নতুন রূপে পুরোনো ফ্যাশন
দেয়ালের গায়ে লাগানো বাহারি ঘড়ি আর সিরামিকের থালা। কাচের বন্ধ দরজার পাশে দেয়ালের অনেক জায়গায় রং চটে গেছে। দরজার সামনে ফাঁকা বেঞ্চিতে পড়ে আছে একটি ছোট্ট স্যুটকেস। আস্তে আস্তে ধোঁয়া ছড়িয়ে ভেসে এল চেনা একটি গানের সুর, ‘ও মাঝি রে...’। এমন পরিবেশেই হয়ে গেল ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিনের পোশাক ও রূপবিশেষজ্ঞ ফারজানা শাকিলের সাজ নিয়ে এক ফ্যাশন শো। ‘টুগেদার’ শীর্ষক এই শোতে পুরোনো আমলের ফ্যাশনই যেন ফিরে পাওয়া গেল নতুন রূপে।২২ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় হয়ে গেল এই শো। ২০১২ সালের ফ্যাশন কেমন হতে পারে, তা-ই ভেবেছেন ডিজাইনার শাহরুখ আমিন। সেই পোশাকের সঙ্গে সাজটা কেমন হবে, সেটা ভেবেছেন ফারজানা শাকিল। আর দুজনের ভাবনা একত্রিত করেই এই আয়োজন। শাহরুখ আমিন বলেন, ‘এটিই আমার প্রথম একক ফ্যাশন শো। এখানে আমি নতুন বছরের ফ্যাশন নিয়ে কাজ করেছি।’প্রথম কিউতে দেখা গেল আনারকলি কামিজের নানা ধরন। দ্বিতীয় কিউতে মঞ্চে আনা হয় সিল্ক ও বেনারসির মিশ্রণে তৈরি শাড়ির সংগ্রহ।লম্বা ধাঁচের কামিজ মনে করিয়ে দেয় পুরোনো দিনের ফ্যাশনকে। আরও ছিল জুট সিল্কের শাড়ি। এর সঙ্গে মানানসই সাজ। একটি কিউতে মখমল কাপড়ের পোশাক পরে মঞ্চে আসেন অভিনেত্রী ও মডেল মোনালিসা এবং আজরাসহ দুজন ভিনদেশি মডেল। তাঁদের পরনের শাড়িগুলোর পাড়ে কুঁচির ডিজাইনটা ছিল বেশ আকর্ষণীয়। ব্লাউজের কাটও ছিল নানা ঢঙের। শেষে শোস্টপার হিসেবে মঞ্চে আসেন অভিনয়শিল্পী জয়া আহসান। তাঁর পরনে ছিল বেনারসির কলিদার লেহেঙ্গা।