ফেব্রুয়ারির ১৭ তারিখ স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের কলাবাগান ক্যাম্পাস যেন ফুলে ফুলে ছেয়ে গেছে। সঙ্গে বাদ্যবাজনা চলছে আর সেই বাজনায় মেতেছেন শিক্ষার্থীরা। উপলক্ষ ‘স্প্রিং সেমিস্টার’-এর শিক্ষার্থীদের নবীনবরণ।‘এই বসন্তে নবীনদের বরণ করে নিতে ফুলে ফুলে সাজিয়েছি আমাদের ক্যাম্পাস।’ বললেন বেশ উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোস্তাক আহমেদ। আর যাঁরা নতুন, তাঁদের উচ্ছ্বাস আরও বাঁধভাঙা। যেমন, বাণিজ্য অনুষদের শিক্ষার্থী হাসানের অনুভূতিতেই তা বোঝা যায়। ‘প্রথম দিনে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পা রেখে অন্য রকম এক ভালোলাগা কাজ করছে। নতুন নতুন বন্ধু আর অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি।’ হাসানের নতুন বন্ধু আসিফও কণ্ঠ মেলালেন তাঁর সঙ্গে। ‘এ এক অবর্ণনীয় অনুভূতি। স্কুল-কলেজের বন্ধুদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নতুন বন্ধু যোগ হলো...’ বলতে বলতেই কৌতূহলী দৃষ্টি হারিয়ে গেল শিক্ষার্থীদের জটলায়।নবীনদের বরণ করে নিতে পুরোনো শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার গণি চৌধুরী, রেজিস্ট্রার এ ওয়াই এম একরাম-উদ-দৌলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক জুনায়েদ হালিম।নবীনদের উদ্দেশে সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘পৃথিবীর অন্যতম সম্ভাবনাময় দেশ বাংলাদেশ। কিন্তু আমরা সেভাবে উন্নয়ন করতে পারিনি। আমাদের আগামী দিনের উন্নয়নে তরুণদের এগিয়ে আসার বিকল্প নেই। তারাই আমাদের আশার প্রদীপ।’