এসএসসির পরই যারা ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়তে চাও, তাদের জন্য রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে কারিগরে শিক্ষাব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন নতুন বিষয়। লক্ষ্য দক্ষ জনশক্তি তৈরি, যাঁদের কর্মক্ষেত্রে চাহিদাও অনেক বেশি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০০৮ সাল থেকে যুক্ত নতুন দুটি বিষয়। একটি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এবং অন্যটি হলো অ্যাভিয়োনিক্স ইঞ্জিনিয়ারিং। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং হলো এয়ারক্রাফটের যান্ত্রিক অংশবিষয়ক অধ্যয়ন, যেখানে এয়ারক্রাফটের ইঞ্জিন, বডি, ল্যান্ডিং হুইল রক্ষণাবেক্ষণ এবং প্রস্তুতকরণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে পাঠদান করা হয়। অন্যদিকে এয়ারক্রাফটের ইলেকট্রনিক অংশ এবং রডারের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় পড়ানো হয় অ্যাভিয়োনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ও অ্যাভিয়োনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজিতে (ক্যাটেক)। সেমিস্টার পদ্ধতির এই কোর্স আটটি সেমিস্টারে, চার বছরের। এ ছাড়া দেশের বাইরে যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারতসহ ইউরোপের বিভিন্ন দেশে এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।পড়ার যোগ্যতাবাংলাদেশে অ্যারোস্পেস বা অ্যাভিয়োনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করতে চাইলে প্রার্থীকে ন্যূনতম এসএসসি পাস হতে হবে। যারা এসএসসি ন্যূনতম জিপিএ-৩.৫ পেয়েছে, তারা এখানে পড়ার জন্য আবেদন করতে পারবে। এ-লেভেল সম্পন্ন শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবে এই বিষয়ে। আবেদনের বয়সসীমা সর্বোচ্চ ২৮ বছর।উচ্চশিক্ষা ও কাজের সুযোগঅ্যারোস্পেস বা অ্যাভিয়োনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়া যাবে ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন অরগানাইজেশনের অধীনে কলেজ অব অ্যাভিয়েশন টেকনোলজি (ক্যাটেক), সেক্টর-১১, রোড-০২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা থেকে। বিস্তারিত যোগাযোগ: ০২-৮৯৯১৩৭১ অথবা www.catechedu.com ওয়েবসাইটে। দেশ থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে দেশের বাইরেও রয়েছে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ। যোগ্যতার ভিত্তিতে দেশের বাইরে যেমন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারতসহ ইউরোপের বিভিন্ন দেশে পড়ার সুযোগ রয়েছে।অ্যারোস্পেস বা অ্যাভিয়োনিক্স থেকে ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা ইঞ্জিনিয়াররা কাজ করতে পারবেন দেশে ও দেশের বাইরের বিভিন্ন এয়ারলাইনস কোম্পানিতে। কিংবা যেসব প্রতিষ্ঠান এয়ারক্রাফট তৈরি করে থাকে সেসব প্রতিষ্ঠানেও কাজ করার সুযোগ রয়েছে।