নতুন শেয়ার সরবরাহ জরুরি
কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখাসহ বেশ কিছু পদক্ষেপ নেওয়ায় গতিশীলতা এসেছে পুঁজিবাজারে। এই চাঙাভাব ধরে রাখতে বাজার বিশ্লেষকেরা নতুন কোম্পানির শেয়ার ছাড়ার ওপর জোর দেন। বাজার বিশ্লেষকেরা বলেছেন, কালোটাকা বিনিয়োগের অনুমতি দেওয়ার পাশাপাশি মুনাফার ওপর কর প্রদান এবং বিও অ্যাকাউন্টের ক্ষেত্রে টিআইএনের (টেক্স আইডেন্টিফিকেশন নম্বর) বাধ্যবাধকতা তুলে নেওয়ায় বাজার গতি পেয়েছে। এতে ইতিবাচক প্রভাব পড়েছে লেনদেন ও সূচকে। তাঁদের মতে, বাজারে এখন যে পরিস্থিতি তাতে তারল্য বাড়ানোর চেয়ে বরং চাহিদা বাড়ানোর ওপর মনোযোগ দেওয়া দরকার। সরকারি কোম্পানির শেয়ার ছেড়ে বাজারে চাহিদা সৃষ্টির তাগিদ দিয়েছেন তাঁরা। এ প্রসঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বলেন, ‘শেয়ার ছাড়ার এটাই উপযুক্ত সময়। এখনই শেয়ার ছাড়া না হলে বিপদে পড়তে হবে।’ জানা গেছে, চলতি বছরে ২৩টি সরকারি কোম্পানির শেয়ার বাজারে ছাড়া হচ্ছে। পুঁজিবাজারে ইতিবাচক পরিস্থিতি ফিরে আসায় ভালো শেয়ারের জোগান বাড়ানোর লক্ষ্যে এসব শেয়ার ছাড়ার উদ্যোগ নেওয়া হয়। এ ব্যাপারে গত বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, অ্যাসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড, টেলিটক বাংলাদেশ লিমিটেড, বিটিসিএল, বাংলাদেশ কেব্ল শিল্প লিমিটেড, টেলিফোন শিল্প সংস্থা, সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেড, বিমান বাংলাদেশ লিমিটেড, ডেসকো, লিক্যুফাইড পেট্রোলিয়াম গ্যাস লিমিটেড, বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, জালালাবাদ গ্যাস সিস্টেম লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড। উল্লেখ্য, ঢাকা ও চট্টগ্রাম দুটি পুঁজিবাজারে অব্যাহতভাবে দরপতন দেখা দিলে গত ১৪ ফেব্রুয়ারি সরকারি কোম্পানির শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর জানিয়ে দেওয়া হয়, পরিস্থিতির উত্তরণ না ঘটলে আবারও সরকারি কোম্পানির শেয়ার ছাড়া হবে। সিএসইর পরিচালক ও বাজার বিশ্লেষক এ এস এম শহীদুল্লাহ বলেন, ‘সরকারি এবং বেসরকারি উভয় প্রতিষ্ঠানের শেয়ারের সরবরাহ বাড়াতে হবে। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) বহু বেসরকারি প্রতিষ্ঠানের শেয়ারের আবেদন জমা আছে। এগুলোর দাম নির্ধারণ করে বাজারে পাঠানো দরকার। আর সরকারি শেয়ারগুলোর ক্ষেত্রে সময় ক্ষেপণ না করে সরাসরি এগুলোর তালিকা এসইসিতে পাঠানোই যথোচিত হবে বলে মনে করি। পরে সেখান থেকেই এগুলোর যুগোপযোগী দাম নির্ধারণ হওয়া উচিত।’