নতুন সময়ের অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষা শেষ। অফুরন্ত অবসর। এসএসসি পরীক্ষার্থীরা অপেক্ষা করছে ফলাফলের জন্য। আর কাটাচ্ছে তাদের বহু আকাঙ্ক্ষিত ছুটির সময়। প্রায় মাস তিনেকের এ রকম ছুটি আর কবে মিলবে, কে জানে! কেননা, এরপর শুরু হবে জীবনের আরেক ধাপ—কলেজ-জীবন। তখন আর অবসর কাটানোর সুযোগ পাওয়া যাবে না। পরীক্ষার্থীরা সময়টাকে তাই উপভোগ করতে চায় নিজের মতো করে। লেখাপড়ার ক্লান্তি কাটাতে একেকজন বেছে নেয় একেক পথ। সময়টাকে অবশ্যই উপভোগ করতে হবে। তবে যা-ই করো না কেন, একেবারে অলস সময় কাটানো উচিত নয়। এই সময়টাকে ঠিকমতো কাজে লাগালে সুন্দর ভবিষ্যতের দিকে আরেকটু এগিয়ে যাওয়া যাবে।৫৪ বছর আগের স্মৃতি রোমন্থন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বুয়েটের সাবেক অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। তিনি বলেন, ‘ম্যাট্রিক পরীক্ষা শেষ করে ভারতে ঘুরতে গিয়েছিলাম। এরপর বাকি সময়টা পাবলিক লাইব্রেরিতে গিয়ে বই পড়তাম। ভবিষ্যতে যে পেশাতেই আগ্রহী হোক না কেন, লেখাপড়ার কোনো বিকল্প নেই। বিশ্বখ্যাত সাহিত্য, উপন্যাস সবার পড়া দরকার। প্রযুক্তি, বিজ্ঞান আকর্ষণ করলে এ সম্পর্কে বিস্তর জ্ঞান লাভ করা যাবে ইন্টারনেটের মাধ্যমে। এ ছাড়া ঘরে বসে বিশ্বের যেকোনো বিষয় ব্রাউজিং করে জানতে পারবে। শুধু বসে না থেকে এ সময়টা জ্ঞানচর্চা করে কাটানো যেতে পারে।’যারা হোস্টেলে থেকে লেখাপড়া করেছে, তারা পুরো সময়টা কাটাতে চায় পরিবারের সঙ্গে। রাজশাহী ক্যাডেট কলেজের শিক্ষার্থী প্রত্যয় এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকা ঘুরেছে। আর যেহেতু পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পারে না, সে কারণে অন্যদের থেকে বিশেষ আনন্দ পাচ্ছে সে। ‘নানুবাড়ি, দাদাবাড়ি ঘুরতে গিয়েছিলাম। পরে সময় পাওয়া যায় না। আর খেলাধুলা তো করিই। ক্রিকেট খেলি বেশির ভাগ সময়। উচ্চমাধ্যমিকের বইয়ের যা ভালো লাগছে পড়ছি। নানা ধরনের চলচ্চিত্র দেখতে পছন্দ করি। অবসরে না-দেখা চলচ্চিত্রগুলো দেখা হচ্ছে।’‘তবে এখনই কোচিং কিংবা গৃহশিক্ষকের কাছে ছোটাছুটি করার প্রয়োজন নেই। কিন্তু উচ্চমাধ্যমিকে কোন বিভাগে পড়বে, বিভাগ পরিবর্তন করবে কি না, সেসব সিদ্ধান্ত এখনই নেওয়া উচিত। বড় পরিসরে যাওয়ার জন্য তাহলে মানসিক প্রস্তুতি তৈরি হবে।’ এমনই মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, ‘এ সময়ে প্রত্যেকের প্রযুক্তিগত বিদ্যা জানা দরকার। বিশেষ করে কম্পিউটার। শহরাঞ্চলের শিক্ষার্থীরা কম্পিউটারে পারদর্শী হলেও মফস্বল, গ্রামের ছেলেমেয়েরা পিছিয়ে থাকে। তারা এ সময়টাকে কাজে লাগাতে পারে। কোনো শর্ট কোর্সে ভর্তি হতে পারে। আবার অনেকের সে সামর্থ্য থাকে না। তাই এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করলে অনেকেই শিখতে পারত। একটা সময় ছিল, যখন পরীক্ষা শেষ হলে নিজের স্কুলে শিক্ষকস্বল্পতা থাকলে তারা অন্যদের ক্লাস নিত। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার উদ্যম ছিল। ছুটির এ সময়ে স্বেচ্ছাসেবক হিসেবে জনহিতকর কাজে অংশগ্রহণ করতে পারে তারা।’বই পড়ে অবসর উপভোগ করছে তানজিরা উলফাত। সে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। ‘সেভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। কারণ, বাবা-মা দুজনই কর্মজীবী। ছুটিতে বৈজ্ঞানিক কল্পকাহিনি বেশি পড়া হচ্ছে। এর বাইরেও সব ধরনের বই পড়া হয়। আর ফেসবুক তো আছেই। তার জন্য কিছু সময় বরাদ্দ থাকে।’ বলল তানজিরা। রাজশাহী পিএন গার্লস স্কুলের শিক্ষার্থী আদিবা এই অবসরে ঘুরে এসেছে চট্টগ্রাম থেকে। দেখেছে পতেঙ্গা সমুদ্রসৈকত, ফয়’স লেক। কথা শুনেই বোঝা যাচ্ছিল তার উচ্ছ্বাস। আদিবা বলল, ‘এবার কক্সবাজারে যাওয়া হয়নি। দর্শনীয় স্থানের মধ্যে চট্টগ্রামটাই ভালো করে দেখা হয়েছে এবার। আর পুরোনো বই যেগুলো পড়া হয়নি, সেসব পড়ছি। কীভাবে সময় পার হচ্ছে বুঝতে পারছি না।’ গণিত অলিম্পিয়াডে আরও এগিয়ে যেতে চায় ফাহিম। এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ কোর্স চালু করেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। তাতে অংশ নিতে এসেছে ময়মনসিংহ জেলা স্কুল থেকে। ফাহিম জানায়, ‘এ ছুটিতে গণিত ক্যাম্পেই সবচেয়ে মজার সময় কাটছে।’‘সাহিত্য হচ্ছে মানসিক আনন্দের খোরাক। সে আনন্দকে খুঁজে নিতে হবে। পড়তে হবে বিশ্বসাহিত্য। জানতে হবে সেসব লেখক, কবি, সাহিত্যিকদের জীবনী।’ বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম। ‘অনেকে ভাবে, সাহিত্যিক তো হব না। তাহলে পড়ে কী হবে। জীবনের নানা দিক সম্পর্কে জানতে হলে ভালো সাহিত্য, কবিতা, উপন্যাস, প্রবন্ধ অতুলনীয়। তাই বলে ঘরে বসেই থাকতে হবে, তা নয়। পরিবারের কোনো জ্যেষ্ঠ সদস্যকে নিয়ে বন্ধুদের সঙ্গে দেশভ্রমণে বেরিয়ে পড়তে পারো। নিজের দেশকে ঠিকমতো দেখা উচিত। তা যদি সম্ভব না হয়, তাহলে গ্রামে থাকে এমন কোনো বন্ধুর বাড়িতে বেড়াতে যাও। প্রকৃতির কাছাকাছি না গেলে তার প্রতি শ্রদ্ধা থাকবে না। মূল্য বোঝা যাবে না।’নিজের বাড়িতে থেকেও অন্যের জীবনকে আলোকিত করা সম্ভব। বাড়িতে থাকা কাজের লোকটিকে অক্ষরজ্ঞান দিতে পারো। পথশিশুদেরও লেখাপড়া শেখাতে পারো দিনের একটি সময়ে। এতে করে অপার আনন্দ পাবে শিক্ষার্থীরা। ভালো লাগলে উচ্চমাধ্যমিকের বইগুলো দেখতে পারো। কিন্তু চাপ হিসেবে নেওয়া যাবে না। প্রতিদিনই একটু করে দেখা যেতে পারে, কোন বিষয়গুলো থাকছে। গণিতচর্চা করতে পারো। এটি করলে বইয়ের সঙ্গে আগাম সখ্য তৈরি হবে। পরে দেখলে ভয় লাগবে না। নাটক, আবৃত্তি করতে ভালোবাসলে অনায়াসে সে চর্চা চালিয়ে যাও। সুযোগ থাকলে অনুষ্ঠানে অংশগ্রহণ করো। বিভিন্ন ধরনের প্রদর্শনী, ভালো চলচ্চিত্র দেখার চেষ্টা করো। এসবের মধ্য দিয়ে মানুষের আত্মিক উন্নতি হয়। অলসতা, জড়তা কাটিয়ে ভবিষ্যতে কাজে লাগবে এমন জরুরি কিছু শিখতে পারো। এই যেমন ধরো—সাঁতার, কারাতে; নানা দেশের ভাষা শেখা—ইংরেজি, ফরাসি, জার্মান, স্প্যানিশ ইত্যাদির সংক্ষিপ্ত কোনো কোর্স করা যেতে পারে এ সময়। সংগীতে ঝোঁক থাকলে বেহালা, গিটার, পিয়ানোর ওপর একটু তো মন দেওয়া যায়ই। কোনো শিক্ষা কখনো বৃথা যায় না। সৃষ্টিশীল, মননশীল কাজে নিজের সময় ব্যয় করতে হবে। তাতে আনন্দও থাকবে। কাজেও লাগবে।এসএসসির ফলাফল প্রকাশিত হবে কিছুদিনের মধ্যে। কলেজ-জীবনে প্রবেশের আগে তবু বেশ খানিকটা সময় হাতে থাকছে। চাইলে এখনো পূরণ করতে পারো মনের মধ্যে জমিয়ে রাখা স্বপ্নগুলোকে। ব্রিটিশ কাউন্সিল এসএসসি পরীক্ষার্থীদের জন্য প্রতিবছর ইংরেজি শর্ট কোর্স চালু করে। সেখানে ভর্তি হতে পারো। ইংরেজি ভাষায় দক্ষতা তৈরি হলো।আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা-তে ফরাসি ভাষার পাশাপাশি বেহালা, গিটার ও পিয়ানো শেখানো হয়। জার্মান সাংস্কৃতিক কেন্দ্রেও যেকোনো পছন্দের বিষয়ে ভর্তি হতে পারো। এখানে বিনা মূল্যে দেশ-বিদেশের চলচ্চিত্র, আলোকচিত্র প্রদর্শনী হয়। সেটিও দেখতে ভুলবে না।