নতুন রূপে গহিরা বঙ্গবন্ধু গণপাঠাগার
প্রায় তিন যুগ পর চালু হচ্ছে রাউজানের গহিরা বঙ্গবন্ধু গণপাঠাগার। জেলা পরিষদের অর্থায়নে পুরোনো জীর্ণ ভবনের সামনে নতুন একটি ভবন তৈরি করা হচ্ছে। এ জন্য ব্যয় হচ্ছে সোয়া ১৪ লাখ টাকা।স্থানীয় লোকজন জানান, পাঠাগারটি দখল করে ওইখানে সংসার সাজান এলাকার এক প্রভাবশালী। দুই বছর আগে সংসদ সদস্য এ বি এম ফজলে করিমের হস্তক্ষেপে অবৈধ দখল উচ্ছেদ করা হয়।জানা যায়, পাকিস্তানআমলে স্থানীয় ইয়াহিয়া মাস্টার, চিকিৎসক লোকমান, বিল্লাল মিয়াসহ আরও অনেকে মিলে পাঠাগারটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রথমে নামকরণ করা হয় জিন্নাহ পাঠাগার। স্বাধীনতা আন্দোলনের সময় দাবি ওঠে পাঠাগারের নাম পরিবর্তনের। স্বাধীনতার পর এটির নতুন নামকরণ করা হয় গহিরা বঙ্গবন্ধু গণপাঠাগার। স্থানীয় আবুল কালাম জানান, ‘১৯৭৫ সালের আগে অনেক মূল্যবান বই ছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর স্বাধীনতাবিরোধীদের নেপথ্য ইন্ধনে একটি চক্র বইপত্র লুট করে। স্থানীয় এক ব্যক্তি পাঠাগার জবরদখল করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।’রাউজান পৌরসভার কাউন্সিলর কাজী ইকবাল জানান, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর হস্তক্ষেপে পাঠাগার অবৈধ দখলমুক্ত হয়। গত ১৩ মে জেলা পরিষদের অর্থায়নে পাঠাগারের নতুন ভবনের ভিত্তি স্থাপন করেন স্থানীয় সংসদ সদস্য।