নতুন রূপে নতুন বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন মানেই বৈচিত্র্য ও পরিবর্তন। যুগের সঙ্গে সঙ্গে বদলে যায় এর আঙ্গিক ও ধরন। নতুন বছরে নিজেকে তাই কীভাবে সাজাবেন নতুন ঢঙে, এ নিয়ে রইল নকশার আয়োজন। নতুন বছরে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে প্রথমেই বদলে ফেলতে পারেন আপনার পোশাকের রং অথবা কাট। নতুন বছর সামনে রেখে দেশীয় ফ্যাশন হাউসগুলো নিয়ে এসেছে নতুন ঘরানার পোশাক। আড়ংয়ের বিপণনপ্রধান ফারজানা হালিম হাই বলেন, এবার নতুন বছর সামনে রেখে পোশাকে, বিশেষ করে সালোয়ার-কামিজের কাটে পরিবর্তন আনা হয়েছে। কামিজ দেখা যাবে ঘেরসহ নতুন রূপে। এর সঙ্গে মিলিয়ে আগের চেয়ে লম্বা করা হবে এর দৈর্ঘ্য। সালোয়ার ও চুড়িদারের পরিবর্তে দুটোর মিশেলে একটি নতুন রূপ দেওয়া হয়েছে, যা সব বয়সী মেয়েদেরই মানিয়ে যাবে। এমব্রয়ডারির মোটিভেও বৈচিত্র্য আসবে। পাঞ্জাবিকে করা হবে আরও বেশি আরামদায়ক। তরুণীদের ফতুয়ার সঙ্গে ফ্রক কাটিংয়ের সমন্বয় ঘটিয়ে বৈচিত্র্য আনা হয়েছে, যা সব সময় পরার পাশাপাশি বিভিন্ন উৎসব অনুষ্ঠানেও পরা যাবে। এবার জড়োয়া গয়নার ব্যবহার খুব কম দেখা যাবে; তবে গলায় ধাতব পুঁতির মালা বা শঙ্খের পুঁতির মালাও বেশ মানাবে। জুতায় একদম ফ্ল্যাট হিল নয়, বরং মাঝারি হিল দেখা যাবে। সামনে হালকা কাজ থাকতে পারে। তবে জুতা, পোশাক সব ক্ষেত্রেই আরামের বিষয়টি মাথায় রাখা হয়েছে এবার। নতুন বছরের নতুন ফ্যাশনগুলো আয়ত্ত করে নিতে পারেন। পারসোনার ব্যবস্থাপনা পরিচালক রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান বলেন, ২০১১ সালের শুরুতে হিম হিম শীত থাকবে। তাই এ সময় গাঢ় মেকআপে সাজিয়ে তুলতে পারেন নিজেকে। স্মোকি লুকটা খুব চলেছে গত বছরের শেষ দিকে। এবারও এটাই চলবে। ঠোঁটে ও নখে গাঢ় রঙের সাজ নজর কাড়বে সবার, বিশেষ করে টকটকে লাল রংটা এখনকার ট্রেন্ড। বিয়ের উৎসবের সাজে সোনালি ও রুপালির সঙ্গে বাদামি। নীল রং যোগ করতে পারেন। আইভ্রুর আকৃতিটা হবে স্বাভাবিক অফারের মতোই। হালকা সাজটাই বেশি চলছে এখন। এমনভাবে সাজুন, যাতে সাজটা কম চোখে পড়ে। চুল কেটে চেহারায় বৈচিত্র্য আনতে চাইলে ব্যাংগস কাট দিতে পারেন। তবে চুলের ধরন, মুখের আকৃতি, পেশা, ব্যক্তিত্বের সঙ্গে মিল রেখে চুল কাটান। হারমনির স্পার রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা বলেন, মেকআপে চেহারা ঢেকে রাখা নয়; বরং ত্বকের ত্রুটিগুলোর সমাধান করে হয়ে উঠুন সুন্দর। নতুন বছরে প্রাকৃতিক উপাদানে সৌন্দর্যচর্চা প্রাধান্য পাবে। এখনকার তরুণীরা অনেক বেশি সচেতন। সৌন্দর্য ধরে রাখতে শারীরিক ও মানসিক দুই দিক থেকেই সুস্থ থাকার চেষ্টা করুন।সুন্দর থাকাটা ছেলেদের ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ। হেয়ারোবিক্সের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন বলেন, ‘আমরা সবাই এখন ভীষণ ব্যস্ত। তবু ব্যস্ততার মাঝে নতুন বছরে নিজের মধ্যে নতুন ছোঁয়া আনতে ছেলেরা চুলের কাটে পরিবর্তন আনতে পারেন। নেভাল কাট, ওয়েস্ট কাট, ইমোট ব্যাংগস—এসব কাট দিতে পারেন। স্টাইলের পাশাপাশি সৌন্দর্যচর্চায়ও বেশ আগ্রহী হতে দেখা যাবে ছেলেদের।