নতুন সেতু হবে কবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একমুখী কালুরঘাট সেতুতে গাড়ি চলাচলের সময় হাঁটার পর্যাপ্ত জায়গা থাকে না। এ জন্য সেতুতে হাঁটাচলা নিষিদ্ধ করা হয়। কিন্তু যানজটের ভোগান্তি এড়াতে ঝুঁকি নিয়ে অনেকেই হেঁটে পার হয় সেতু। ছবিটি গত সোমবার বেলা দুইটায় তোলা l সৌর‍ভ দাশ
একমুখী কালুরঘাট সেতুতে গাড়ি চলাচলের সময় হাঁটার পর্যাপ্ত জায়গা থাকে না। এ জন্য সেতুতে হাঁটাচলা নিষিদ্ধ করা হয়। কিন্তু যানজটের ভোগান্তি এড়াতে ঝুঁকি নিয়ে অনেকেই হেঁটে পার হয় সেতু। ছবিটি গত সোমবার বেলা দুইটায় তোলা l সৌর‍ভ দাশ

কালুরঘাট সেতু ২০০১ সালে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর থেকেই সেতু ব্যবহারকারী বোয়ালখালী উপজেলা ও পটিয়ার একাংশের বাসিন্দাদের দাবি ছিল একই স্থানে নতুন সেতু নির্মাণের। এ ব্যাপারে আশ্বাসও মেলে। কিন্তু সেতু আর হয়নি।

বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের সদস্যসচিব রমেন দাশগুপ্ত বলেন, দিন দিন যানবাহনের সংখ্যার সঙ্গে বাড়ছে ঝুঁকিও। এখন ঝুঁকিপূর্ণ সেতুটি জোড়াতালি দিয়ে চলছে। নতুন সেতুর বিষয়ে আশ্বাস দিলেও এখনো কাজের কাজ কিছুই হয়নি। নতুন সেতু হলে বোয়ালখালী এবং তৎসংলগ্ন এলাকায় শিল্পায়ন গতিশীল হবে নতুন দ্বিমুখী রেল ও সড়ক সেতু করার বিষয়ে প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদন রয়েছে বলে জানান পরিষদের আহ্বায়ক আবদুল মোমিন। তিনি বলেন, রেলমন্ত্রী সেতু পরিদর্শন করে প্রধানমন্ত্রীর নীতিগত অনুমোদনের কথা জানান।

রেলওয়ে সূত্র জানায়, ২০১৫ সালের ৫ মে রেলমন্ত্রী মুজিবুল হক সেতু নির্মাণ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি বলেছিলেন, সেতু নির্মাণ প্রকল্পের নকশা ও ডিপিপি অনুমোদন করা হয়েছে। কোরিয়া থেকে অর্থ সহযোগিতা চাওয়া হবে বলেও জানান মন্ত্রী।     

রেলওয়ের প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, চলতি বছরের শুরুর দিকে কোরিয়ার একটি প্রতিনিধিদল সেতু এলাকা পরিদর্শন করে গেছে। তারা কোরিয়া সরকারকে প্রতিবেদন দেবেন। এরপর অর্থসংস্থান হলে সেতুর জন্য বরাদ্দ পাওয়া যাবে।

রেলওয়ের নথিতে দেখা যায়,১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় বার্মা ফ্রন্টের সৈন্য পরিচালনার জন্য কর্ণফুলী নদীতে একটি আপত্কালীন সেতু তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয়। ১৯৩০ সালে ব্রুনিক অ্যান্ড কোম্পানি ব্রিজ বিল্ডার্স হাওড়া নামে একটি সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান কালুরঘাটে যুদ্ধকালীন ব্যবহারের জন্য একটি সেতু তৈরি করে। জরুরি ভিত্তিতে ট্রেন চলাচলের উপযোগী করে নির্মিত ৭০০ গজের সেতুটি ১৯৩০ সালের ৪ জুন উদ্বোধন করা হয়।

পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে পুনরায় বার্মা ফ্রন্টের যুদ্ধ মোটরযান চলাচলের জন্য ডেক বসানো হয়। দেশভাগের পর ডেক তুলে ফেলা হয়। ১৯৫৮ সালে এই একমুখী যুদ্ধ সেতুটিই সব ধরনের যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।