কক্সবাজারের উখিয়া উপজেলায় ২ জুলাই অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নতুন ও তরুণ প্রার্থীদের কাছে সাবেক চেয়ারম্যানদের পরাজয় ঘটেছে। উপজেলার পাঁচ ইউনিয়নের সবকটিতেই তরুণ প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির জয়ের পাল্লা সমান। বিএনপি ও আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা সমানসংখ্যক দুটি করে ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বাকি একটি ইউনিয়নে নির্দলীয় প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জালিয়াপালংয়ে বিএনপি-সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন চৌধূরী, রত্নাপালংয়ে নির্দলীয় প্রার্থী নুরুল কবির চৌধুরী, হলদিয়াপালংয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী কামাল উদ্দিন, রাজাপালংয়ে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধূরী ও পালংখালীতে বিএনপি-সমর্থিত প্রার্থী গফুর উদ্দিন চৌধূরী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর শনিবার রাতে বিজয়ী প্রার্থীদের কর্মী-সমর্থকেরা বিজয় মিছিল বের করেন। রাজাপালং ইউনিয়নের ভোটার নজু মিয়া (৬০) নির্বাচনে নতুন মুখের জয়ে ভীষণ খুশি। তিনি বলেন, ‘নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন পর পরিবর্তন এসেছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে আমরা প্রকৃত উন্নয়ন চাই।’