নতুন রূপে কুঁচির ভাঁজ
পুরোনোকে নতুন রূপে ফিরিয়ে আনা আরেকবার। এই তো ফ্যাশনের বৈশিষ্ট্য। তারই ধারায় আবার ফিরে এসেছে পোশাকে কুঁচির ভাঁজ। তবে একদম হাল ফ্যাশনে, দেশি রূপে। শুধু হাতে বা গলায় নয়, কুঁচির ব্যবহার হচ্ছে টপস, কাফতান, কামিজের ঝুল বা বহর, ইয়োক, ওড়নার পাড় এমনকি শাড়ির আঁচলেও। ফ্যাশন হাউস কে ক্র্যাফটের পরিচালক খালিদ মাহমুদ খান বললেন, ‘বছর খানেক আগেও পোশাকের ফিটিংয়ের জন্য কুঁচির ব্যবহার প্রচলিত ছিল। সেই ধারণা থেকেই জন্ম কুঁচির ফ্যাশনের। এখন কুঁচি ব্যবহার হচ্ছে নকশায়ও। পোশাকে কুঁচি থাকলে কাপড়ে আলাদা একটা ভাঁজ পড়ে। পোশাকটা নিপাট ভাঁজে ঝুলে থাকে। যেটা তরুণ প্রজন্ম খুব পছন্দ করছে।’ফ্যাশন হাউস ট্রেন্ডজের নকশা বিভাগের উপব্যবস্থাপক শাহজাদা স্বাধীন খান বলেন, ‘যেকোনো স্টাইলই কিছুদিন পর পর ফিরে আসে। তবে ফ্যাশনের নিয়ম অনুযায়ী তাতে কিছু যোগ-বিয়োগ করা হয়। অনেক আগে থেকেই পোশাকে কুঁচির ব্যবহার জনপ্রিয় ছিল। সেই ফ্যাশনটাই ফিরে এসেছে এই সময়ের হয়ে।’শুধু আলাদা ব্যবহারই নয়, কুঁচির ধরনও গেছে পাল্টে। এখন যুক্ত হয়েছে ফিতে দিয়ে কুঁচি করার সুবিধা। পোশাকের ঘেরজুড়ে আলাদা লুপ বা ফাঁস তৈরি করে চিকন ফিতের সাহায্যে পুরো পোশাকজুড়ে কুঁচি ফেলছেন এ সময়ের ফ্যাশন ডিজাইনাররা। ফ্রকের মতো কাটের টপ আর গাউনের পেছনে ফিতা এঁটে নিচ্ছেন অনেকে, ফলে কুঁচি পড়ছে পেছনে। কেউবা ইলাস্টিক ব্যবহার করেও কুঁচি ফেলছেন। সেলাই করে কুঁচির মতো পাকাপোক্ত ভাঁজ করে নিচ্ছেন অনেকেই। শুধু কি কাপড়? আজকাল লেস দিয়েও চলছে কুঁচি ফেলার কাজ। কুঁচির আছে বেশ কিছু সুবিধা। পোশাকে লম্বা রেখার কুঁচির ব্যবহারে আপনাকে লম্বা দেখাবে। একইভাবে সমতল কুঁচির রেখা আপনার উচ্চতা কম দেখাতে কাজে দেবে। যাঁদের গড়ন একটু ভারী, তাঁদের চিকন ফিতে দিয়ে কুঁচি করা পোশাক পরলে হালকা-পাতলা দেখাবে। আর ইয়োকে, গলায় কুঁচির ভারী কাজের ব্যবহার আপনাকে ভারী দেখাতে সাহায্য করবে। খালিদ মাহমুদ খান জানালেন, সুতি, অ্যান্ডি, বেক্সি জর্জেট কাপড়ে কুঁচি ভালো ফোটে। আর এই সময়ে এই কাপড়গুলোই আরামদায়ক। অনেকেই টপ, কুর্তা ও খাটো কামিজের সামনের অংশে বিপরীত রঙের লেস ব্যবহার করেন। ইদানীংকার ট্রেন্ড হলো লেস আর কাপড়ের পাড় দুটোই ব্যবহার করা। আর সেগুলোই বসানো হচ্ছে কুঁচি দিয়ে। ইডেন কলেজের শিক্ষার্থী সাদিয়ার কথাই ধরুন। তিনি বললেন, ‘সালোয়ার-কামিজের নতুন ফ্যাশনই পছন্দ করি। কুঁচি করা পোশাকগুলো দেখতে সুন্দর, আধুনিক। কামিজের পাড়ে কুঁচি করলে জামাটা ঝুলে থাকে বলে চলতে-ফিরতে সহজে ভাঁজ পড়ে না।’সালোয়ার-কামিজের চেয়ে টপ আর খাটো কামিজেই কুঁচির বৈচিত্র্য বেশি বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া জেরিন আফসানা। তিনি বলেন, ‘একই দিনে ক্লাস, আড্ডা কিংবা হুট করে নিমন্ত্রণ থাকতে পারে, এসব জায়গায় আমি ফতুয়াতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। একটু বেছেই টপ, ফতুয়া বা খাটো কামিজ পরি। এ ধরনের পোশাকগুলোয় কুঁচি একটা আলাদা আভিজাত্য নিয়ে আসে। তাই অনুষ্ঠানভেদে পোশাক বদলানোর ঝামেলাটা কম হয়।’কে ক্র্যাফটের কলাবাগান শাখার বিক্রয় সহকারী জান্নাতুল ফেরদৌসি জানালেন, কুঁচির নকশা করা পোশাকের ক্রেতাদের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়ারাই বেশি। ট্রেন্ডজের ধানমন্ডি ২৭ শাখার বিক্রয়কর্মী স্বপন বলেন, ‘চাকরিজীবী নারীদের মধ্যে কুঁচি করা সালোয়ার-কামিজের চাহিদা বেড়ে চলেছে। তাঁদের পছন্দের তালিকায় গলায় ও ঝুলে কাজ করা টপের প্রাধান্য বেশি।’তবে কুঁচি করা পোশাক ফুটিয়ে তুলতে আনুষঙ্গিক পোশাক নির্বাচন করতে পারাও জরুরি বলে মনে করেন ফ্যাশন ডিজাইনাররা। তাঁরা বলেন, জিনসের সঙ্গে কুঁচির প্যাটার্নটা খুব মানায়। তাই কুঁচি দেওয়া টপ বা ফতুয়ার সঙ্গে জিনস ভালো লাগে। আর লম্বা কামিজের সঙ্গে চোস্ত বা চাপা সালোয়ার ও লম্বা ওড়না চমৎকার লাগে। হাঁটুসমান লম্বা টপস বা শর্ট কামিজে ডেনিম তো ভালো লাগবেই, লেগিংসও বেছে নিতে পারেন নিশ্চিন্তে।