নতুনের আবাহনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮ অক্টোবর ২০১২। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ-জেইউ) জন্য একটি বিশেষ দিন। এই দিন ২১তম আবর্তনের শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার দিন। আর এই মিলনমেলা বসে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে।অনুষ্ঠানটিতে ভিন্নমাত্রা যুক্ত হয়েছে ইনস্টিটিউটের ১৫তম আবর্তনের শিক্ষার্থী শহিদুল হককে প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১০ পাওয়া উপলক্ষে বিশেষ সংবর্ধনা প্রদানের মধ্য দিয়ে।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ সাংস্কৃতিক-সন্ধ্যায় শিক্ষার্থীরা নাচ, গান, কৌতুক ও হাস্যরসাত্মক অভিনয়ের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের মাতিয়ে রেখেছিলেন।বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের একত্রিত উচ্ছ্বাস দেখে মনে হয়েছে, সবাই আইবিএ-জেইউ নামক একটি পরিবারের সদস্য, যেখানে তাঁদের সুখ-দুঃখ, হাসি-কান্না একই সূত্রে গাঁথা। অনুষ্ঠানের আয়োজক ২০তম ব্যাচের প্রতিটি শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠানটি হয়ে উঠেছিল উপভোগ্য।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) ফরহাদ হোসেন, আইবিএ-জেইউয়ের পরিচালক শুদ্ধসত্য রফিক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বিজনেস স্টুডেন্টসের (জ্যাবস) সভাপতি ফাহিম তানভীর আহমেদসহ সম্মানিত অতিথিরা। অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য আনোয়ার হোসেন আইবিএ-জেইউতে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও একই সঙ্গে বহিঃশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতামূলক ইভেন্টে কৃতিত্ব অর্জনের ভূয়সী প্রশংসা করেন।