নতুনের আগমনে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউএসটিসির নবীনবরণ অনুষ্ঠানে গান করেন শিল্পী চৈ​িত মুৎ​সুদ্দি
ইউএসটিসির নবীনবরণ অনুষ্ঠানে গান করেন শিল্পী চৈ​িত মুৎ​সুদ্দি

চারদিকে সাজ সাজ রব। নতুনের পদভারে মুখর ক্যাম্পাস। রাজনৈতিক অস্থিরতাকে উপেক্ষা করে উৎসবের আমেজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম (ইউএসটিসি) ক্যাম্পাসে। গত ২২ জানুয়ারি কম্পিউটার প্রকৌশল বিভাগের ২৪ ও ২৫তম এবং তড়িৎ কৌশল বিভাগের ১৪ ও ১৫তম ব্যাচের নবীনদের বরণ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদে বসে আনন্দ আয়োজন।
দুই পর্বের আয়োজনে প্রথম পর্বের অনুষ্ঠান শুরু হয় শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এই পর্বে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির উপাচার্য প্রভাত চন্দ্র বড়ুয়া। তিনি বলেন, ‘শুধু প্রকৌশলী হলেই হবে না, প্রযুক্তির নানা দিক নিয়ে গবেষণা করতে হবে। শিক্ষার্থীদের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। সেই সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে একজন ভালো মানুষ হিসেবে।’ এ আয়োজনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য নূরুল আবসার চৌধুরী । স্বাগত বক্তব্য দেন প্রকৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডিন রেজাউল করিম ও তড়িৎ কৌশল বিভাগের প্রধান আবু সাঈদ চৌধুরী।
আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। সাংস্কৃতিক পরিবেশনার সূচনা হয় ভায়োলিনের সুর–মূর্ছনায়। সবাইকে মুগ্ধ করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী রিকি চৌধুরী। একে একে গান ও নাচের পরিবেশনায় মেতে ওঠে ইউএসটিসির পুরো প্রকৌশল অনুষদ প্রাঙ্গণ। এ আয়োজনে প্রকৌশল অনুষদের বর্তমান শিক্ষার্থীরা ছাড়াও সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা ও ইউএসটিসির প্রাক্তন শিক্ষার্থী চৈতি মুৎসুদ্দি। তিনি গেয়ে শোনান জনপ্রিয় কিছু বাংলা গান। এ ছাড়া ব্যান্ড দল শুভ ও তার দলও মঞ্চ মাতায়।