অনেক মা-বাবা তাঁদের একটা নবজাতক সন্তানের নাম রাখতেই হিমশিম খান। সাতটা নাম রাখতে গেলে কেমন অবস্থা হবে? মার্কিন মহাকাশ সংস্থা নাসা এখন প্রায় সে রকম সমস্যায় পড়েছে। তারা সৌরজগতের বাইরে সম্প্রতি আবিষ্কৃত সাতটি গ্রহ-নক্ষত্রের নামকরণের ব্যাপারে জনসাধারণের সাহায্য চেয়েছে।
নাসা গত সপ্তাহে ওই সাত গ্রহ আবিষ্কারের ঘোষণা দেয়। সেগুলো একটি মাত্র নক্ষত্রের চারপাশে ঘুরছে। আর অন্তত তিনটি গ্রহে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। নক্ষত্রটির অবস্থান ৩৯ আলোকবর্ষ দূরে। নাম ট্র্যাপিস্ট-ওয়ান। প্রথম যে দূরবীক্ষণযন্ত্র (টেলিস্কোপ) নক্ষত্রটিকে চিহ্নিত করেছে, তার নামানুসারেই এই নামকরণ। গ্রহগুলোকে আপাতত বি, সি, ডি, ই, এফ, জি ও এইচ নামে ডাকা হচ্ছে। এদের জন্য স্থায়ী নাম চেয়ে নাসা টুইটারে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে।
জ্যোতিঃপদার্থবিদ ও টেলিভিশন উপস্থাপক নিল ডিগ্রাস টাইসনের পরামর্শ, ট্র্যাপিস্ট-ওয়ান যেহেতু একটি লাল বামন নক্ষত্র—তার গ্রহগুলোর নাম সাত বামনের নামেই হওয়া উচিত। এ ক্ষেত্রে ডক, গ্রাম্পি, স্লিপি, হ্যাপি, ব্যাশফুল, স্নিজি ও ডোপি নামগুলো বিবেচনায় আসতে পারে।
আরেক ব্যক্তি সপ্তাহের সাতবারের নামগুলো প্রস্তাব করেছেন। কেউ কেউ আবার নিজেদের প্রিয়জন, ঘনিষ্ঠ বন্ধু বা প্রেমিকার নামও প্রস্তাব করেছেন। সংগীতানুরাগী এক ব্যক্তি তো সাত শিল্পীর নামই ওই গ্রহ-নক্ষত্রের জন্য উপযুক্ত মনে করেন: বাওয়ি, হেনড্রিক্স, প্রিসলি, জপলিন, হ্যারিসন, মরিসন ও ডিলান।