হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ হচ্ছে আগামী সপ্তাহে
নতুন সীমানা নিয়ে নির্বাচনে সিটি করপোরেশনে ভোটার হবে দ্বিগুণ
ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হয়েছে। এক সপ্তাহের মধ্যে তা প্রকাশ করা হবে বলে জানা গেছে। তবে মেয়াদ শেষ হতে চললেও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন নিয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি। তার ওপর সিটি করপোরেশনের সীমানাসংক্রান্ত জটিলতাও রয়েছে। তবে নতুন সীমানা অনুযায়ী নির্বাচন হলে সিটি করপোরেশন নির্বাচনে গতবারের চেয়ে এবার অংশ নেবে প্রায় দ্বিগুণ ভোটার। আগামী ২৫ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের মেয়াদ শেষ হচ্ছে। মেয়াদ শেষ হওয়ার আগে ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নিয়ম রয়েছে। স্থানীয় নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, কমিশন থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সুস্পষ্ট ঘোষণা আসেনি। ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ওপর চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন নির্ভর করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আদালতের রায় পাবার পর ঢাকার নির্বাচন এখন সময়ের ব্যাপার মাত্র। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন যখনই হোক নগর ও উপজেলার ভোটার তালিকা হালনাগাদ করার কাজ শেষ করেছে কমিশন। জেলা নির্বাচন কমিশনার মো. দুলাল তালুকদার বলেন, ২০০৮ সালের ভোটার তালিকায় বাদ পড়া এবং নতুন অর্থাত্ যাঁদের বয়স ১৮ হয়েছে তাঁদের হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকাটি এখন কমিশনে পাঠানো হয়েছে। আগামী সপ্তাহখানেকের মধ্যে ছাপানো তালিকা প্রকাশ করা হবে। এরপর এ নিয়ে আপত্তি থাকলে তা যাচাই বাছাই করে পরিচয়পত্র দেওয়া হবে। সিটি করপোরেশনের নির্বাচনের মেয়াদ জুনে শেষ হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগে থেকে নির্বাচন করার সময় শুরু। তবে আমরা এখনো নির্দেশনা পাইনি।’ নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালের জাতীয় নির্বাচনের তুলনায় হালনাগাদের পর নগরে ভোটার বেড়েছে এক লাখ ২৪ হাজার। হালনাগাদ তালিকা অনুযায়ী নগরে এখন মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৩৬ হাজার ৬১জন। পুরোনো সীমানা অনুযায়ী সিটি করপোরেশন এলাকায় ২০০৫ সালের চেয়ে ভোটার বেড়েছে প্রায় সাত লাখ। ২০০৫ সালে করপোরেশন নির্বাচনের সময় ভোটার ছিল নয় লাখ ৯৩ হাজার।সূত্র জানায়, যদি পশ্চিম পটিয়ার পাঁচ ইউনিয়নকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা হয় তাহলে ২০০৫ সালের চেয়ে এবারের নির্বাচনে ভোটার বেড়ে প্রায় দ্বিগুণ হবে। পাঁচ ইউনিয়ন হচ্ছে—চরলক্ষ্যা, চরপাথরঘাটা, জুলধা, বড়উঠান ও শিকলবাহা। হালনাগাদের পর ইউনিয়নগুলোর ভোটারসংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৬৩জন। এ ক্ষেত্রে নতুন সীমানাসহ সিটি করপোরেশনের মোট ভোটার হবে প্রায় ১৮ লাখ। প্রসঙ্গত, পশ্চিম পটিয়ার এই পাঁচ ইউনিয়নকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা নিয়ে স্থানীয় (আনোয়ারা-পশ্চিম পটিয়া) সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরীর সঙ্গে সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরোধ চলছে। পাঁচ ইউনিয়নকে নগরে অন্তর্ভুক্তির শুরু থেকে বিরোধিতা করে আসছেন আখতারুজ্জামান চৌধুরী। তিনি এই পাঁচ ইউনিয়ন নিয়ে উপজেলা করার পক্ষে। এই ইস্যুতে মেয়র ও সংসদ সদস্য পাল্টাপাল্টি সমাবেশও করেছেন পশ্চিম পটিয়ায়।এদিকে, হালনাগাদ তালিকা পর্যালোচনা করে দেখা যায় সবচেয়ে বেশি অর্থাত্ প্রায় আট শতাংশ ভোটার বেড়েছে নগরে। এরপর সাত দশমিক ৪৪ শতাংশ অর্থাত্ ২২ হাজার ২৯৬জন ভোটার বেড়েছে পটিয়া উপজেলায়। সবচেয়ে কম তিন দশমিক ৬৭ শতাংশ ভোটার বেড়েছে ফটিকছড়ি উপজেলায়। গত জুলাই থেকে নভেম্বর পর্যন্ত এই হালনাগাদ কার্যক্রম চলে।