নতুন সেতু নানা বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ আমানত সেতুর (কর্ণফুলী তৃতীয় সেতু) উত্তর পাড়ে অবৈধ স্ট্যান্ড হওয়ায় যানবাহন চলাচলে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। সেতু উদ্বোধনের পর উত্তর পাড়ের গোলচত্বরের (রাউন্ড অ্যাবাউট) পূর্ব ও পশ্চিম দিকে অবৈধ গাড়ির স্ট্যান্ড গড়ে ওঠে। এতে কক্সবাজার রুটের বিরতিহীন যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়নি। এসব কারণে প্রতিদিন সেতুর কাছে যানজট হচ্ছে। যাত্রীদের কাছে এ যানজট ‘নতুন সেতুর নতুন বিড়ম্বনা।’প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ সেপ্টেম্বর সকালে শাহ আমানত সেতুর উদ্বোধন করেন। এতে দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলা, বান্দরবান ও কক্সবাজারের সঙ্গে চট্টগ্রাম শহরের স্থায়ী সেতুবন্ধ তৈরি হয়। কক্সবাজার রুটের যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ার সম্ভাবনা দেখা দেয়। কিন্তু সামপ্রতিক সময়ের যানজটের কারণে নতুন বিড়ম্বনার শিকার হচ্ছেন যাত্রীরা। সরেজমিনে দেখা গেছে, সেতুর উত্তরপাড়ে গোলচত্বরের পাশে অবৈধ গাড়ির স্ট্যান্ড রয়েছে। গোলচত্বরসংলগ্ন রাস্তার ওপর গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। এ কারণে সেতুর প্রবেশপথে যানজট হচ্ছে। জানা গেছে, চীনের ঠিকাদারিপ্রতিষ্ঠান বিশাল ব্যাসের গোলচত্বরটি তৈরি করে। এটির নকশা করেছে জাপানের পরামর্শক প্রতিষ্ঠান কাটাহিরা। গোলচত্বরের ব্যাস ৩১ মিটার (একপ্রান্ত থেকে অন্য প্রান্তের দৈর্ঘ্য)। এ কারণে রাস্তাটিও অপ্রশস্ত হয়ে গেছে। একইভাবে পটিয়া প্রান্তে (সেতুর দক্ষিণ পাড়) অনুরূপ একটি গোলচত্বর তৈরি করা হয়েছে। সেখানে অবশ্য গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করানোর সুযোগ নেই বলে যানজটও হচ্ছে না। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘যাঁরা নকশা করেছেন, তাঁরা অনেক ভেবেচিন্তে করেছেন। সেখানে গাড়ির স্ট্যান্ড কিংবা গাড়ি থামিয়ে যাত্রী উঠানো-নামানোর কথা ছিল না। এ ব্যাপারে ট্রাফিক পুলিশ ও স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’নগর পুলিশের উপ-কমিশনার (যানবাহন) ফারুক আহমেদ এ প্রসঙ্গে বলেন, ‘গোলচত্বরের পাশে গাড়ির স্ট্যান্ড না করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেতুর অদূরে নগরের প্রান্তে একটি বিপণিকেন্দ্র আছে। বিপণিকেন্দ্রের ভেতর বাসের কাউন্টার করতে বাসমালিক সমিতির নেতাদের পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তার পাশে কাউন্টার স্থাপন ও গোলচত্বরের পাশে গাড়ি থামালে আমরা আইনগত ব্যবস্থা নেব। ইতিমধ্যে এ ঘটনায় কয়েকটি মামলা হয়েছে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।’ পটিয়ার যাত্রী আব্দুর রহিম জানান, ‘সেতুর নগরপ্রান্তে গোলচত্বরের পাশে রাস্তার ওপর বাঁশখালীগামী বাসগুলো দাঁড়িয়ে থাকে সবসময়। যাত্রী তুলে একটি চলে গেলে জায়গা দখলে নেয় আরেকটি বাস। এর পাশেই রয়েছে টিকিট কাউন্টার। এ ছাড়া দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারগামী মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দেখা গেছে ওই বাসস্ট্যান্ডের পাশেই। ফলে সেতুগামী গাড়িগুলো সেখানে আটকে যায়। সৃষ্টি হয় অসহনীয় যানজট। রাস্তার ওপর বাসস্ট্যান্ড ও কাউন্টার করার কারণ সম্পর্কে জানতে চাইলে বাঁশখালীগামী বাস কাউন্টারের টিকিট বিক্রেতা আবদুল গফুর কোনো সদুত্তর দিতে পারেননি। তবে গোলচত্বরের পাশে যানজট হচ্ছে বলে তিনি স্বীকার করেন। মডার্ন সুপার বাস সার্ভিসের ব্যবস্থাপক হারুনুর রশিদ বলেন, ‘নতুন সেতু চালু হওয়া যেন স্বপ্নের মতো ঘটনা। আশা করেছিলাম, সেতুর আশপাশের সড়কে কোনো যানজট থাকবে না। সেতু উদ্বোধনের পর গোলচত্বরের পাশে গাড়ির স্ট্যান্ড হয়েছে। আমরা এর প্রতিবাদ করতে গিয়ে ধমক খেয়েছি। এখন প্রতিদিন সকাল-বিকেল ও রাত পর্যন্ত অসহনীয় যানজট হচ্ছে। যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন।’ স্থানীয় মোহাম্মদ আলী জানান, ‘সেতুর নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। অথচ পুলিশের ছত্রছায়ায় গোলচত্বরের কাছে গাড়ির অবৈধ স্ট্যান্ড হয়েছে।’ সরেজমিনে দেখা গেছে, সেতুর দক্ষিণ প্রান্তে কোনো যানজট নেই। ঠিকাদারি প্রতিষ্ঠান এ প্রান্তে এক হাজার ২৩৫ মিটার রাস্তা তৈরি ও টোলঘর করে দিয়েছে। নগরের প্রান্তে মাত্র ২২৫ মিটার নতুন রাস্তা তৈরি করা হয়েছে। নগরের গাড়ি ও মানুষের চাপ এ প্রান্তে সবচেয়ে বেশি। নিরাপত্তা নেই: ঈদের আগে শাহ আমানত নতুন সেতু গাড়ি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও সেতুর নিরাপত্তার জন্য পুলিশ বা আনসার সদস্য মোতায়েন করা হয়নি। এ সেতুকে গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে বিবেচনা করে নিরাপত্তা দেওয়ার জন্য গত ১৬ আগস্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে সড়ক ও জনপথ বিভাগ। এরপর বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও বিস্ফোরক অধিদপ্তরের প্রতিনিধিরা সেতুটি পরিদর্শন করেন। তবে পাঁচ সপ্তাহ পেরিয়ে গেলেও নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য মোতায়েন করা হয়নি।সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জুলফিকার আহমেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘শাহ আমানত নতুন সেতুটি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচনা করা হয়েছে। তাই এটির নিরাপত্তা জোরদার করতে আমরা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি।’