নতুন সংযোজন গ-মু-খা হালিম
নগরের জিইসি মোড় এলাকায় অভিজাত অনেক রেস্টুরেন্ট আছে। রমজানে এসব রেস্টুরেন্টের সামনে ইফতার কেনার জন্য ভিড় থাকে। এ এলাকায় সম্প্রতি চালু হয়েছে হান্ডি ইন্ডিয়ান বিস্ট্রো নামের একটি অভিজাত রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ রমজান উপলক্ষে ৪০ রকমের খাবার নিয়ে ইফতারের সম্ভার সাজিয়েছে। প্রতিষ্ঠানটি এই প্রথম নিয়ে এসেছে বিশেষ ধরনের গ-মু-খা (গরু, মুরগি ও খাসি) হালিম। দক্ষিণ ভারতের খাবারের সঙ্গে সামঞ্জস্য রেখে এ হালিম তৈরি করছেন তাঁরা। এরই মধ্যে গ-মু-খা হালিম ভোজনরসিকদের টানছে বলে জানা গেছে। প্রতিদিন দুপুরের পর থেকে হান্ডি ইন্ডিয়ান বিস্ট্রোর সামনে ভিড় লেগে যায়। নগরের ঐতিহ্যবাহী ইফতারির দোকানগুলোও এখন সরগরম। জানা গেছে, হান্ডি ইন্ডিয়ান বিস্ট্রোর চারটি গুচ্ছ (প্যাকেজ) ইফতারের প্রতিটির প্যাকেজের দাম রাখা হয়েছে ২২৫-৩২০ টাকা। গ-মু-খা হালিমের দাম ৩৪০ টাকা। হান্ডি ইন্ডিয়ান বিস্ট্রোতে ২৫০ গ্রামের বার ভাজার দাম ৬০ টাকা। সুতলি খাবাব ২৫০ টাকা। তাজা ভাজা পাওয়া যাচ্ছে ৬-২৫ টাকায়। ১৬০-৩০০ টাকার মধ্যে রয়েছে চার ধরনের হালিম। বরা মিলছে ২০-২৫ টাকার মধ্যে। ৩৫-৪০ টাকায় তিন ধরনের বিশেষ শরবত মিলছে। খাসি ও গরুর চপের দাম ৬০-৮০ টাকা। হান্ডি ইন্ডিয়ান বিস্ট্রোর ব্যবস্থাপনা পরিচালক কামরুল আহসান হাবিব প্রথম আলোকে বলেন, ‘আমরা নতুনভাবে শুরু করেছি। মুনাফা করা এ মুহূর্তে প্রধান উদ্দেশ্য নয়। ভোক্তাদের আকৃষ্ট করতে উত্কৃষ্টমানের খাবার তৈরি করছি। প্রতিটি খাবারের দামও সহনীয় পর্যায়ে রেখেছি।’ এনায়েতবাজার রয়েল বাংলা সুইটসের ইফতারের কদর দিন দিন বাড়ছে। সুনাম ও ঐতিহ্যের সঙ্গে এ প্রতিষ্ঠানটি ব্যবসা করে আসছে দীর্ঘ সময় ধরে। দুপুর থেকেই ক্রেতার ভিড় বাড়তে দেখা যায় ওই দোকানে। তবে রাস্তার পাশে বলে প্রায়ই জনজট লেগে যায়। ইফতারের আগপর্যন্ত চলে কেনাকাটা। এখানে জিলাপি বিক্রি হয় ১৬০ টাকা, ফিরনি ৩০০, সেমাই ২০০ টাকা, মাটন ও চিকেন হালিম ৩০০ টাকা কেজি। এ ছাড়া সমুচা ১০ টাকা, কাবাব ১০ টাকা। আগ্রাবাদ সিলভার স্পুনের ইফতারে আছে ৫০ পদ। এর মধ্যে আছে দইবড়া, বিফ ওয়ালটন, লেন চাপ, মেজবানির গোশত ও বিরিয়ানি। প্রতিদিন বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইফতার বিক্রি হয়। ইফতারের আয়োজন রয়েছে বুফে ডিসপ্লেতেও। রয়েছে রাতের খাবারের ব্যবস্থাও—জানান সিলভার স্পুনের পরিচালক আলমগীর হোসেন। দেওয়ানহাটে অবস্থিত আরমান হোটেলের ফিরনির কদরও কম নয়। দলে দলে ক্রেতা এসে ফিরনির প্যাকেট নিয়ে যান। এরমধ্যে রয়েছেন রোজাদার ও খাবারের দোকানিরা। পুরো রমজানে এখানে শুধু ফিরনি বিক্রি হয়। রোজার পর আবার হোটেল চালু হয়। এক কেজি ফিরনি বিক্রি হয় ১৬০ টাকা দামে। এ ছাড়া ছোট মাটির পাত্রের এক ডজন ফিরনির দাম ১৫৬ টাকা।