সৈকতপারের সাংস্কৃতিক কেন্দ্রে প্রাণের মেলা। নাচ আর গানের সুরে অন্য রকম রাত। আনন্দ-উচ্ছ্বাসে কাটে প্রতিটি ক্ষণ। চিকিৎসা জগৎ ছেড়ে একটি দিনের জন্য উৎসবে মেতে ওঠেন কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। ৪ এপ্রিল অনুষ্ঠিত হয় কলেজের মেডিসিন ক্লাবের আয়োজনে পঞ্চম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান।শুরুতেই গান নিয়ে আসেন প্রথম বর্ষের ছাত্র রিফাতুল ইসলাম। তিনি গেয়ে শোনান মাইলসের ‘ফিরিয়ে দাও’ গানটি। এরপর নাচ। ‘এই মম জোছনায় অঙ্গ ভিজিয়ে’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেন দ্বিতীয় বর্ষের ছাত্রী সায়েমা তাবাসসুম। এবার গজল। চতুর্থ বর্ষের ছাত্র সৌরভ দত্তের কণ্ঠে পঙ্কজ উদাসের বিখ্যাত গজল ‘চান্দি জেয়সা রাঙ্গ হ্যায় তেরা’। মিলনায়তনজুড়ে করতালি। শিল্পীর সঙ্গে কণ্ঠ মেলালেন সবাই। এরপর আবার নাচ। কানিজ ঊর্মি ও ফারহানা শোভা মাতিয়ে যান মঞ্চ।গান-নাচের ফাঁকে ফাঁকে চলে নাটিকাও। তবে শিক্ষার্থীদের পরিবেশনার পাশাপাশি ছিল শিক্ষকদের পরিবেশনা। কলেজের উপাধ্যক্ষ ও শিশুরোগ বিশেষজ্ঞ অরূপ দত্ত গাইলেন গোলাম আলীর জনপ্রিয় দুটি গজল। সবশেষে নাচে মঞ্চে মাতান কলেজের দুই ছাত্রী আরজু ও মৌ। অনুষ্ঠানে কলেজের প্রকাশনা বার্ষিকী দুর্জয়-এর মোড়ক উন্মোচন করেন কলেজের উপাধ্যক্ষ অরূপ দত্ত। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক এম এন আলম ও ফাতেহা আখতার। ম্যাগাজিনটি সম্পাদনা করেন কলেজের চতুর্থ বর্ষের ছাত্র মুহম্মদ নিলয়।মেডিসিন ক্লাবের সভাপতি রিপন চৌধুরী জানান, কক্সবাজারে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকে তাঁরা মেডিসিন ক্লাবের মাধ্যমে নবীনদের বরণ করে আসছেন। লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার জন্যই এই আয়োজন।