নতুন 'গুরু'র খোঁজে সন্ত্রাসী সরোয়ার ও ম্যাক্সন!
দুর্ধর্ষ সন্ত্রাসী সরোয়ার ও ম্যাক্সন। একসময় ছিলেন মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত শিবির ক্যাডার সাজ্জাদ আলীর সহযোগী। তিনি ভারতের কারাগারে বন্দী হওয়ার পর এই দুই সন্ত্রাসী হাত মেলান আরেক শিবির ক্যাডার নাছিরের সঙ্গে। ছিলেন কারাগারের একই কক্ষে। কিন্তু বছর না যেতেই ভেঙে গেল সেই সম্পর্কও। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে, একে অপরকে দেখে নেওয়ারও হুমকি দেন। শেষ পর্যন্ত শিবির নাছিরকে গত শনিবার স্থানান্তর করা হয় কাশিমপুর কারাগারে। এখন নতুন ‘গুরু’র সন্ধান করছেন সরোয়ার ও ম্যাক্সন। কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসা একাধিক বন্দী ও কারা কর্তৃপক্ষ সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ রফিকুল কাদের প্রথম আলোকে বলেন, ‘শিবির নাছিরের সঙ্গে সরোয়ার ও ম্যাক্সনের দ্বন্দ্বের সৃষ্টি হয় কয়েক মাস আগে। তাই নাছিরকে কাশিমপুরে এবং সরোয়ার ও ম্যাক্সনকে আলাদা আলাদা ওয়ার্ডে রাখা হয়েছে।’
এদিকে, শিবির ক্যাডার নাছিরের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর এই দুই সন্ত্রাসীকে দলে ভেড়াতে তৎপর হয়েছে কয়েকটি পক্ষ। সরোয়ার ও ম্যাক্সন আদালতে হাজিরা দিতে এলে তাঁদের সঙ্গে কথা বলছেন ওই সব পক্ষের প্রতিনিধিরা। এ ব্যাপারে পুলিশ সহযোগিতা করছে বলে অভিযোগ রয়েছে।
বেশ কয়েকজন বন্দী ও নাছিরের একাধিক সহযোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, সাজ্জাদের নির্দেশমতো চলতে গিয়ে তাঁর দুই সহযোগী সরোয়ার ও ম্যাক্সনের বিরুদ্ধে পুলিশের খাতায় ওঠে ৪০টি মামলা। সাজ্জাদের একটি একে ৪৭ রাইফেল পুলিশের হাতে তুলে দেওয়ায় দুই সহযোগীর ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন তিনি। এ কারণে তাঁরা গ্রেপ্তার হওয়ার পর সাজ্জাদ তাঁদের খবর রাখেননি। গত বছরের ৫ নভেম্বর সাজ্জাদ গ্রেপ্তার হওয়ার পর সব আশা ছেড়ে দিয়ে নতুন গুরুর সন্ধানে থাকেন সরোয়ার ও ম্যাক্সন। হাত মেলান শিবির নাছিরের সঙ্গে। বেশ ভালোই চলতে থাকে তাঁদের দিনকাল। এমনকি কারাগারে (যমুনা-৫) এক কক্ষে থাকতেন তাঁরা তিনজন। অন্য বন্দীরা একটি শৌচাগার ব্যবহার করলেও তাঁদের তিনজনের জন্য ছিল আলাদা শৌচাগার। একসঙ্গে বসে মাদক সেবন করতেন তাঁরা। এ নেশাই কাল হয়ে দাঁড়াল গুরু-শিষ্যের সম্পর্কে। চলতি মাসের শুরুতে মাদক সেবন নিয়ে সরোয়ার-ম্যাক্সন ও নাছিরের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে নাছিরকে মারতে যান তাঁরা। ওই সময় অন্য বন্দী ও কারারক্ষীরা সরিয়ে আনেন তাঁদের। এর মধ্যে একে অপরকে দেখে নেওয়ার হুমকি দিতে থাকেন। বিষয়টি নিয়ে কারা গোয়েন্দারা প্রতিবেদন দিলে কর্তৃপক্ষ যমুনা ৫ ভবন থেকে সরোয়ার ও ম্যাক্সনকে সরিয়ে দেয়। নাছিরকে পাঠিয়ে দেওয়া হয় কাশিমপুরে। ৮ সেপ্টেম্বর নাছির আদালতে হাজিরা দিতে এলে সরোয়ার ও ম্যাক্সনের সঙ্গে দ্বন্দ্বের কথা স্বীকার করেন।
উল্লেখ্য, ৩৬ মামলার আসামি নাছির ১৬ বছর ধরে এবং সরোয়ার ও ম্যাক্সন ২০১১ সালের জুন মাসে একে ৪৭ রাইফেলসহ গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে বন্দী আছেন।