আবদুররাহিম এল-কেইব দেশটির সাবেক স্বৈরশাসক গাদ্দাফির পতনের পর ১০ মাস লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) নেতৃত্ব দিয়েছেন। দেশ বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে, স্বীকার করেন এল-কেইব। তবে ভবিষ্যৎ নিয়ে তিনি বেশ আশাবাদী। লিবিয়ায় সম্প্রতি বেশ কয়েক দফায় জাতিগত লড়াই এবং একের পর এক বোমা হামলা হওয়া সত্ত্বেও তাঁর উদ্যমে এতটুকু ঘাটতি নেই। দৃঢ়প্রত্যয়ী এল-কেইব বলেন, ‘আমি নতুন এক লিবিয়ার উন্মেষ দেখতে পাচ্ছি, যা সাগরের ঢেউয়ের মতোই সুন্দর।’লিবিয়ার রাজধানী ত্রিপোলিসহ বড় তিন শহরে সাম্প্রতিক বোমা হামলা প্রসঙ্গে এল-কেইবের মন্তব্য, ‘এসব ঘটনায় জিহাদিদের হাত নেই। প্রয়াত গাদ্দাফির অনুগতরা প্রতিবেশী দেশগুলোর মদদে এসব অপরাধ করছে।’ ‘বিপথগামী গুটিকয়েক মানুষের’ কর্মকাণ্ডে মনোযোগ দেওয়ার পরিবর্তে এল-কেইব লিবিয়ার সামাজিক বৈচিত্র্যের সুরক্ষার ব্যাপারেই বেশি আগ্রহী। দেশটির আনুমানিক ৯০ শতাংশ বাসিন্দাই আরবের অধিবাসী। তবে ত্রিপোলির পশ্চিমে উপকূলীয় পর্বতমালা ও মরু অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে বসবাস করে বেশ কয়েকটি জাতিগোষ্ঠী। এসব জনগোষ্ঠীর মানুষ একদিন নিজেদের লোকনৃত্য নিয়ে রাজপথে বের হয়ে আসবে বলে এল-কেইব আশাবাদী। তিনি চান, লিবীয়দের এই বহুবর্ণিল সামাজিক বৈচিত্র্য সম্প্রসারিত হোক। কর্নেল গাদ্দাফি ১৯৬৯ সালে লিবিয়ার ক্ষমতা গ্রহণের পর সামাজিক-সাংস্কৃতিক বৈচিত্র্য বিকাশের পথ রুদ্ধ করেদিয়েছিলেন। এল-কেইব বলেন, ‘আমি যখন বেড়ে উঠছিলাম, আমাদের বাড়ির পাশে তখন ইতালীয় ও ইহুদিদের বাড়িঘর ছিল। সেখানে গির্জা, সিনাগগ প্রভৃতি উপাসনালয় ছিল। তখন এসব ছিল আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারের অংশ।’ দেশের সাম্প্রতিক নির্বাচনের দিকে ইঙ্গিত করে এল-কেইব বলেন, ধর্মনিরপেক্ষ জোটের কাছে ইসলামপন্থী দলগুলো পরাজিত হয়েছে। এতে প্রমাণিত হয়, লিবিয়া বিশ্বের নবীনতম গণতান্ত্রিক সম্প্রদায়ে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে। যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার পুনর্গঠন প্রকল্পে ৬৫ কোটি মার্কিন ডলার বণ্টন ও সীমান্তরক্ষা এবং অস্ত্র চোরাচালান বন্ধের উদ্যোগ নেন এল-কেইব। এসব অস্ত্র মালি থেকে গাজা উপত্যকায় ফিলিস্তিনি জিহাদিদের কাছে পাঠানো হতো। এল-কেইব বলেন, লিবিয়ার এখনকার পথ বন্ধুর হলেও সামনে রয়েছে আলোর আভাস। এল-কেইব একসময় যুক্তরাষ্ট্রের অ্যালাবামা বিশ্ববিদ্যালয়ের তড়িৎ প্রকৌশল বিভাগেঅধ্যাপনা করতেন। ৬২ বছর বয়সী এই ব্যক্তিকে দেখলে হুট করে বিশ্বাস হবে না তিনি সদ্য আট মাসের-বিপ্লব পেরোনো বিকাশমান একটি দেশের সরকারপ্রধান। তবে তাঁর অমায়িক হাসির পেছনে অভিজ্ঞতার ছাপও রয়েছে। এল-কেইব গাদ্দাফির শাসনামলে একজন ভিন্নমতাবলম্বী হিসেবে দশকব্যাপী আন্দোলন করেছেন। বিপ্লব চলাকালে তিউনিসিয়া থেকে গাদ্দাফিবিরোধীদের তহবিল জোগানোর কাজ করেন তিনি। অতীতের যাবতীয় বিভেদ দূর করে লিবিয়া এখন পুনর্গঠনের পথে এগিয়ে যেতে চায়। এল-কেইব বাস্তবতাবর্জিত আশাবাদের কথা বলেন না। দেশের সামনে সম্ভাব্য সব চ্যালেঞ্জের ব্যাপারে তিনি অকপট। তাঁর মতে, গাদ্দাফি-উৎখাত আন্দোলনের পুরোভাগে থাকা মিলিশিয়া বাহিনীর এক লাখ সদস্যের নিরস্ত্রীকরণ এই মুহূর্তে লিবিয়ার জন্য সবচেয়ে কঠিন কাজগুলোর একটি। এদিকে, কেন্দ্রীয় শাসনের পরিবর্তে যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার দাবিতে বিশাল দেশটির পূর্বাঞ্চলে সাইরেনাইকা প্রদেশে আন্দোলন শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের অবহেলার শিকার স্থানীয় মানুষ এ আন্দোলনে জোর সমর্থন দিচ্ছে। প্রতিশ্রুতি রক্ষায় এনটিসির ‘ব্যর্থতায়’ তারা হতাশ ও ক্ষুব্ধ। বিদ্রোহীদের দেশজুড়ে অবাধ বিচরণকে লিবীয়দের অনেক সমস্যার একটি বড় কারণ বলে মনে করা হয়। সড়ক-মহাসড়কে তল্লাশির দায়িত্ব এখনো ওই সশস্ত্র ব্যক্তিদের হাতেই রয়েছে। এল-কেইব ধাপে ধাপে এ সমস্যার সমাধান করতে চান। তিনি বলেন, সম্মিলিতভাবে নয়, এই যোদ্ধাদের এক এক করে ফিরিয়ে আনতে হবে। তবে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র বিদ্রোহীদের ব্যাপারে লিবিয়ার অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের গতি ধীর। বিদ্রোহীদের নিরস্ত্রীকরণ, সামরিক বাহিনীতে তাঁদের আনুষ্ঠানিক অন্তভুর্িক্ত কিংবা স্বেচ্ছায় বেসামরিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ প্রদান—এসব উদ্যোগের ব্যাপারে এনটিসিকে অক্ষম ও অনিচ্ছুক বলে মনে হচ্ছে।যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে সাইরেনাইকার বাসিন্দাদের আন্দোলনের মাত্রা ক্রমেই বাড়ছে। লিবিয়ার তিনটি প্রদেশে ১৯৫১ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত স্বতন্ত্র রাজস্ব নিয়ন্ত্রণব্যবস্থা ছিল। তবে স্থানীয় স্বায়ত্তশাসনের দাবিতে সাইরেনাইকার অধিবাসীদের আন্দোলনকে গণতন্ত্র চর্চার একটি অংশ বলেই মনে করেন এল-কেইব। তিনি মনে করেন সংকট নিরসনের সবচেয়ে ভালো উপায় হচ্ছে পৌরসভা ও প্রদেশগুলোর ক্ষমতায়ন করে বিকেন্দ্রীকরণ করা। প্রান্তিক অঞ্চলগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক সরকারি প্রতিষ্ঠান স্থানান্তর করতে হবে। কিন্তু কর্নেল গাদ্দাফি ১৯৮০-এর দশকের শেষ দিকে বিকেন্দ্রীকরণের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন। ত্রিপোলিতে ১৯৮৬ সালে মার্কিন বোমা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপর এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে গাদ্দাফি তাঁর অরক্ষিত সরকারব্যবস্থাকে দেশব্যাপী ছড়িয়ে দেন। কিন্তু কয়েক বছর পর তাঁর উপলব্ধি হয়, বিশাল মরুভূমি সংবলিত দেশটিতে সরকারি প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই তিনি মন্ত্রীদের ত্রিপোলিতে ফিরিয়ে আনেন। বিশ্লেষকদের অনেকে মনে করেন, বর্তমান লিবিয়ায় প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ করলে হিতে বিপরীত হতে পারে।প্রান্তিক জনগণের উন্নয়নের বদলে গোটা রাষ্ট্রব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আশিস আচার্য, সূত্র: টাইম।