নতুনের আগমনে মুখর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা। নতুনদের আগমনে এখন জমজমাট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় পড়ার সোনালি স্বপ্ন নিয়ে তাঁরা দূরদূরান্ত থেকে ভিড় করছেন ক্যাম্পাসের হল, কটেজ আর আত্মীয়স্বজনের বাসায়। হলগুলোতে ঠাসাঠাসি করে উঠছেন পরীক্ষার্থীরা। প্রায় প্রতিটি হলের মিলনায়তন (কমনরুম), অতিথি কক্ষ (গেস্টরুম) এখন গণরুমে পরিণত হয়েছে। নিরাপত্তার কারণে পরীক্ষার্থীদের হলগুলোতে উঠতে নাম-ঠিকানাসহ প্রবেশপত্রের ফটোকপি জমা দিতে হচ্ছে। তার পরও সন্তুষ্ট পরীক্ষার্থীরা। ১২ অক্টোবর পর্যন্ত চলবে ভর্তি পরীক্ষা।সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট মোহাম্মদ আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘আমরা পরীক্ষার্থীদের হলে থাকার ব্যবস্থা করেছি। যাদের হলে কেউই পরিচিতজন নেই তাদের গেস্টরুম অথবা কমনরুমে রাখা হচ্ছে। শুধু নিরাপত্তার কারণে তাদের নাম-ঠিকানা নিবন্ধন করা হচ্ছে।’ইউসুফ আহমেদ নামের এক পরীক্ষার্থী প্রথম আলোকে জানান, ‘আমি রংপুর থেকে এসেছি। হলের এক বড় ভাইয়ের কাছে উঠেছি। এক রুমে আমরা ছয়জন আছি। রাতে পড়াশোনা নিয়ে আড্ডা জমাই। হলে থাকার অভিজ্ঞতা নেই তবে ভালোই কাটছে দিনগুলো।’বিজ্ঞান অনুষদে পরীক্ষা দিতে আসা পাবেল আহমেদ জানান, ‘বৃষ্টিতে ভিজে পরীক্ষা দিয়েছি। ভালোই দিয়েছি। এ বিশ্ববিদ্যালয়ের সবুজ পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। আশা করি ভর্তির সুযোগ পাব।’ তাঁর পাশে থাকা শাহরিয়ার জানালেন ভিন্ন কথা—‘আমার পরীক্ষা ভালো হয়নি। ইংরেজিটা খারাপ করেছি। সুযোগ হবে কি না বলতে পারছি না।’এবার ২০১০-১১ শিক্ষাবর্ষে আবেদন পড়েছে এক লাখ ১১ হাজার ৫৬০টি। কিন্তু আসন রয়েছে মাত্র তিন হাজার ৬৬০টি। একটি আসনের জন্য গড়ে প্রতিযোগিতা করছেন ৩১ জন। প্রশাসন সূত্রে জানা যায়, ‘ক’ ইউনিটে (বিজ্ঞান অনুষদ) আবেদন পড়েছে ১৩ হাজার ৩৫৬। আসন রয়েছে ৬২৪টি। একটি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ২২ জন। ‘খ’ ইউনিটে (কলা অনুষদ) আবেদন পড়েছ ২৪ হাজার ৪৩৩টি। আসন রয়েছে ৯৯৬টি। একটি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ২৫ জন। ‘গ’ ইউনিটে (ব্যবসায় প্রশাসন অনুষদ) আবেদন পড়েছে ২৫ হাজার ৩৬টি। আসন রয়েছে ৫০৯টি। একটি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ৫০ জন। ‘ঘ’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ) আবেদন পড়েছে ২১ হাজার ৬০৯টি। আসন রয়েছে ৭৬৯টি। একটি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ২৯ জন। ‘ঙ’ ইউনিটে (আইন অনুষদ) আবেদন পড়েছে ১৩ হাজার ৩২৩টি। আসন রয়েছে ১২৯টি। একটি আসনের জন্য প্রতিযোগিতা করছেন ১০৪ জন। ‘চ’ ইউনিটে (ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সস) আবেদন পড়েছে এক হাজার ৪৫টি। আসন রয়েছে ৪৫টি। একটি আসনের জন্য প্রতিযোগিতা করবেন ২৪ জন। ‘ছ’ ইউনিটে (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ) আবেদন পড়েছে দুই হাজার ৩৪০। আসন রয়েছে ৫৫টি। একটি আসনের জন্য প্রতিযোগিতা করবেন ৪৪ জন। ‘জ’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) আবেদন পড়েছে ১০ হাজার ৩৭৭টি। আসন রয়েছে ৪১৯টি। একটি আসনের জন্য প্রতিযোগিতা করবেন ২৫ জন।