
ছিল স্মৃতিচারণা, নাচ-গান। আরও ছিল নাটক আর ফ্যাশন শো। জমকালো আয়োজনের মধ্যদিয়ে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে (ইডিইউ) স্প্রিং সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। ১৪ মার্চ নগরের প্রবর্তক মোড়ে অবস্থিত ইডিইউর বর্ধিত একাডেমিক ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন ইডিইউর ট্রেজারার অধ্যাপক সিদ্দিক আহমেদ চৌধুরী। আরও বক্তব্য দেন স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক তাবাসসুম চৌধুরী। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মামুন ও ফাতেমার প্রাণবন্ত উপস্থাপনায় শুরু হয় দিনের অনুষ্ঠান। এরপর নানান পরিবেশনায় উপস্থিত সবাইকে মুগ্ধ করেন শিক্ষার্থীরা।
তারুণ্যমুখর এই আয়োজনে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছিল ক্যাম্পাসজুড়ে। সবার অংশগ্রহণে পুরো আয়োজন রূপ নিয়েছিল অন্য রকম মিলনমেলায়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে অংশ নিয়ে দর্শকদের হাততালি কুড়ান মাসুদ, দেওয়ান, রিহাদ, রিয়া, স্বর্ণা, ইতমাম, মম, আবির, জয়, আনিকা, রিয়ান, হাবিব, ইশা, তাহসিন, তানিকা, মিহিকা, সাবরিনা, শিশির, নাফি, কৌশিক, সাফা, কারিন, ফয়সাল, জিৎ, মুহিত, মুনমুন প্রমুখ শিক্ষার্থী।
অনুষ্ঠান শেষে ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ‘বরাবরই আমরা অন্য প্রতিষ্ঠানের চেয়ে এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করেছি। সারা দেশে হরতাল–অবরোধ চললেও ইডিইউতে ভিডিও লেকচার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা বাড়িতে বসেই ক্লাস করতে পারছে।’