নতুনের আগমনে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যাম্পাসজুড়ে বর্ণিল সাজ। চারদিকে আনন্দের ফোয়ারা। আড্ডা, আবৃত্তি আর গানে যেন প্রাণবন্ত দিন। নতুনের আগমনে মুখর ক্যাম্পাস। ৪ মার্চ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) ফার্মেসি বিভাগের ২১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে বসে প্রাণের মেলা।অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির উপাচার্য জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য অধ্যাপক আবু ইসহাক। সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিশোর মজুমদার।দ্বিতীয় পর্বের শুরু হয় সূচনাসংগীত দিয়ে। ‘মঙ্গল দ্বীপ জ্বেলে’ সূচনা সংগীতটির সঙ্গে ২০০ প্রদীপ প্রজ্বালন করে আনা হয় অন্য আবহ। এরপর ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফিয়া নাবিলার ‘বাতাসে লাশের গন্ধ ভাসে’ কবিতার আবৃত্তিটি মুগ্ধ করে সবাইকে। আবৃত্তির পর ‘আমি চিনি গো চিনি তোমারে’ গানের সঙ্গে তৃষিতা, পূজা, সংগীতা ও শর্মিলার নৃত্যের ছন্দ জমিয়ে তুলে আয়োজন। এরপর সুরের ভেলায় চড়ে যেন হারিয়ে যাওয়া। শিল্পীরা গেয়ে শোনান ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’, ‘মেঘের ওপারে’ ‘শুকনো পাতার নূপুর পায়ে’, ‘পাগলা হাওয়ার বাদল দিনে’, ‘জল পড়ে পাতা নড়ে’ প্রভৃতি গান। এখানেই শেষ নয়, পড়ন্ত বিকেলে পরিবেশিত হয় নাটিকা। ছিল ব্যতিক্রমী ক্যাটওয়াক। অনুষ্ঠানে এসে উচ্ছ্বসিত নবীন শিক্ষার্থী মুমু, সাবরিনা, মুক্তা ও অর্পারা। তাঁরা বলেন, ‘আজ সব বন্ধু-বান্ধবী মিলে মজা করেছি। দারুণ একটি আয়োজন। ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল হোসেন বলেন, ‘আমরা প্রতিবছর এই ধরনের অনুষ্ঠান আয়োজন করি। এতে করে সব ব্যাচের শিক্ষার্থীদের একটি মেলবন্ধন ঘটে।’