নতুন স্বাদের নানা পদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুপুরের পর পাল্টে যায় নগরের জিইসি মোড়ের চিত্র। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে ভোজনরসিকদের ভিড়। চারদিকে ইফতার সামগ্রীর মনকাড়া গন্ধ। কিছু ইফতারির জন্য তো রীতিমতো লাইনে দাঁড়াতে হয়। এভাবে মাগরিবের আজানের আগপর্যন্ত ধুম পড়ে বেচাকেনার। পুরান ঢাকার চকবাজারের মতো আমজনতার জন্য না হলেও চট্টগ্রামে বিশেষ ইফতারির পসরা বসে জিইসি থেকে গরিব উল্লাহ শাহ মাজারের মোড় পর্যন্ত রোস্তারাঁগুলোতে। ফলে ইফতারির বিশেষ কোনো পদের জন্য অনেকেই একবার ঢুঁ মারেন এখানে। সেন্ট্রাল প্লাজার নিচে ক্যান্ডির জিলাপির জন্য লাইন পড়ে যায়। ক্রেতার ফরমায়েশ পেয়েই কারিগর ভাজেন গরম গরম জিলাপি। এ জন্য লাইনে দাঁড়াতেও আপত্তি নেই ক্রেতাদের। গত মঙ্গলবার গিয়ে দেখা যায় যথারীতি জিলাপি লাইন। কিনে ফিরছিলেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা আসাদ রসুল চৌধুরী। তিনি বলেন, ‘ক্যান্ডির জিলাপির স্বাদটা অন্য রকম। তাই লাইন ধরে কিনেও শান্তি। বাসার সবাই এটা খুব মজা করে খায়।’ ক্যান্ডির কর্মচারী মোহাম্মদ হাসান জানান, সাড়ে পাঁচটার পর ইফতারির সব আইটেম বিক্রি হয়ে যায়। জিলাপির জন্য তো হুমড়ি খেয়ে পড়ে মানুষ।অন্য রোস্তারাঁগুলোও প্রতিবারের মতো এবারও বৈচিত্র্য এনেছে ইফতারির খাবারে। ওয়েল ফুড এনেছে মধ্যপ্রাচ্যের বেশ কিছু মিষ্টি খাবার—কুনাফা গিস্তা, ভচভচা হালুয়া, গুলাচ গিস্তা ও বালাআলসাম। এসব পদের প্রতি ৪০০ গ্রামের প্যাকেট ৬০-১৭০ টাকা। ওয়েল ফুডের ব্যবস্থাপক জাহেদুল ইসলাম মজুমদার বলেন, ‘মধ্যপ্রাচ্যে রোজার সময় এগুলো বেশ চলে। আমাদের এখানেও ভালো সাড়া পাচ্ছি। রোজার পরও পাওয়া যাবে।’ হ্যান্ডি (ইন্ডিয়ান বিস্ট্রো) এনেছে অ্যারাবিয়ান চিকেন—প্রতি পিস ২৫০ টাকা। এ ছাড়া আছে বিশেষ দুটি শরবত—শরবতে নুুরজাহান ও শরবতে আজম। দাম পড়বে ১২০ থেকে ১৬০ টাকা। আর তাদের গো-মু-খা হালিম ও রানে সিকান্দারি তো আছেই। কাবাব হাউস ধাবা এনেছে বিফ আচারি ও বিফ কোপ্তা কারি। দাম ২০০ থেকে ৪০০ টাকা। আর প্রতি শুক্রবার স্পেশাল কাচ্চি বিরিয়ানি। এসবের পাশাপাশি পেনিনসুলা, মেরিডিয়ান, লর্ডস ইন, ব্লু বেল, হোটেল জামান ও ব্লুজম গার্ডেনে রয়েছে ব্যুফে ইফতার ও ডিনার। দাম পড়বে ২৯৯ থেকে ৭৫০ টাকা পর্যন্ত।এদিকে, এনায়েত বাজার মোড়ের রয়েল বাংলায়ও বেলা তিনটার পর থেকে ইফতারি কিনতে ভিড় লেগে থাকে। পাঁচটার পর গেলে তাদের জিলাপি ও হালিম পাওয়াই যায় না। এখান থেকে দুই হাত ভরে ইফতারি নিয়ে যাচ্ছিলেন ব্রোকারেস হাউস চিটাগাং ক্যাপিটেলের কর্মকর্তা জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘রয়েল বাংলার হালিমের দাম অন্যদের চেয়ে একটু বেশি। কিন্তু মানে ভালো। তাই রমজানে প্রায়ই অফিস শেষে বাসায় ফেরার সময় হালিম আর জিলাপি নিয়ে যাই।’ আগ্রাবাদের অফিসপাড়ার রেস্তোরাঁ অ্যামব্রোশিয়াও এবার নতুন আইটেম এনেছে—তুর্কি শর্মা ও গ্রিন লেক অব ল্যাম্ব। অ্যামব্রোশিয়ার ব্যবস্থাপক (অপারেশন) মুকুল বড়ুয়া জানান, আরব আমিরাতের শেফ দ্বারা তৈরি বিফ ও চিকেন তুর্কি শর্মা প্রতি পিস ১৩০ টাকা। গ্রিন লেক অব ল্যাম্ব ৭৫০ টাকা। এ ছাড়া বুফে অফার রয়েছে। সিলভার স্পুন এনেছে নবাবি বিরিয়ানি। প্রতি প্লেট ৩০০ টাকা।