সৌরজগতে পৃথিবীর নিকটতম গ্রহ বুধ এবার নতুন রঙে হাজির হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) রোবট যান মেসেঞ্জার প্রথমবারের মতো বুধগ্রহের পূর্ণাঙ্গ ছবি পাঠাতে সমর্থ হয়েছে। পৃথিবী থেকে বুধগ্রহ কেবল একটি নিষপ্রভ বাদামি দাগের মতো দৃশ্যমান হলেও নতুন ছবিতে গ্রহটির মানচিত্রের পূর্ণাঙ্গ ও বৈচিত্র্যময় বিবরণ মিলেছে। যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান গবেষণাগারের বিজ্ঞানী ডেভিড ব্লেওয়েট বলেন, ম্যাসেঞ্জারের ক্যামেরা নীল থেকে শুরু করে বর্ণালির প্রায়-অবলোহিত রশ্মির ছবি তুলে পাঠিয়েছে। কম্পিউটারের মাধ্যমে এসব ছবি বিশেষ প্রক্রিয়ায় বিশ্লেষণ করে বুধপৃষ্ঠের প্রকৃত রঙের তারতম্য নির্ণয় করা হয়েছে। ছবির কমলা রং বুধগ্রহের আগ্নেয় সমভূমি নির্দেশ করে। আর গভীর নীল অঞ্চলসমূহ অস্বচ্ছ খনিজ পদার্থে সমৃদ্ধ। রহস্যময় সেই খনিজ সম্পর্কে এখনো বিজ্ঞানীদের ধারণা স্পষ্ট হয়নি। সম্ভবত সেখানে আয়রন সালফাইড বা ক্যালসিয়াম সালফাইড প্রভৃতি রয়েছে। এ ছাড়া উজ্জ্বল নীল দাগ আঁকা স্থানগুলোতে রয়েছে পাথর। মার্কিন বিজ্ঞান গবেষকদের সংগঠন আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সডমেন্ট অব সায়েন্সের (এএএএস) বার্ষিক সভায় বুধগ্রহের নতুন মানচিত্রটি উপস্থাপন করেন ব্লেওয়েট। তিনি বলেন, বুধগ্রহকে মোহময়, আকর্ষণীয় ও জটিলরূপে উপস্থাপন করেছে ম্যাসেঞ্জার। ম্যাসেঞ্জারের আগে মেরিনার টেন নামের একটি রোবট যান ১৯৭৩ সালে বুধগ্রহে পাঠানো হয়েছিল। গ্রহটিতে পানি বা বরফের অস্তিত্ব রয়েছে বলে বিজ্ঞানীরা অনুমান করেন। বিবিসি ও টেলিগ্রাফ।