নতুনরূপে জলকন্যা

এক ভবনের নয়তলাজুড়ে নানা স্বাদের খাবারের আয়োজন। একেক তলায় একেক ধাঁচের বসার ব্যবস্থা। নতুন রূপে এবার চালু হল মারমেইড ক্যাফে। গত ২২ নভেম্বর রাজধানীর বারিধারার প্রগতি সরণিতে মূল রাস্তার পাশেই মারমেইডের নতুন শাখার উদ্বোধন করা হয়। অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কাটেন সার্ফার জাফর আলম।
কক্সবাজারে মারমেইডের রিসোর্ট ও রেস্তোরাঁ রয়েছে। এরপর ঢাকার গুলশান-২ অঞ্চলে চালু হয় মারমেইড ক্যাফে নামে আরেকটি রেস্তোরাঁ। আর এবার শুরু হল বারিধারায় নতুন এই আয়োজন। বাড়িটির নিচতলাতে রয়েছে মারমেইড বেকারি ও পেস্ট্রি শপ। দ্বিতীয় ও তৃতীয় তলাতে থাকছে নতুন চমক, যার উদ্বোধন হবে আগামী মাসে। চতুর্থ তলাতে রয়েছে মারমেইড রিসোর্ট রিজার্ভেশন ও মূল অফিস। পঞ্চম তলায় বর্তমানে রাখা হয়েছে শিল্পী রনি আহমেদের নানা চিত্রকর্ম, চাইলে কিনেও নিতে পারবেন।
ষষ্ঠ তলা থেকে শুরু আবার খাবারের আয়োজন। এখানে খাবার ফরমায়েশ দেওয়ার পর আপনার সামনেই তৈরি হবে। সপ্তম ও অষ্টম তলাতেও মারমেইড গ্যালারি ক্যাফে। যেখানে খাবারের স্বাদ নিতে নিতে জমে উঠবে আড্ডা। এখানে বারান্দায়ও রয়েছে আলাদা বসার ব্যবস্থা। নবম তলায় রুফটপে (ছাদে) গেলেই চমকে যাবেন। সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই মারমেইড বিচ ক্যাফে। পায়ের নিচে শক্ত ইট-পাথর নয়। বরং রাখা হয়েছে বালু, সৈকতের অনুভূতি দিতেই। এই বালুতে পা ডুবিয়েই আপনাকে বসতে হবে খাবার টেবিলে। হালকা আলো-আঁধারিতে হারিকেন বা মোমের আলোয় বসে রাতের খাবারের আয়োজনে চমকে দিতে পারেন প্রিয়জনকে।
মূল রাস্তা ছেড়ে মারমেইডের বাড়িটিতে ঢোকার পরই পাবেন আলাদা একটা আবহ। হাঁটতে হবে কাঠের সিঁড়ি ধরে। ভেতরে ঢুকেই কাঠ, দড়ি ইত্যাদির তৈরি আসবাবের পাশাপাশি নজর পড়বে দেয়ালের গায়ে ঝুলতে থাকা চিত্রকর্মের দিকে। সিলিংয়ের ফাঁকা স্থানগুলোতেও কাঠের টুকরোর ব্যবহার অন্দরসজ্জাতে দিয়েছে ভিন্ন মাত্রা। মারমেইডের বিক্রয় ও বিপণন কর্মকর্তা রেক্সি ডমেনিক গোমেজ বলেন, ‘সামুদ্রিক খাবার তো ছিলই। এবার আমরা নিয়ে এসেছি বিভিন্ন দেশের আরও কিছু মজাদার খাবার। এ ছাড়া এই শাখায় থাকছে সারা বিশ্বে জনপ্রিয় ফ্লেভারের কিছু কফি এবং পিৎজা।’
সপ্তাহের সাত দিনই বেলা ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত খোলা রয়েছে সবার জন্য।