ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে যাঁরা পড়তে চান, তাঁদের জন্য নতুন দুটি বিষয় হচ্ছে—অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ও অ্যাভিয়োনিক্স ইঞ্জিনিয়ারিং। ২০০৮ সাল থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিষয় দুটি পড়ানো হচ্ছে। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং হলো এয়ার ক্রাফটের যান্ত্রিক অংশবিষয়ক অধ্যয়ন, যেখানে এয়ার ক্রাফটের ইঞ্জিন, বডি, ল্যান্ডিং হুইল রক্ষণাবেক্ষণ এবং প্রস্তুতকরণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে পাঠদান করা হয়। অন্যদিকে এয়ারক্রাফটের ইলেকট্রনিক এবং রাডারের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় পড়ানো হয় অ্যাভিয়োনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে।প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন নতুন বিষয়। উদ্দেশ্য দক্ষ জনশক্তি তৈরি, যাঁদের কর্মক্ষেত্রে চাহিদাও অনেক বেশি। এ প্রসঙ্গে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সুমন সরকার বলেন, ‘বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০টি এয়ারলাইনসের বিমান যাওয়া-আসা করছে। ওসব বিমান রক্ষণাবেক্ষণ ও সার্ভিসিংয়ের জন্য প্রচুর ইঞ্জিনিয়ার দরকার। এমনকি আমাদের দেশের যে কয়টি এয়ারলাইনস আছে, তারাও দেশি ইঞ্জিনিয়ার না পেয়ে বিদেশি ইঞ্জিনিয়ার নিয়োগ দিচ্ছে।’কোথায় পড়া যাবেঅ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ও অ্যাভিয়োনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি, সেক্টর-১১, রোড-০২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকায়। সেমিস্টার পদ্ধতির এই কোর্স আটটি সেমিস্টারে, চার বছরের। এ ছাড়া দেশের বাইরে এ বিষয়ে পড়া যায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারতসহ ইউরোপের বিভিন্ন দেশে।পড়ার যোগ্যতা ও খরচবাংলাদেশে অ্যারোস্পেস বা অ্যাভিয়োনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে চাইলে প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। আবেদনপত্র সংগ্রেহের সর্বনিম্ন যোগ্যতা জিপিএ-২। উল্লেখ্য, এখানে এসএসসিতে যেকোনো বিভাগ থেকে পাস করা শিক্ষার্থী আবেদন করতে পারবে। এবং সেই সঙ্গে সর্বোচ্চ বয়সসীমা ২৮ বছরের মধ্যে যেকোনো বর্ষে এসএসসি পাস করা শিক্ষার্থীও আবেদন করতে পারবেন।কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি থেকে যেকোনো একটি বিষয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে চার বছরে মোট প্রাতিষ্ঠানিক খরচ হবে তিন লাখ টাকা। এ ছাড়া দেশের বাইরে এ বিষয়ে পড়তে হলে খরচ নির্ভর করবে শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর।উচ্চশিক্ষার সম্ভাবনাঅ্যারোস্পেস বা অ্যাভিয়োনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়া যাবে ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন অরগানাইজেশনের অধীনে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি, উত্তরা, ঢাকা থেকে। ফোন: ৮৯৯১৩৭১, ০১৯৩৭১৮২৪৭০। ওয়েবসাইট: www.catechedu.com।কাজের সুযোগঅ্যারোস্পেস বা অ্যাভিয়োনিক্স থেকে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা ইঞ্জিনিয়াররা কাজ করতে পারবেন দেশে ও দেশের বাইরের বিভিন্ন এয়ারলাইনস কোম্পানিতে। এ বিষয়ে নেপাল থেকে পড়তে আসা সঞ্জয় পাউডেল বলেন, ‘শুধু এয়ারলাইনস কোম্পানি নয়, কাজের সুযোগ রয়েছে বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোতেও।এসএসসির ফলাফল প্রকাশিত হয়েছে। আর অল্প কিছুদিনের মধ্যে আরম্ভ হবে ভর্তিপ্রক্রিয়া। তাই মেধা, মানসিক সক্ষমতা আর আর্থিক যোগ্যতা বিবেচনা করে যুক্ত হওয়া যেতে পারে আকাশ ছোঁয়ার এই স্বপ্নে।