নতুন সন্ধিক্ষণে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যাশামতোই চীনের নতুন নেতা হতে যাচ্ছেন শি জিনপিং। চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সপ্তাহব্যাপী সম্মেলন শেষ হওয়ার পরদিন গতকাল বৃহস্পতিবার ঘোষণা করা হয় নতুন নেতাদের নাম। ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং হয়েছেন সিপিসির নতুন সাধারণ সম্পাদক।নতুন নেতারা পাঁচ মাস ধরে ধীরে ধীরে দায়িত্ব গ্রহণ করবেন। ২০১৩ সালের মার্চে পার্লামেন্টের বার্ষিক অধিবেশনে আনুষ্ঠানিকভাবে শেষ হবে বর্তমান প্রেসিডেন্ট হু জিনতাওয়ের মেয়াদ। অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখার বাইরে নতুন নেতাদের প্রধান বিবেচনা হবে দুর্নীতি মোকাবিলা ও রাজনৈতিক সংস্কার। নির্বাচিত হয়েই শি জিনপিং নেতাদের মনে করিয়ে দিয়েছেন, দল এখন নানা ‘গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি’।শি জিনপিংয়ের পারিবারিক পটভূমি উল্লেখযোগ্য। দেশের উন্নয়নে তাঁর বাবা সাবেক নেতা শি ঝংজুনের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। কমিউনিস্ট বিপ্লব ও পরবর্তী অর্থনৈতিক গোড়াপত্তনে জোরালো ভূমিকা রেখেছিলেন তিনি। সেই বাবার সুযোগ্য সন্তান হিসেবে সেনাবাহিনীসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা রয়েছে শি জিনপিংয়ের। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ‘চাহিদা পূরণে বিশেষজ্ঞ’ বলে গণ্য করা হয় তাঁকে। এ ছাড়া পাঁচ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক বিষয়গুলোয় জানাশোনার পরিধি বাড়িয়েছেন জিনপিং। অবশ্যই আজকের দিনটির কথা মাথায় রেখে।দুই পক্ষের মধ্যে অন্তর্দ্বন্দ্ব থাকলেও শেষ পর্যন্ত সমঝোতার মধ্য দিয়েই বুধবার শেষ হয় সিপিসির সম্মেলন। নেতৃত্ব নিয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন ও বর্তমান প্রেসিডেন্ট হু জিনতাওয়ের নেতৃত্বাধীন দুই পক্ষে দ্বন্দ্ব ছিল। এ ছাড়া আরও নানা সংকটের প্রেক্ষাপটে অনুষ্ঠিত হলো ক্ষমতাসীন (এবং দেশের একমাত্র) দলের সম্মেলন। গণচীনে প্রতি এক দশক পর ক্ষমতার পালাবদল হয়। সে হিসাবে এবারেরটি ছিল পরবর্তী প্রজন্মের নেতাদের কাছে ক্ষমতা হস্তান্তরের সম্মেলন।কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি গঠনের মাধ্যমে বুধবার শেষ হয় সাত দিনের সম্মেলন। ওই কমিটির ওপরই দলের পলিটব্যুরো, পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি ও সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব।বিভিন্ন কারণে এবার সিপিসি সম্মেলনকে ঘিরে ছিল বাড়তি আগ্রহ। সাম্প্রতিক সময়ে দলটিকে ব্যাপক অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানামুখী চাপের মোকাবিলা করতে হচ্ছে। অভ্যন্তরীণ বিষয়গুলোর মধ্যে রয়েছে দলীয় নেতাদের দুর্নীতি, রাজনৈতিক সংস্কারের জন্য চাপ, বিভিন্ন প্রদেশে স্থানীয় কয়েকটি ইস্যুতে আন্দোলন ইত্যাদি। আন্তর্জাতিক বিষয়ের মধ্যে রয়েছে পূর্ব চীন সাগরে দ্বীপের মালিকানা নিয়ে জাপানের সঙ্গে বিরোধ ও বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে নতুন করে টানাপোড়েন।বলা হচ্ছে, ১৯৮০ সালের পর থেকে চীনা কমিউনিস্ট পার্টিকে ক্ষমতার পালাবদলের প্রাক্কালে এত কেলেঙ্কারি বা সংকটের মুখোমুখি হতে হয়নি।দুর্নীতি নিয়ে সিপিসি বেশ বিব্রতকর পরিস্থিতিতে রয়েছে। সম্মেলনে বিদায়ী প্রেসিডেন্ট হু জিনতাও সতর্ক করে দিয়ে জানান, দুর্নীতি এমন পর্যায়ে উঠেছে যে তা কমিউনিস্ট পার্টিকেই ধ্বংস করে দিতে পারে।সম্প্রতি সিপিসি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় কেলেঙ্কারির মুখে পড়ে। তা হলো, দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা ও পলিটব্যুরোর সদস্য বো শিলাইয়ের দুর্নীতির অভিযোগ। তাঁকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হয়েছে। অথচ কিছুদিন আগেও বো শিলাইকে চীনের অন্যতম ভবিষ্যৎ নেতা বলে ভাবা হতো। এই সম্মেলনেই দলের গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়ার সম্ভাবনা ছিল তাঁর।বিশ্লেষকদের মতে, চীনা কমিউনিস্ট পার্টিকে বাইরে থেকে এখনো পাথরের মতো কঠিন ও সুরক্ষিত মনে হলেও দলটির ভেতরে অবক্ষয় শুরু হয়েছে। শীর্ষ নেতৃত্ব বিষয়টি ভালোভাবেই বুঝতে পারছেন। এ কারণেই দেশের ১৩০ কোটি মানুষের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী দলটির সম্মেলনে অভ্যন্তরীণ দুর্নীতির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। মনে করা হচ্ছে, সাধারণ মানুষের কাছে শাসক দলের গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনতে হলে দুর্নীতি প্রতিরোধ করা অপরিহার্য।ইন্টারনেট তথা তথ্যপ্রযুক্তির অগ্রগতি চীনা নেতাদের শঙ্কায় ফেলে দিয়েছে। চীনে এবারের ক্ষমতার পালাবদল হচ্ছে টুইটার ও ফেসবুকের রমরমার মধ্যে। টুইটার চীনে বন্ধ থাকলেও এর মতো স্থানীয়ভাবে তৈরি একটি সাইট রয়েছে। এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সরকারবিরোধী অনেক কিছুই এতে উঠে আসছে। সরকারবিরোধী তৎপরতা বন্ধে গঠন করা হয়েছে ইন্টারনেট পুলিশ। তবে পুলিশের তৎপরতা সত্ত্বেও ইন্টারনেটে সরকারের সমালোচনা করা বন্ধ হচ্ছে না। গণমাধ্যম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট চায়না ডিজিটাল টাইমস বলছে, চীনে অনেক কিছুই নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। তবে সব ক্ষেত্রে কর্তৃপক্ষ সফল হচ্ছে না।অর্থনৈতিক বৈষম্য ও মজুরি নিয়ে বিরোধের পাশাপাশি বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে বিক্ষোভের ঘটনা বাড়ছে চীনে। গত অক্টোবরে সাংহাই প্রদেশের ৯০ মাইল দক্ষিণে বন্দরনগর নিংবোতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে। একটি রাসায়নিক প্রকল্প সম্প্রসারণের বিরুদ্ধে ওই বিক্ষোভ প্রদর্শন করে তারা। প্রকল্পটি সম্প্রসারিত হলে পরিবেশ দূষণ বাড়বে বলে সবার আশঙ্কা। পরে কর্তৃপক্ষ জনগণের দাবি মেনে নেয়। জুনে সিচুয়ান প্রদেশে একটি তামা শোধনাগার প্রকল্পের বিরুদ্ধে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। ওই মাসেই সাংহাই প্রদেশের কিদং এলাকায় বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা নিয়ে বিক্ষোভ করে স্থানীয় ব্যক্তিরা। তিনটি ঘটনাতেই শেষ পর্যন্ত জনগণের দাবি মেনে নেওয়া হয়। তবে দেশব্যাপী সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় উদ্বেগ ও ক্ষোভের সঞ্চার করেছে সাধারণ মানুষের ভূমি অধিগ্রহণ ও উচ্ছেদের বিষয়টি।কমিউনিস্ট পার্টির নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরেকটি বড় সমস্যা। অনেক বিশ্লেষক বলেছেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের ব্যাপারে দলের উদ্বেগের কথা বিবেচনা করে বর্তমান প্রেসিডেন্ট হু জিনতাও আরও কয়েক বছর প্রভাবশালী কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান পদে থেকে যেতে চাইতে পারেন, যা করেছিলেন তাঁর পূর্বসূরি জিয়াং জেমিন। কিন্তু গতকাল শি জিনপিংকে ওই দায়িত্বটিও দেওয়া হয়েছে। এ কারণে এ নিয়ে গুঞ্জনের অবসান হলো।এদিকে ক্রমেই বাড়ছে সংস্কারের চাপ। সিপিসির গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা কার্যত ব্যর্থ হয়েছে। তবে নতুন নেতারা মূলত রক্ষণশীল হিসেবে পরিচিত হওয়ায় সংস্কারের সম্ভাবনা নিয়ে অনেকেই হতাশ।  সূত্র: বিবিসি, এএফপি, রয়টার্স।