নতুন সাজে মহামুনি মন্দির
‘ছোটখাটো চাইঙ্গা ঠাকুর এত বুদ্ধি জানে, রোসাং থেকে মহামুনি কদলপুরে আনে।’ দুই শ বছর আগে এ প্রবাদের প্রচলন হয়েছিল রাউজানের পাহাড়তলী এলাকার মহামুনি বৌদ্ধমন্দিরকে ঘিরে। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, প্রাচীনকাল থেকে এ মন্দিরে নিয়মিত পূজা দেন বৌদ্ধধর্মের অনুসারীরা। এখনো বছরে একবার পূজা দিতে আসেন পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ। চৈত্রের শেষ দিন ও বৈশাখের প্রথম দিন আদিবাসীরা এ মন্দিরে পূজা দিতে আসেন। এ উৎসবকে ঘিরে বসে বৈশাখী মেলা। জাতিধর্ম-নির্বিশেষে এ মেলায় যোগ দেন সব সম্প্রদায়ের মানুষ।স্থানীয় বাসিন্দা নুরুল আলম জানান, ‘আশির দশকে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে পাহাড়ি আদিবাসীরা মেলায় আসা কমিয়ে দেন। ফলে জৌলুশ হারায় মহামুনির মেলা। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় এক দশক থেকে আদিবাসীরা আবার এ মন্দিরে আসতে শুরু করেছেন। তাঁদের ফিরে আসায় প্রাণ পেয়েছে মহামুনি মন্দির।’স্থানীয় বাসিন্দা দোস্ত মোহাম্মদ জানান, মন্দির এলাকায় ব্যাপক উন্নয়নকাজ চলছে। সরকারের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরাও এগিয়ে এসেছেন মন্দিরের উন্নয়নে। মন্দির কমিটির মহাসচিব স্বপন কুমার বড়ুয়া জানান, ‘মন্দিরের উন্নয়নে এক কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। বিশিষ্ট শিল্পপতিরাও এগিয়ে এসেছেন। মন্দিরকে দেশি-বিদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে রূপদানের চেষ্টা চলছে।’ইতিহাসবিদদের মতে, ১৭৬০ সালে রাউজানের বৌদ্ধভিক্ষু চাইঙ্গা ঠাকুর আরাকান রাজ্য ভ্রমণ করেন। এ সময় তিনি আরাকানের রোসাং এলাকায় একটি বিখ্যাত বৌদ্ধমন্দিরে বুদ্ধমূর্তি দেখে মুগ্ধ হন। ১৭৮৩ সালে তিনি দেশে ফিরে এসে রোসাং মন্দিরের বুদ্ধমূর্তির আদলে একটি মূর্তি তৈরি করেন। পাহাড়তলীর বড়ুয়াপাড়ার বৌদ্ধমন্দিরে এ মূর্তি স্থাপিত হয়। এ মূর্তি স্থাপনের জন্য তখনকার বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন চাইঙ্গা ঠাকুরকে ধর্মীয়গুরুর আসনে বসান। ওই সময় থেকে মন্দিরটি বিশেষ মন্দিরের মর্যাদা পায়। স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, তিন শতাব্দীর প্রাচীন মন্দিরটি বৌদ্ধ সমপ্রদায়ের তীর্থস্থানে পরিণত হয়েছে। অতীতে মন্দির রক্ষণাবেক্ষণে এগিয়ে এসেছিলেন চাকমা রাজপরিবার। জানা যায়, বিভিন্ন সময় মন্দির পরিদর্শনে এসেছেন দেশ-বিদেশের খ্যাতিমান ধর্মীয় ব্যক্তিত্ব ও পর্যটকেরা। জাপান, কোরিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, শ্রীলংকা ও তাইওয়ান থেকে প্রায় প্রতিবছর অনেক পর্যটক মন্দির পরিদর্শনে আসেন।