নতুনরূপে বোট ক্লাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে যাত্রা শুরুর ২৫ বছর পর অভিজাত ক্লাবে রূপ নিয়েছে চট্টগ্রাম বোট ক্লাব। নগরের পূর্ব পতেঙ্গায় কর্ণফুলী নদীর তীরে ১৯৮৬ সালের মে মাসে যাত্রা শুরু হয়েছিল এই ক্লাবের। এ সপ্তাহে বিনোদনের নানা সুযোগ-সুবিধাসংবলিত নতুন ক্লাব-ভবন উদ্বোধন করা হয়েছে। ক্লাবের বহরে যুক্ত হয়েছে অত্যাধুনিক পর্যটন জাহাজ ‘ওয়েস্টার্ন ক্রুজ’।বোট ক্লাব সূত্রে জানা গেছে, শিগগিরই এই ক্লাবে আন্তর্জাতিক মানের সভা-সেমিনার অনুষ্ঠানের জন্য এক হাজার লোকের ধারণক্ষমতার একটি আধুনিক সম্মেলনকেন্দ্র, বিশ্রামাগার, কটেজ ও সুইমিং পুল যুক্ত হবে। এসব সুযোগ-সুবিধা তৈরি হলে কর্ণফুলীর তীরের এই ক্লাবটি আন্তর্জাতিক মানে রূপ নেবে বলে মনে করছেন ক্লাবের সদস্যরা। জানা গেছে, বর্তমান নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল জহির উদ্দিন আহমেদ ২০০৯ সালে চট্টগ্রাম বোট ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিকে আন্তর্জাতিক মানে রূপ দিতে কাজ শুরু করেন। এরই ধারাবাহিকতায় ২০১০ সালের জুলাই মাসে প্রায় ২৮ হাজার বর্গমিটার জায়গার ওপর আধুনিক ভবন নির্মাণের কাজ শুরু হয়। রেস্তোরাঁ, বার, বলরুমসহ আধুনিক সুবিধা সংবলিত এই ক্লাব-হাউস উদ্বোধন হয় গত শনিবার। এই ক্লাব-হাউস থেকেও কর্নফুলীর সৌন্দর্য উপভোগ করার সুযোগ রয়েছে।বোট ক্লাব সূত্রে জানা গেছে, সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে সুসর্ম্পক স্থাপনের উদ্দেশ্যে ১৯৮৬ সালের মে মাসে ২১ জন সদস্য নিয়ে চট্টগ্রাম বোট ক্লাবের যাত্রা শুরু হয়। তখন সদস্য ফি ছিল ১০ হাজার টাকা। ২০০৮ সালে এই ক্লাবের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৯ জনে। ২০১০ সালে এই সদস্য সংখ্যা হয় ২২৩ জন। এখন এই ক্লাবের সদস্য সংখ্যা ৪৮৭ জন। সদস্য ফি বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ টাকায়। বন্দর থেকে ভূমি লিজ নিয়ে বোট ক্লাবের পরিধি দাঁড়িয়েছে তিন দশমিক ১৮৫ একর।গত শনিবার সন্ধ্যায় বোট ক্লাবের নতুন ভবন উদ্বোধনের সময় নৌবাহিনীর কমচিট কমোডর নিজাম উদ্দিন আহমেদ জানান, বোট ক্লাবের নতুন সদস্য হতে আবেদন করেছেন ১০০ জন। কেইপিজেড এবং সুপার রিফাইনারি এই ক্লাবের করপোরেট সদস্য। আরও পাঁচটি কোম্পানি করপোরেট সদস্যপদের জন্য আবেদন করেছে। বোট ক্লাবের সবচেয়ে আকর্ষণীয় সংযোজন পর্যটন জাহাজ ‘ওয়েস্টার্ন ক্রুজ’। এই জাহাজে নৌভ্রমণ করে কর্ণফুলীর সৌন্দর্য দেখার সুযোগ পেতে পারেন যে কেউ। নির্ধারিত ফি এর বিনিময়ে কর্ণফুলী সেতু থেকে মোহনা পর্যন্ত দুই ঘণ্টা করে এই জাহাজে নৌবিহারের সুযোগ রয়েছে। প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে এবং সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এই ভ্রমণ শুরু হবে। জাহাজে সেমিনারসহ যেকোনো ধরনের অনুষ্ঠান আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে নির্মাণ করা অত্যাধুনিক এই পর্যটন জাহাজটি চট্টগ্রাম বোট ক্লাব পরিচালনা করছে। তবে এই জাহাজের ব্যবস্থাপনায় আছে ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেস লিমিটেড। জাহাজটিতে ২০০ যাত্রী ধারণের সক্ষমতা রয়েছে। ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেস সূত্রে জানা গেছে, আজ ২ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত ফি এর বিনিময়ে এই পর্যটন জাহাজে নৌবিহারের সুযোগ পাবেন পর্যটকেরা। এ ছাড়া আগামী ২ এপ্রিল মালয়েশিয়ার সাবেক প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদের বোট ক্লাবে চড়ে কর্ণফুলী নদী ভ্রমণ করার কথা রয়েছে।