শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ। ক্যাম্পাসে ফেরা হয় না অনেকদিন হলো। কীভাবে কাটছে শিক্ষার্থীদের সময়? সেটাই ছাত্রছাত্রীরা লিখে জানাচ্ছেন ‘এ সময়ের দিনলিপি বিভাগে’। আপনিও লেখা পাঠাতে পারেন এই ইমেইলে: [email protected]। অথবা যোগাযোগ করুন স্বপ্ন নিয়ের ফেসবুক পেজে।
‘বাহিরের স্বাধীনতা গিয়েছে বলিয়া
অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দিই।’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এ উক্তি ইদানীং বারবার ঘুরেফিরে মনে আসছে। বিশ্বজুড়ে মহামারি বদলে দিয়েছে মানুষের জীবন। জীবনে যুক্ত হয়েছে কয়েক গুচ্ছ নতুন শব্দ ও অভ্যাস। প্রায় সবারই অস্থির সময়ের শুরুটা হয়েছিল আতঙ্ক আর নানাবিধ ভয়ভীতি নিয়ে। আমিও ব্যতিক্রম নই। প্রতিদিন টিভির সামনে বসে আক্রান্ত ও মৃত্যুর হালনাগাদ তথ্য শোনা এবং স্বজনদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া—খুব কঠিন এক সময়। এত কিছুর মধ্যেও এখনো পর্যন্ত সুস্থ আছি, একে বিধাতার আশীর্বাদই বলতে হয়।
সময়ের সঙ্গে ধীরে ধীরে নতুন স্বাভাবিক জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠেছি। আগে যেখানে ঘুম থেকে উঠেই বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের সময় ধরে বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিতাম, সেই জায়গায় এখন দিন শুরু হয় মুঠোফোনে চোখ বুলিয়ে। সারা দিনের বিভিন্ন অনলাইন ক্লাস, অধিবেশন বা সভার সময়সূচি মিলিয়ে দিনের পরিকল্পনা করতে হয়। আমার আর বোনের অনলাইন ক্লাস, মায়ের শিক্ষকতা আর বাবার অফিস—সব চলছে ঘরে বসেই ল্যাপটপ বা মুঠোফোনে। একসঙ্গে খেতে বসলে বা গল্প করতে বসলে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করা, পুরোনো দিনের গল্প শুনে স্মৃতিকাতর হয়ে যাওয়া, পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান বা বেড়ানোর ছবি দেখা, আত্মীয়স্বজনের খবরাখবর নেওয়া, সিনেমা দেখা, একত্রে প্রার্থনা, শরীরচর্চা করা, স্বাস্থ্যবিধি মেনে চলার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা, দেশ-বিদেশের সাংস্কৃতিক, রাজনৈতিক পর্যালোচনাসহ নানা কিছুর মধ্যে কাটছে এই ‘প্রায়’ গৃহবন্দী জীবন।
নানারকম বই পড়া, অনলাইনে বিভিন্ন কোর্সে অংশ নেওয়া, টুকটাক রান্না, নিজের ভালো লাগার বিভিন্ন বিষয় নিয়ে গুগল, পিন্টারেস্ট বা ইউটিউবে খোঁজ করা, সকাল-বিকেল আয়েশ করে গান শুনতে শুনতে চা খাওয়া—এসবেরও সুযোগ করে দিয়েছে এই করোনাকাল। সময়টা স্বস্তিদায়ক নয়, তবে কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সবাই একসঙ্গে থেকে কঠিন সময়টা পার করার মানসিক শক্তি পেয়েছে। এ ছাড়া করোনা তরুণ প্রজন্মকে নিজেদের ভিন্নভাবে উপস্থাপন করার অসংখ্য সুযোগ এনে দিয়েছে। ঘরে বসেই নিজের সৃজনশীলতা প্রকাশের সুবর্ণ সুযোগ অনেকে তো হাতছাড়া করেনইনি; বরং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফল হয়েছেন। আমিও তেমন একটা প্রতিযোগিতায় অংশ নিয়েছি। পুরস্কার আমি পাইনি, তবে ভালো একটা অভিজ্ঞতা হয়েছে।
সবকিছু ছাপিয়ে মানুষ পেয়েছেন আত্মপর্যালোচনার সুযোগ। নিজের কী করতে ভালো লাগে, আমি আশপাশের মানুষ নিয়ে কতটা ভাবি কিংবা আমাকে নিয়ে কে কতটা ভাবেন—এমন অনেক প্রশ্নের উত্তর দিয়েছে এই দুঃসময়।
লেখক: শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়