নতুন শ্রেণীতে পড়া শুরু নিয়ে অন্য রকম আয়োজন কলকাকলি উচ্চবিদ্যালয়ে
প্রাঙ্গণজুড়ে সাজ সাজ রব। সেজেছে ছোট সোনামণিরা, বড়রাও মেতেছে নতুন শ্রেণীতে পড়াশোনা শুরু করার আনন্দে। শিক্ষার্থীদের নিয়ে অন্য রকম একটি অনুষ্ঠান হয়ে গেল আগ্রাবাদ বহুতলা কলোনি-সংলগ্ন কলকাকলি উচ্চবিদ্যালয়ে।১৫ জানুয়ারি সেই আনন্দ আয়োজনে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদুল হক। বক্তব্য দেন বহুতলা সরকারি কলোনি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল লতিফ, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য আবদুল মতিন মিঞা, বিদ্যালয়ের শিক্ষক আহসান করিম, একরামুল হক, কোহিনূর বেগম, নিজাম উদ্দিন প্রমুখ। এতে প্রায় ২৫০ শিক্ষার্থীকে দিনপঞ্জি, শ্রেণী কার্যক্রমের সূচি দেওয়া হয়, বিদ্যালয়ের পরীক্ষাপদ্ধতি ও নিয়মাবলি সম্পর্কে অবহিত করা হয়।শিক্ষকেরা বলেন, ‘নতুন বছরের পাঠ সম্পর্কে শিক্ষার্থীদের মনোযোগী করে তোলার জন্য এই আয়োজন।’আবদুল লতিফ বলেন, ‘বিদ্যালয়ের সাফল্যের ধারাবাহিকতা রক্ষায় নিয়মকানুন সঠিকভাবে অনুসরণ করে পাঠ গ্রহণ করতে হবে।’আবদুল মতিন মিঞা বলেন, ‘শিক্ষার্থীদের পাঠ উন্নয়নে অভিভাবকদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’প্রধান শিক্ষক আহমেদুল হক বলেন, ‘বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক পাঠদানের ব্যাপারে আন্তরিকভাবে চেষ্টা করছেন। অভিভাবকেরাও এ ব্যাপারে মনোযোগী হলে আরও ভালো ফলাফল করা সম্ভব।’ তিনি সহপাঠ্য বিষয়ে জোর দেওয়ার জন্য শিক্ষার্থীদের উপদেশ দেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. রফিকুল আলম।