নতুন রূপে পুরোনো বাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে...’ পালকির এ গান পুরোনো হয়েছে অনেক আগে। বেহারার পিঠে পালকি চড়ে নববধূর শ্বশুরবাড়ি যাওয়ার দৃশ্য এখন আর চোখে পড়ে না। কালের আবর্তে যানবাহনে যোগ হয়েছে উন্নত প্রযুক্তি। প্রযুক্তির কাছে হার মেনেছে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, পালকিসহ নানা ঐতিহ্যবাহী বাহন। কিন্তু এসবের আবেদন আজও কমেনি এতটুকু। তাই নানা সামাজিক অনুষ্ঠানে স্বল্প পরিসরে আজও দেখা যায় পালকি। এখনো মাঝেমধ্যে চোখে পড়ে বাংলার ঐতিহ্যবাহী এসব বাহন।নিজের বিয়ের দিনগুলো এখনো স্মৃতিতে উজ্জ্বল ঊষা রানী দেবীর। তাঁর বয়স ৮০। খুব কম বয়সেই বিয়ে হয়েছিল তাঁর। পালকি চড়ার দিনগুলোর কথা জিজ্ঞেস করতে স্মৃতি হাতড়ে বলেন, ‘আমাদের কালে শুধু বিয়েতেই নয়। বরং যেকোনো যাতায়াতে মেয়েদের জন্য পালকির ব্যবস্থা থাকত, কখনো চার বেহারার, কখনো ছয় বেহারা।’ পুরোনো ঐতিহ্যকে সাথি করতে বর্তমানে অনেকেই বিয়ের সময় পালকির ব্যবস্থা করেন। ব্যাপারটা এখন পুরোপুরি প্রতীকী। নগরের বেশ কিছু সাজঘর বিয়েসহ যেকোনো অনুষ্ঠানে পালকি ও ঘোড়ার গাড়ি ভাড়া দেয়। চেরাগি পাহাড়ের ফ্লাওয়ার গার্ডেনের মালিক বাদশা মিয়া জানান, ‘মূলত অবস্থাপন্ন লোকেরাই পালকি বা ঘোড়ার গাড়ি ভাড়া নেন। এগুলো বিয়েতে আলাদা আনন্দ যোগ করে।’ সাজানোর ধরন হিসাব করে এগুলোর ভাড়া নির্ধারণ করা হয়। পালকির ভাড়া দেড়-তিন হাজার টাকা। তবে এ ক্ষেত্রে বেহারার বেতন আলাদা দিতে হবে। আর ঘোড়ার গাড়ির ভাড়া চার-ছয় হাজার টাকা পর্যন্ত। তবে নগরের বাইরে কোনো অনুষ্ঠানে গেলে ঘোড়ার গাড়ির জন্য আরও বেশি টাকা দিতে হবে।পুরান ঢাকায় এখনো কিছু ঘোড়ার গাড়ি নিয়মিত যাত্রী পরিবহন করলেও চট্টগ্রামে এ ধরনের কোনো যাত্রীবাহী ঘোড়ার গাড়ি নেই। ফলে অন্য পেশার মানুষেরাই মূলত কাজের ফাঁকে ফাঁকে ঘোড়ার গাড়ির চালকের কাজ করেন। অল্প কিছুদিন আগেও চাক্তাই এলাকায় মালামাল পরিবহনে গরুর গাড়ির প্রচলন ছিল। এখন আর তেমন দেখা যায় না। গো-খাদ্যের উচ্চমূল্য, যানজট আর ব্যবহারকারীদের অনীহার কারণেই হারিয়ে গেছে এ বাহন। আগে গরুর গাড়ি চালাতেন এমন একজন আবদুর রশীদ। এখন ছোট একটি দোকান চালান। পেশা পরিবর্তন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘গরুর খাবারের যে দাম তাতে ভাড়া দিয়ে কুলায় না। তা ছাড়া মানুষ এখন ট্রাক, পিকআপ, ভ্যানে মালামাল পরিবহন করতে চায়। তাই গরু বিক্রি করে দিয়েছি।’ খাতুনগঞ্জ এলাকার ব্যবসায়ী মোহরম আলী জানান, ‘গরুর গাড়িতে মালামাল উঠানামা করতে বেশ ঝামেলায় পড়তে হয়। তাই এর ব্যবহার কমে গেছে।’ এভাবেই প্রযুক্তির চাপে পিষ্ট হয়ে যাচ্ছে বাংলার অনেক ঐতিহ্য কিন্তু শেকড়ের সন্ধানে বাঙালিরা আবার ফিরে যায় পুরাতনে—ভিন্ন আঙ্গিকে, নতুনভাবে।