপির মধ্যে লোহাগাড়ায় সর্বশেষ ১৯৯৮ এবং আধুনগর ও আমিরাবাদে ২০০৩ সালে নির্বাচন হয়। পৌরসভা–সংক্রান্ত সীমানা জটিলতার জের ধরে হাইকোর্টে রিট করা হলে লোহাগাড়ার নয় ইউনিয়নের মধ্যে এ তিন ইউনিয়নে নির্বাচন স্থগিত হয়। এরপর আইনি জটিলতা কাটিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয় গত ২৪ আগস্ট। নির্বাচনের দিন ধার্য হয় ২১ সেপ্টেম্বর। নির্বাচনে চেয়ারম্যান পদে লোহাগাড়ায় পাঁচজন, আধুনগরে দুজন ও অামিরাবাদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্যপদে তিন ইউপিতে ১২০ ও সংরক্ষিত মহিলা সদস্যপদে রয়েছেন ২২ জন।
লোহাগাড়া ইউনিয়নের নতুন ভোটার ও িবশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা আক্তার ও হামীম হোসেন বলেন, ‘এবার প্রথমবার ভোট দেব। জনপ্রতিনিধি নির্বাচনে ভূমিকা রাখব—এটা ভাবতেই আনন্দ লাগছে। আশা আছে, নির্বাচিত প্রতিনিধি এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে।’ আমিরাবাদ ইউনিয়নের নতুন ভোটার ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী এনামুল হক ও সাদিয়া জাহানের প্রত্যাশা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট।
তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে উৎকণ্ঠা আছে। আমিরাবাদের চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান বলেন, ইতিমধ্যে আমার পক্ষের ভোটারদের অন্য প্রার্থীর লোকজন মুঠোফোনে হুমকি দিচ্ছে। তাঁদের ভোটকেন্দ্রে যেতে নিষেধ করা হচ্ছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে। ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে।
লোহাগাড়া ইউনিয়নের ভোটার আবদুল আলীম (৫৫) বলেন, ‘প্রার্থীর সমর্থকদের নানামুখী তৎপরতায় আমরা শঙ্কিত। ভোটকেন্দ্রে যাওয়া নিরাপদ মনে করছি না।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আমিরাবাদ ইউনিয়নে সুখছড়ি হাই স্কুল, বার আউলিয়া কলেজ, সুফিয়া আলিয়া মাদ্রাসা ও গোলামবাড়ী উচ্চবিদ্যালয়; লোহাগাড়া ইউনিয়নে দরবেশহাট বোর্ড প্রাইমারি স্কুল, শাহপীর ইবতেদায়ি মাদ্রাসা, রশিদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লোহাগাড়া ফাজিল মাদ্রাসা এবং আধুনগর ইউনিয়নে মসদিয়া প্রাথমিক বিদ্যালয়, হরিণা প্রাথমিক বিদ্যালয় ও আখতারিয়া মাদ্রাসাকেন্দ্র ঝুঁকিপূর্ণ।
লোহাগাড়ার নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, লোহাগাড়া, আধুনগর ও আমিরাবাদে ভোটকেন্দ্র রয়েছে ২৮টি। এর মধ্যে আধুনগরে ভোটারের সংখ্যা ১৩ হাজার ৬৯৫, লোহাগাড়ায় ১৯ হাজার ৯৯৫ ও আমিরাবাদে ২৫ হাজার ১০ জন।
লোহাগাড়া নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আল মামুন বলেন, কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। তবে সেখানে পর্যাপ্তসংখ্যক লোকবল নিয়োগ করা হবে, যাতে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিজনূর রহমান জানান, দীর্ঘদিন পর এ নির্বাচন যাতে সুষ্ঠু ও দলীয় প্রভাবমুক্ত হয়, সে জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।