নতুনদের পদচারণায় মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসের আড্ডাস্থলগুলো এখন তর্কে আর আলাপে জমে উঠেছে। ‘বড় আপা’ কিংবা জ্যেষ্ঠদের সঙ্গে প্রতিদিনই ক্লাস করতে আসছেন নতুনেরা। ঝুপড়িতে বসে ছোলা-মুড়ি খাচ্ছেন। একটু-আধটু লাজুকতা ভেঙে নিজেকে তুলে ধরছেন। এ যেন তাঁদের কাছে নতুন জগত। নতুন পৃথিবী।চলতি বছর তিন হাজার ৪০৫ শিক্ষার্থী ভর্তি হয়েছেন প্রথম বর্ষ সম্মান কোর্সে। ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। ছোটবেলা থেকেই উচ্চশিক্ষার অনেক স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হয়েছে।’ বললেন বাণিজ্য অনুষদে ভর্তি হওয়া মাইশা আকতার। ঢাকা থেকে এসেছেন তিনি। আর এক শিক্ষার্থী এগিয়ে এসে নিজের পরিচয় দিয়ে বলেন, ‘ভাইয়া, আমি মোহম্মদ হোসেন। বাড়ি সিলেট, মৌলভীবাজার। ক্যাম্পাসের সব কিছুই আমার ভালো লাগে।’ক্লাসের ফাঁকে কিংবা পড়ন্ত বিকেলে ক্যাম্পাসটা ঘুরে দেখেন নতুন শিক্ষার্থীরা। কারও সঙ্গে দেখা হলেই নিজ থেকে পরিচিত হন। নতুন শিক্ষার্থীদের বরণ করতে প্রতিদিনই চলছে নানা আয়োজন। শাটল ট্রেনভিত্তিক গানের দল ভার্সিটি এক্সপ্রেস গত সোমবার দুপুর আড়াইটায় নতুনদের কেক কেটে আর চকলেট বিতরণ করে শুভেচ্ছা জানায়। ওই দলের আবু আনসারী, মো. হোসেন, প্রলয় সাহা, মামুনুর রশীদ, মো. বেলাল নামের কয়েকজন জ্যেষ্ঠ সদস্য বলেন,‘নতুনেরা গান খুব পছন্দ করেন। আর আমাদের দলটাও একটা সাংস্কৃতিক দল। তাই সবাই মিলে মজা করছি। বিকেল হলেই ক্যাম্পাসের স্টেশন চত্বর, শহীদ মিনার, লেডিস হলের মাঠ, ঝুলন্ত সেতু, সুনামি গার্ডেন, পিসপার্ক নতুনদের দখলে চলে যায়।