নতুন সাজে সাজল ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে ছোট ছোট পাহাড়। তার ভেতরে সবুজের সমারোহ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সবুজ ক্যাম্পাসে মন জুড়িয়ে যায়। এ ক্যাম্পাসকে এখন আরও আকর্ষণীয় করেছে স্থাপত্য বিভাগের দুটি প্রকল্প ‘স্পেস ইন নেচার’ ও ‘গার্ডেন লাইটিং’। শিক্ষার্থীরা জানান, কাজটি সিলেবাসের অংশ হলেও এতে মিশে আছে তাঁদের আন্তরিকতা ও ভালোবাসা। নিজেদের ক্যাম্পাসকে সাজাতে শিক্ষার্থীদের এই প্রাণান্তকর চেষ্টায় মুগ্ধ শিক্ষকেরাও।গার্ডেন লাইটিং: চুয়েটের প্রধান ফটক থেকে ভেতরের দিকে চলে গেছে শিরোনামহীন রাস্তা। তার দুই পাশে আম, কাঁঠাল আর মেহগনি গাছের সমাহার। রাতেও প্রকৃতির শোভা ছড়িয়ে দিতে নেওয়া হয় ‘গার্ডেন লাইটিং’ প্রকল্পটি। এ প্রকল্পের আওতায় ১০টি স্থানে আলোকসজ্জা করা হয়।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ১৮ ডিসেম্বর এ প্রকল্পের কাজ শুরু হয়। এটি স্থাপত্য বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের নির্দিষ্ট সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রকল্পের কাজ শেষ করতে শিক্ষার্থীরা প্রায় এক মাস সময় নেন। এতে ৩০ জন শিক্ষার্থী ১০টি দলে ভাগ হয়ে কাজ করেন।স্থাপত্য বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আশিকুল ইসলাম বলেন, ‘কাজটি সিলেবাসের অংশ হলেও ক্যাম্পাসকে নতুন করে সাজাতে পেরে আমাদেরও ভালো লাগছে। ভবিষ্যতে আমরা ক্যাম্পাসকে আরও সুন্দর করতে চাই।’ স্পেস ইন নেচার: ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে একটু সামনের দিকে এগিয়ে গেলেই গোলচত্বর। গোলচত্বর থেকে ডান দিকে পাহাড়ের গা ঘেঁষে চলে গেছে ঢালু রাস্তা। আর তার পাশ দিয়ে বয়ে গেছে নয়নাভিরাম চুয়েট লেক। লেকের স্বচ্ছ পানিতে আকাশের রং খেলা করে। লেকের ধারের গাছগুলোতে নানা জাতের পাখির কিচিরমিচির শব্দ। সব মিলিয়ে চমৎকার পরিবেশ। কিন্তু সেখানে বসার কোনো স্থান থাকবে না, তা কী করে হয়! এ জন্য নেওয়া হয় ‘স্পেস ইন নেচার’ প্রকল্পটি। এ প্রকল্পের আওতায় লেকের পাশে নয়টি বসার আসন নির্মাণ করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৪ ডিসেম্বর এ প্রকল্পের কাজ শুরু হয়। স্থাপত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের নির্দিষ্ট সিলেবাসের আওতায় এ প্রকল্পে কাজ করেন শিক্ষার্থীরা। কাজ শেষ করতে সময় লাগে এক মাস। প্রকল্পটিতে ২৭ জন শিক্ষার্থী নয়টি দলে ভাগ হয়ে কাজ করেন।এ প্রসঙ্গে চুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষক কানু কুমার দাস বলেন, ‘শিক্ষার্থীদের কাজে আমি মুগ্ধ। যতটা আশা করেছিলাম তার চেয়েও বেশি দক্ষতা দেখিয়েছে আগামী দিনের এ স্থপতিরা।’ প্রকল্পগুলোর প্রদর্শনী অনুষ্ঠিত হয় গত ২৪ জানুয়ারি।